আমেরিকার গোয়েন্দা তথ্য নিয়ে সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরাইল: মার্কিন গোয়েন্দা কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/world-i86007-আমেরিকার_গোয়েন্দা_তথ্য_নিয়ে_সিরিয়ায়_হামলা_চালিয়েছে_ইসরাইল_মার্কিন_গোয়েন্দা_কর্মকর্তা
আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে মঙ্গলবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওর এবং আল-বুকালাম শহরে ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৩, ২০২১ ১৯:৫২ Asia/Dhaka
  • সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা
    সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা

আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে মঙ্গলবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওর এবং আল-বুকালাম শহরে ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরাক সীমান্তের কাছে ওই দুটি শহর অবস্থিত। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, গতরাত ঠিক ১টা ১০ মিনিটের সময় ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

হামলা সম্পর্কে মার্কিন ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপি-কে বলেন, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হামলার আগে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। গত সোমবার ওয়াশিংটনে একটি রেস্টুরেন্টে তারা দুইজন বৈঠক করেন।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তা দাবি করেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি লক্ষ্যবস্তুর ওপর হামলা চালানো হয়েছে। তিনি আরো দাবি করেন, ইসরাইল ধারাবাহিকভাবে কয়েকটি গুদামে হামলা চালিয়েছে যেগুলোতে ইরানি অস্ত্রশস্ত্র রাখা ছিল। ইহুদিবাদী ইসরাইলও দাবি করেছে, সিরিয়ায় ইরানি কয়েকটি লক্ষ্যবস্তুর ওপর হামলা চালানো হয়েছে। তবে ইরান এসব বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। তেহরান বলছে, সিরিয়ায় ইরান যে সামরিক উপদেষ্টামূলক কাজ চালাচ্ছে তা বন্ধ করার লক্ষ্য নিয়েই ইরানের লক্ষ্যবস্তুতে হামলার দাবি করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৩