কুয়ালালামপুর সামিট: যুব সমাবেশ সমাপ্ত, পৌঁছেছেন ৩ প্রধান অতিথি
মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের লক্ষ্যে আয়োজিত কুয়ালালামপুর সামিটে অংশ নিতে আজ (বুধবার) রাতে কুয়ালালামপুরে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি। আগের রাতে কুয়ালালামপুরে পৌঁছান ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
আজ থেকে আনুষ্ঠানিকভাবে সামিট শুরু হলেও শীর্ষ নেতাদের সম্মেলন শুরু হবে আগামীকাল। সামিটের অংশ হিসেবে আজ মুসলিম বিশ্বের যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে ইসলামভীতি মোকাবেলাসহ মুসলিম বিশ্বের নানা সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে।
সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অংশ নেওয়ার কথা থাকলেও তিনি তাতে অপারগতা প্রকাশ করেছেন। সৌদি আরব থেকে ফিরে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। মালয়েশিয়া, ইরান, কাতার ও তুরস্কের সরকার ও রাষ্ট্রপ্রধান ছাড়াও ৫০টির বেশি মুসলিম দেশের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
সৌদি সরকার প্রথম থেকেই কুয়ালালামপুর সামিট-কে ভালোভাবে দেখছে না বলে জানা গেছে। সৌদি আরব মনে করছে, এই সামিট মুসলিম বিশ্বে রিয়াদের প্রভাব আরও হ্রাস করবে। সৌদি আরব প্রচার চালিয়েছে, মালয়েশিয়া ওআইসি'র বিকল্প শক্তি গড়ে তুলতে চাইছে। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ এ ধরণের খবরের সত্যতা অস্বীকার করেছেন।
এ সম্মেলন আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।