করোনার সংক্রমণ সক্ষমতা বাড়ছে, তবে ক্ষতির ক্ষমতা কমছে!
আইসল্যান্ডে করোনা ভাইরাসের ৪০ দফা মিউটেশন বা পরিব্যক্তি ঘটেছে বলে এক গবেষণায় দেখা গেছে। আইসল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং বেসরকারি জেনেটিকস কোম্পানি ডিকোড জেনেটিকস ৯,৭৬৮ আইল্যান্ডবাসীর ওপর পরীক্ষা করে এটি জানতে পেরেছে। এ পরীক্ষায় ধরা পড়েছে যে, কেবলমাত্র এই দ্বীপদেশটিতেই করোনাভাইরাসের ৪০ দফা মিউটেশন বা পরিব্যপ্তি ঘটেছে।
আর এ পরীক্ষার ভিত্তিতে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ভাইরাস বিশেষজ্ঞ অ্যালান রানড্রুপ থমসেন মনে করেন, করোনাভাইরাসের সংক্রমণ সক্ষমতা আরও বাড়তে থাকবে। তবে পাশাপাশি এ ভাইরাসে ক্ষতির পরিমাণও কমবে। অর্থাৎ এটি শেষ পর্যন্ত সাধারণ ফ্লুর মতো হবে। ব্যাপক ভাবে এতে মানুষ আক্রান্ত হলেও সে রকম ক্ষতি হবে না। পাশাপাশি তিনি আরও বলেন, মিউটেশনের মধ্য দিয়ে যে নতুন ধরণের যে সব করোনার সৃষ্টি হয়েছে তার সবগুলোই শেষ পর্যন্ত টিকে থাকবে সে কথাও নিশ্চিত করে বলা সম্ভব নয়।
আইসল্যান্ডে এ পর্যন্ত ৫৮৮ জন কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে ১৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন মারা গেছেন। তিন লাখ ৩০ হাজার মানুষের দ্বীপদেশ আইসল্যান্ড এরই মধ্যে করোনা নিয়ন্ত্রণে জন সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ কঠোর পদক্ষেপ নিয়েছে।
পার্সটুডে/মূসা রেজা/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।