ইরাকি ক্ষেপণাস্ত্রে মার্কিন ৩৭ সেনা নিহতের বার্ষিকী পালন করল আমেরিকা
-
নিহত সেনাদের স্মরণ করেন মার্কিন কর্মকর্তারা
পারস্য উপসাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্টার্কে ক্ষেপণাস্ত্র হামলা এবং ৩৭ সেনা নিহতের বার্ষিকী পালন করল আমেরিকা। এ উপলক্ষে ফ্লোরিডার মেইপোর্ট নেভাল স্টেশনে সংক্ষিপ্ত পরিসরে গতকাল রোববার একটি স্মরণসভা করা হয়। অনুষ্ঠানে মৃত প্রতিটি সেনার জন্য একটি করে ঘণ্টাধ্বনি বাজানো হয়।
১৯৮৭ সালের ১৭ মে ইরাকি বাহিনী ভুল করে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্টার্কে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় ৩৭ জন সেনা নিহতের পাশাপাশি ২১ মার্কিন সেনা আহত হয়। ইরাক-ইরান এর ভ্রাতৃঘাতী যুদ্ধের সময় ওই হামলা হয়। সেসময় মার্কিন সরকার ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম সরকারকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে সমর্থন দিচ্ছিল।
হামলার সময় মার্কিন যুদ্ধজাহাজটি পারস্য উপসাগরের সৌদি উপকূলে টহল দিচ্ছিল। এ ঘটনায় সাদ্দাম নিজের ভুলের জন্য মার্কিন সরকারের কাছে ক্ষমা চান। পরে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান হাস্যকরভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দায়ী করেন।#
পার্সটুডে/এসআইবি/১৮