‘মার্কিন সেনা হত্যায় হাত নেই’- ওয়াশিংটনের দাবি উড়িয়ে বলল মস্কো
-
পুতিনের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জামির কাবলভ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জামির কাবলভ আফগানিস্তানে মার্কিন সেনা হত্যায় রাশিয়ার হাত থাকার দাবি অস্বীকার করেছেন। আমেরিকার পক্ষ থেকে এই দাবির পুনরাবৃত্তি করার পর কাবলভ বলেছেন, মার্কিন কর্মকর্তারা নিজেরাই স্বীকার করেছেন যে, তাদের হাতে এই দাবির পক্ষে কোনো দলিল নেই।
রাশিয়া মার্কিন সেনাদের হত্যা করতে আফগানিস্তানের তালেবানকে উসকে দিচ্ছে বলে আমেরিকা যে অভিযোগ করেছে তার জবাবে পুতিনের বিশেষ প্রতিনিধি বলেন, আমেরিকা এর আগেও একই ধরনের অভিযোগ করলেও এর স্বপক্ষে কোনো প্রমাণ তুলে ধরতে পারেনি।
গত শুক্রবার হোয়াইট হাউজের একজন পদস্থ কর্মকর্তা দাবি করেন, আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো এ ব্যাপারে ‘মোটামুটি নিশ্চিত’ যে, রাশিয়া ২০১৯ সালে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের হত্যা করতে তালেবানকে উৎসাহ যুগিয়েছে।
এছাড়া, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, তালেবানকে উসকানি দেয়ার অভিযোগের ব্যাপারে সন্তোষজনক ব্যাখ্যা দেয়ার জন্য ওয়াশিংটন মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে।
আমেরিকা ও তার মিত্র দেশগুলো সন্ত্রাসবাদ নির্মূল ও নিরাপত্তা প্রতিষ্ঠার দাবিতে ২০০১ সালে আফগানিস্তান দখল করে নেয়। তখন থেকে এখন পর্যন্ত আফগানিস্তানে সন্ত্রাসবাদ, নিরাপত্তাহীনতা ও মাদক চোরাচালানের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। #
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।