পদত্যাগ করবেন না ইমরান খান; ‘সংবিধান রক্ষা করবে’ সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/world-i74955-পদত্যাগ_করবেন_না_ইমরান_খান_সংবিধান_রক্ষা_করবে’_সেনাবাহিনী
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কিছু সরকার বিরোধীর বিক্ষোভের কারণে তার নেতৃত্বাধীন সাংবিধানিক বৈধ সরকারের পতন হবে না। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সরকার বিরোধী বিক্ষোভ ও ধর্মঘটের প্রতি ইঙ্গিত করে আরো বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও তার সরকার দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৩, ২০১৯ ০৬:৫১ Asia/Dhaka
  • ইমরান খান- মওলানা ফজলুর রহমান
    ইমরান খান- মওলানা ফজলুর রহমান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কিছু সরকার বিরোধীর বিক্ষোভের কারণে তার নেতৃত্বাধীন সাংবিধানিক বৈধ সরকারের পতন হবে না। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সরকার বিরোধী বিক্ষোভ ও ধর্মঘটের প্রতি ইঙ্গিত করে আরো বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও তার সরকার দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাবে।

ইমরান খান বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে তার সরকার বেশ কিছু বিষয়ে সমঝোতা করেছে। কিন্তু এসব দল যদি সে সমঝোতা মেনে না চলে বা সংবিধান লঙ্ঘন করে কিংবা জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেয়ার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাক প্রধানমন্ত্রী তার দেশকে গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন হিসেবে আখ্যায়িত করে বলেন, বিরোধীরা যত খুশি আন্দোলন করতে পারে কিন্তু আইন অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।

পাক সেনা মুখপাত্র লে. জেনারেল আসিফ গফুর

মওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম ফজল শাখা ইমরান খান সরকারের পদত্যাগের দাবি শুক্রবার থেকে রাজধানী ইসলামাবাদে সরকার বিরোধী অবস্থান ধর্মঘট করে যাচ্ছে। তবে অন্য কোনো রাজনৈতিক দল এই ধর্মঘটে যোগ দেয়নি।

এদিকে আন্দোলনের মুখে পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খান সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। পাক সেনা মুখপাত্র লে. জেনারেল আসিফ গফুর শনিবার রাওয়ালপিন্ডিতে বলেছেন, সেনাবাহিনী পাকিস্তানের সংবিধান সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তারা বিরোধীদের আন্দোলনের মুখে সাংবিধানিকভাবে নির্বাচিত ইমরান খান সরকারকে সমর্থন দিয়ে যাবে। জেনারেল গফুর বলেন, সেনাবাহিনী তার নিরপেক্ষতা বজায় রাখবে এবং সংবিধান মেনে চলবে। #

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।