‘বাইডেনের জন্য পরমাণু সমঝোতায় ফেরার পথ কঠিন করে তুলেছেন ট্রাম্প’
https://parstoday.ir/bn/news/world-i84789-বাইডেনের_জন্য_পরমাণু_সমঝোতায়_ফেরার_পথ_কঠিন_করে_তুলেছেন_ট্রাম্প’
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের জন্য পরমাণু সমঝোতায় ফেরার পথ কঠিন করে তুলেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আমেরিকার একজন রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২১, ২০২০ ১২:১৪ Asia/Dhaka
  • ফ্রাঙ্ক এন. ভন হাইপেল
    ফ্রাঙ্ক এন. ভন হাইপেল

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের জন্য পরমাণু সমঝোতায় ফেরার পথ কঠিন করে তুলেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আমেরিকার একজন রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন।

আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক এবং সিনিয়র গবেষক ফ্রাঙ্ক এন. ভন হাইপেল গতকাল (শুক্রবার) ইরানের প্রেসিডেন্টকে এ সাক্ষাৎকার দেন।

গত ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন বিজয়ী হয়েছেন। এরপর নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ট্রাম্প ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির জন্য ব্যাপকভাবে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আসছেন। সর্বসাম্প্রতিক নিষেধাজ্ঞা তারই অংশ।

শুরু থেকেই ইরান-বিরোধী কঠোর অস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

এসব নিষেধাজ্ঞা প্রসঙ্গে অধ্যাপক হাইপেল বলেন, ইরানের পরমাণু সমঝোতায় যাতে জো বাইডেন আবার যোগ না দিতে পারে সেজন্য তার পথ কঠিন করে তুলতেই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জো বাইডেন এই সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে গেলেই রিপাবলিকানরা তার বিরুদ্ধে ইরানের প্রতি পক্ষপাতমূলক অন্ধ সমর্থনের অভিযোগ আনবেন। অধ্যাপক হাইপেল বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাইডেন কতবার কংগ্রেসে ভোটাভুটি করবেন?

ইরানের গরীব-দুঃখীদের জন্য রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে আলাদা একটি ফাউন্ডেশন রয়েছে যা সরাসরি সর্বোচ্চ নেতার দপ্তর থেকে পরিচালিত হয়। ট্রাম্প প্রশাসন সর্বশেষ এই তহবিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া, ফাউন্ডেশনের প্রধান এবং আরো বেশ কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের গরিব-দুঃখী লোকজন রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন।#

পার্সটুডে/এসআইবি/২১