উ. কোরিয়ার সঙ্গে সংলাপের উপর জোর দিল চীন, জাপান, দক্ষিণ কোরিয়া
-
যৌথ সংবাদ সম্মেলনে জাপান ও চীনের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
উত্তর উত্তর কোরিয়া এবং আমেরিকাকে সংলাপের টেবিলে ফিরিয়ে আনার ব্যাপারে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্মত হয়েছে চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপান।
পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা যাতে আরো বেড়ে না যায় সে প্রচেষ্টার অংশ হিসেবে এই তিন দেশ উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে সংলাপ অনুষ্ঠানের ওপর জোর দিচ্ছে।
চীনের দক্ষিণাঞ্চলীয় চেংদু শহরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের মধ্যে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তারা আমেরিকা ও উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে বসানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনা কমানোর ব্যাপারে এই তিন নেতা কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আজকের (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ করতে এবং সেখানকার শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখতে তারা কাজ করার ব্যাপারে একমত হয়েছেন। কোরীয় উপদ্বীপের শান্তিকে তিন দেশের অভিন্ন স্বার্থ বলে মন্তব্য করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।
এর আগে, গতকাল প্রেসিডেন্ট মুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং ওই বৈঠকে দুই নেতা উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে সংলাপ হওয়া জরুরি বলে মন্তব্য করেন।#
পার্সটুডে/এসআইবি/২৪