আমেরিকায় গুলির ঘটনা বাড়ছে; হোয়াইট হাউসের কাছে নিহত ১, আহত ৫
https://parstoday.ir/bn/news/world-i73820-আমেরিকায়_গুলির_ঘটনা_বাড়ছে_হোয়াইট_হাউসের_কাছে_নিহত_১_আহত_৫
আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে দু'টি গুলির ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউসের কাছে। সেখানে গুলিতে একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০১৯ ১৩:২৩ Asia/Dhaka
  • আমেরিকায় গুলির ঘটনা বাড়ছে; হোয়াইট হাউসের কাছে নিহত ১, আহত ৫

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে দু'টি গুলির ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউসের কাছে। সেখানে গুলিতে একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে হোয়াইট হাউস থেকে দুই কিলোমিটার দূরে কলাম্বিয়া হাইটসে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি কিংবা কী কারণে গোলাগুলি হয়েছে সেটাও পরিষ্কারভাবে জানা সম্ভব হয়নি।

মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট এমেরম্যান বলেছেন, ফোরটিনথ স্ট্রিট ও কলাম্বিয়া রোডের ক্রসিংয়ে একটি অ্যাপার্টমেন্ট ভবনের উঠানের বাইরে গোলাগুলি হয়েছে। ‘গোলাগুলির কারণ খুঁজতে গোয়েন্দারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন এবং আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন।’

এছাড়া ওয়াশিংটনের উত্তর-পূর্ব অংশের রোড আইল্যান্ড এনইতে দ্বিতীয় গুলির ঘটনায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন।

আমেরিকায় গুলিতে হতাহতের ঘটনা ক্রমেই বাড়ছে। বন্দুক হামলার ঘটনা নিয়ে গবেষণাকারী ওয়েবসাইট গান ভায়োলেন্স আর্কাইভ-এর পরিসংখ্যান অনুযায়ী চলতি ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫০টিরও বেশি বড় ধরণের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর বাইরেও আরও অনেক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তবে ওই সব ঘটনায় হতাহত হয়েছে কম।#

পার্সটুডে/এসএ /২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।