মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সন্ত্রাসী ও অপরাধী রাষ্ট্র: ইরানের প্রেসিডেন্ট
-
ড. হাসান রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সন্ত্রাসী ও অপরাধী রাষ্ট্র। তিনি আজ (মঙ্গলবার) তেহরানে বিশ্ব প্রতিবন্ধী দিবসের এক অনুষ্ঠানে এ কথা বলেন।
রুহানি বলেন, আমেরিকা নিজেই বলছে তারা সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানি জাতিকে নতিস্বীকারে বাধ্য করতে চেয়েছিল। কিন্তু কঠিন অর্থনৈতিক চাপ এবং অন্যায় নিষেধাজ্ঞার পরও ইরানি জাতি তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করে চলেছে। ইরানিরা প্রতিরোধের মাধ্যমে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছে এবং বিজয় অর্জন করেছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানি জাতির প্রতিরোধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে তারা নিজেরাই আলোচনায় বসার জন্য চেষ্টা করছে এবং ব্যক্তিগত বার্তা পাঠাচ্ছে।
তিনি মার্কিন কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত করে বলেন, তারা আলোচনায় বসার জন্য যেসব ব্যক্তিগত আবেদন ও বার্তা পাঠাচ্ছে সেগুলো তাদের সাধারণ বক্তব্য ও স্লোগানের বিপরীত। মধ্যস্থতাকারী ইউরোপীয়রাও তা জানে।

জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর ৩ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রতিবন্ধী দিবস পালিত হয়। এ উপলক্ষে ইরানেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে একদল প্রতিবন্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট রুহানি। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।