অবশেষে অপারগতা প্রকাশ করলেন ইমরান খান; সৌদি চাপেই কি এ সিদ্ধান্ত?
https://parstoday.ir/bn/news/world-i76016-অবশেষে_অপারগতা_প্রকাশ_করলেন_ইমরান_খান_সৌদি_চাপেই_কি_এ_সিদ্ধান্ত
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শেষ পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠেয় 'কুয়ালালামপুর সামিটে' অংশ নিচ্ছেন না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আজ (মঙ্গলবার) এ তথ্য জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৯ ১৪:৪৩ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শেষ পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠেয় 'কুয়ালালামপুর সামিটে' অংশ নিচ্ছেন না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আজ (মঙ্গলবার) এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পাক প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদকে ফোন করে কুয়ালালামপুর সামিটে অংশ নেয়ার ক্ষেত্রে তার অপারগতার কথা জানিয়ে দিয়েছেন। ইমরান খান এ জন্য দুঃখ প্রকাশও করেছেন। 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ নিজের অপারগতার বিষয়টি জানানোর জন্য ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন। তবে মালয়েশিয়া আশা করেছিল কুয়ালালামপুর সম্মেলনে অংশ নিয়ে ইমরান খান মুসলিম বিশ্ব সম্পর্কে নিজের মতামত তুলে ধরবেন। 

একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবের চাপের মুখে কুয়ালালামপুর সম্মেলনে অংশ নিতে পারলেন না ইমরান খান। ওই সম্মেলনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃত্ব আমন্ত্রিত না হওয়ায় এই দু'টি দেশ ক্ষুব্ধ হয়েছে। সূত্রটি আরও বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এই সম্মেলনে অংশ নিতে রাজি হওয়ায় সৌদি আরব অসন্তোষ প্রকাশের পর ইমরান খান রিয়াদ সফরে যান। সৌদি থেকে ফিরেই তিনি কুয়ালালামপুর সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত জানান। 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের আহ্বানে কুয়ালালামপুর সামিট নামের যে আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে তাতে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি অংশ নিচ্ছেন। এছাড়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জুকো উইদোদো অংশ নিতে পারেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। 

সৌদি সরকার প্রথম থেকেই কুয়ালালামপুর সামিট-কে ভালোভাবে দেখছে না বলে জানা গেছে। সৌদি আরব মনে করছে, এই সামিট মুসলিম বিশ্বে রিয়াদের প্রভাব আরও হ্রাস করবে। সৌদি আরব প্রচার চালিয়েছে, মালয়েশিয়া ওআইসি'র বিকল্প শক্তি গড়ে তুলতে চাইছে। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ এ ধরণের খবরের সত্যতা অস্বীকার করেছেন।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।