করোনাভাইরাসে আক্রান্ত নন ট্রাম্প: হোয়াইট হাউসের ঘোষণা
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনাভাইরাস নেই। তার শারীরিক পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে নি। হোয়াইট হাউসের চিকিৎসক এই তথ্য জানিয়েছেন।
সপ্তাহখানেক আগে ফ্লোরিডার নিজের রিসোর্টে ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্রাজিলের ওই প্রতিনিধিদলে থাকা কয়েকজন পরবর্তী সময় করোনাভাইরাসে আক্রান্ত হন বলে জানা যায়। এরপর ট্রাম্পকে নিয়ে আশঙ্কা তৈরি হয়। একপর্যায়ে তিনি করোনাভাইরাসের পরীক্ষা করাতে রাজি হন।
গতকাল (শনিবার) হোয়াইট হাউসের চিকিৎসক এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্টের করোনাভাইরাস পরীক্ষায় নেতিবাচক ফল এসেছে। প্রেসিডেন্টের মধ্যে করোনার কোনো লক্ষণ নেই। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হন নি।”
গতকাল এক সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেও সাংবাদিকদের বলেন, তিনি করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছেন এবং পরীক্ষায় করোনা ধরা পড়ে নি।
আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৬ জন। নতুন করে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে দু জন করে মোট চারজন মারা গেছেন। নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে ভ্রাম্যমাণ ভাইরাস শনাক্ত দল মোতায়েন করা হয়েছে।
এরইমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের ঘরে থেকে কাজ করার নির্দেশ দিচ্ছে। বেশ কিছু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/১৫