নির্বাচনের পর ফাউসিকে বরখাস্ত করতে পারেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i84341-নির্বাচনের_পর_ফাউসিকে_বরখাস্ত_করতে_পারেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, নির্বাচনের পর তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থোনি ফাউসিকে বরখাস্ত করার চেষ্টা করবেন। করোনাভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা নিয়ে আবারো সমালোচনা করার পর ট্রাম্প ফাউসির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০২০ ১৪:১৭ Asia/Dhaka
  • ট্রাম্প ও ফাউসি
    ট্রাম্প ও ফাউসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, নির্বাচনের পর তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থোনি ফাউসিকে বরখাস্ত করার চেষ্টা করবেন। করোনাভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা নিয়ে আবারো সমালোচনা করার পর ট্রাম্প ফাউসির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন।

ড. ফাউসিকে করোনাভাইরাস মোকাবেলায় গঠিত মার্কিন টাস্কফোর্সের অত্যন্ত সম্মানিত সদস্য হিসেবে বিবেচনা করা হয়। তিনি গতকাল (রোববার) ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার স্বাস্থ্য অনুশীলনে ব্যাপক পরিবর্তন না আনলে দেশে পূর্ণাঙ্গ অচলাবস্থা তৈরি হতে পারে। তিনি সরাসরি বলেন, দেশের অবস্থা মোটেই ভালো নয় এবং আসন্ন শীতকালের আগেই যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া হয় তাহলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে।

করোনায় বিপর্যস্ত আমেরিকা

ফাউসির এ সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর আজ মিয়ামিতে এক জনসভায় ডোনাল্ড ট্রাম্প ডক্টর ফাউসির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। এ সময় রিপাবলিকানদের সমাবেশ থেকে ফাউসিকে বরখাস্ত করার দাবি জানিয়ে স্লোগান দেয়া হয়।

প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীতে এ পর্যন্ত আমেরিকায় দুই লাখ ৩০ হাজার  মানুষ মারা গেছে। এছাড়া, গত কয়েকদিন ধরে দেশটিতে রেকর্ড পরিমাণ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের বিষয়ে অবজ্ঞাসূচক বক্তব্য দিয়ে চলেছেন। এর বিরুদ্ধে আগাগোড়া সমালোচনা করে আসছেন ডক্টর ফাউসি।#

পার্সটুডে/এসআইবি/২