ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থক দাঙ্গাবাজদের তাণ্ডব: নিহত ৪ কার্ফিউ জারি
https://parstoday.ir/bn/news/world-i85862-ক্যাপিটল_ভবনে_ট্রাম্প_সমর্থক_দাঙ্গাবাজদের_তাণ্ডব_নিহত_৪_কার্ফিউ_জারি
আমেরিকার ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনে জো বাইডেনের জয় স্বীকৃতির প্রক্রিয়ার সময় তাণ্ডব চালিয়েছে ট্রাম্প সমর্থক দাঙ্গাবাজরা। এসময় গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৭, ২০২১ ০৩:০২ Asia/Dhaka
  • আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে এ দৃশ্য নজিরবিহীন
    আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে এ দৃশ্য নজিরবিহীন

আমেরিকার ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনে জো বাইডেনের জয় স্বীকৃতির প্রক্রিয়ার সময় তাণ্ডব চালিয়েছে ট্রাম্প সমর্থক দাঙ্গাবাজরা। এসময় গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে।

গতকাল (বুধবার) যখন ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে (কংগ্রেস) ইলেকটোরাল কলেজের দেয়া ভোটগুলো গণনা হচ্ছিল এবং তা চূড়ান্তভাবে প্রত্যয়ন করা হচ্ছিল, ঠিক তখনই ট্রাম্প সমর্থক দাঙ্গাকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ক্যাপিটলের ভেতরে প্রবেশ করে। এসময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নিহত হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

সংঘর্ষের কারণে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারির নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউজ এবং পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনে এবং এর আশপাশের রাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। দুই হাজার ৭০০ এর বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। 

এর আগে কংগ্রেস অধিবেশনের বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হয় কয়েক হাজার ট্রাম্প সমর্থক, যাদের মধ্যে উগ্রপন্থী বিভিন্ন গ্রুপের সদস্যরাও ছিল। সেই সমাবেশে দেয়া বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেয়ার ঘোষণা দেন ট্রাম্প।

এই সমাবেশের একটু দূরে গিয়ে কয়েকশ ট্রাম্প সমর্থক ক্যাপিটল ভবনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে  লিপ্ত হয়। এক পর্যায়ে কংগ্রেসের অধিবেশন চলার মধ্যেই পুলিশের বাধা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে পড়ে দাঙ্গাকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে  টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ।

কংগ্রেসের অধিবেশন চলাকালে হঠাৎ করেই ট্রাম্প সমর্থক দাঙ্গাকারীরা সেখানে তাণ্ডব শুরু করে। ভাঙচুরের পাশাপাশি সেখানে গোলাগুলিও হয়েছে। অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া, আইন-শৃঙ্খলা বাহিনীর বহু সদস্যও আহত হয়েছে।

সংঘর্ষের মধ্যে প্রতিনিধি পরিষদের সদস্যদের পাহারা দিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে পুলিশ। এই পরিস্থিতিতে সিনেট অধিবেশনও মুলতবি করা হয়। যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও পাহারা দিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে পুলিশ।

ঘটনার সময় পুলিশ অধিবেশন কক্ষে উপস্থিত আইনপ্রণেতাদের তাদের আসনের নিচ থেকে গ্যাস মাস্ক বের করে পরার পরামর্শ দেয়। দাঙ্গাকারীদের মধ্য থেকে অধিবেশন কক্ষে প্রবেশের চেষ্টা করা হলে সামনের দিকে অবস্থানরত পুলিশ কর্মকর্তারা তাদের দিকে বন্দুক তাক করে।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।