মার্কিন নির্বাচনে স্যান্ডার্সকে সমর্থন দিলেন মুসলিম নারী কংগ্রেস সদস্য
https://parstoday.ir/bn/news/world-i74698-মার্কিন_নির্বাচনে_স্যান্ডার্সকে_সমর্থন_দিলেন_মুসলিম_নারী_কংগ্রেস_সদস্য
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বার্নি স্যান্ডার্সের প্রতি সমর্থন দিয়েছেন মুসলিম নারী কংগ্রেস সদস্য রাশিদা তালিব। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে স্যান্ডার্সের পক্ষে তিনি মিশিগানের ডেট্রয়েটে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৩, ২০১৯ ১৩:৫৬ Asia/Dhaka
  • রাশিদা তালিব ও ইলহান ওমর
    রাশিদা তালিব ও ইলহান ওমর

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বার্নি স্যান্ডার্সের প্রতি সমর্থন দিয়েছেন মুসলিম নারী কংগ্রেস সদস্য রাশিদা তালিব। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে স্যান্ডার্সের পক্ষে তিনি মিশিগানের ডেট্রয়েটে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী স্যান্ডার্স গতকাল (মঙ্গলবার) ডেট্রয়েটের নির্বাচনী সমাবেশ করার ঘোষণা দেন। ডেট্রয়েট হচ্ছে রাশিদা তালিবের জন্মস্থান এবং সেখানকার জনসভায় স্থানীয় রাজনীতিবিদ এবং ডেমোক্র্যাট নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

রাশিদা তালিব হচ্ছেন আমেরিকার চারজন তরুণ কংগ্রেস সদস্যের একজন যারা মার্কিন রাজনীতিতে বিশেষ প্রভাবশালী হয়ে উঠেছেন। এই চার তরুণের মধ্যে ইলহান ওমর একজন। তিনিও স্যান্ডার্সের প্রতি সমর্থন দিয়েছেন। গত সপ্তাহে ইলহান ওমর তার সমর্থনের কথা ঘোষণা করেন এবং এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তিনি একটি পোস্ট দিয়েছেন।

গত প্রেসিডেন্ট নির্বাচনেও স্যান্ডার্স ডেমোক্র্যাট দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। কিন্তু প্রাইমারিতে তিনি হেরে যান।#

পার্সটুডে/এসআইবি/২৩