ইরানের সঙ্গে ব্যাংকিং সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিল রাশিয়া
-
জামির কাবুলভ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরানের সঙ্গে ব্যাংকিং সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে রাশিয়া।
গতকাল (শুক্রবার) মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, তারা ইরানের কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় উন্নয়ন তহবিল এবং ইতিমাদ তেজারত পার্স কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন সরকার দাবি করছে, ইরানের কেন্দ্রীয় ব্যাংক ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, এ বাহিনীর আল-কুদস শাখা এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে শত শত কোটি ডলার যোগান দিয়েছে।
গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তৃতা রাখার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নতুন নিষেধাজ্ঞা ইরান-বিরোধী আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের বিষয়টি তুলে ধরে।
নতুন নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, মার্কিন এ নিষেধাজ্ঞার কারণে মস্কোর কোনো ক্ষতি হবে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের কর্মকর্তা জামির কাবুলভ বলেন, এই নিষেধাজ্ঞার কারণে ইরান সম্পর্কের রাশিয়ার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসবে না এবং আমরা যেভাবে পরিকল্পনা করেছি সেভাবেই ইরানের ব্যাংকিং খাতের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব।#
পার্সটুডে/এসআইবি/২১