পরমাণু সমঝোতা এখনো অবিচল রয়েছে, এর কোনো বিকল্প নেই: পুতিন
-
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করেন পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত বহুপাক্ষিক পরমাণু সমঝোতার প্রতি তার দেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আন্তর্জাতিক এ সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়া সত্ত্বেও এটি এখনো একটি টেকসই চুক্তি হিসেবে অবিচল রয়েছে।
গতকাল (সোমবার) তুরস্কের রাজধানী আঙ্কারায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের সঙ্গে বৈঠকে পুতিন এসব মন্তব্য করেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, আঙ্কারায় অনুষ্ঠিত ত্রিদেশীয় শীর্ষ বৈঠকের অবকাশে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পরমাণু সমঝোতা বাঁচানোর প্রচেষ্টার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
তিনি বলেন, "আমরা মনে করি আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়া সত্ত্বেও এখনো এটি একটি টেকসই চুক্তি হিসেবে অবিচল রয়েছে।" এ সমঝোতার প্রতি আমাদের অংশগ্রহণ তারই প্রমাণ বহন করছে বলেও তিনি মন্তব্য করেন। পুতিন জোর দিয়ে বলেন, এ সমঝোতার কোনো গ্রহণযোগ্য বিকল্প নেই।
প্রেসিডেন্ট পুতিন বলেন, পরমাণু সমঝোতার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য মস্কো সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করে যাচ্ছে। এছাড়া আমেরিকাসহ পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর সঙ্গে মস্কো ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে বলেও জানান তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।