‘আত্মসমর্পনকারী ২২ আফগান কমান্ডোকে হত্যা করেছে তালেবান’
https://parstoday.ir/bn/news/world-i94558-আত্মসমর্পনকারী_২২_আফগান_কমান্ডোকে_হত্যা_করেছে_তালেবান’
আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের দৌলতাবাদ শহরে আফগান বিশেষ বাহিনীর অন্তত ২২ কমান্ডোকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে তালেবান। সিএনএনের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়ে বলেছে, আন্তর্জাতিক রেডক্রস এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। গত ১৬ জুন এ ঘটনা ঘটলেও মোবাইল ফোনে ধারন করা এ হত্যাকাণ্ডের ভিডিও মঙ্গলবার প্রকাশ করেছে সিএনএন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ১৪, ২০২১ ১৪:৫৫ Asia/Dhaka
  • সিএনএনে প্রচারিত ভিডিও থেকে নেয়া স্থির চিত্র। এটি আত্মসমর্পনকারী কমান্ডোদের ওপর গুলি চালানোর আগ মুহূর্তের দৃশ্য
    সিএনএনে প্রচারিত ভিডিও থেকে নেয়া স্থির চিত্র। এটি আত্মসমর্পনকারী কমান্ডোদের ওপর গুলি চালানোর আগ মুহূর্তের দৃশ্য

আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের দৌলতাবাদ শহরে আফগান বিশেষ বাহিনীর অন্তত ২২ কমান্ডোকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে তালেবান। সিএনএনের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়ে বলেছে, আন্তর্জাতিক রেডক্রস এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। গত ১৬ জুন এ ঘটনা ঘটলেও মোবাইল ফোনে ধারন করা এ হত্যাকাণ্ডের ভিডিও মঙ্গলবার প্রকাশ করেছে সিএনএন।

ভিডিও চিত্রে আফগান কমান্ডোদেরকে হাত উঁচিয়ে একটি ভবন থেকে বের করে খোলা আকাশের নীচে আনতে দেখা যায়। এরপর ‘আল্লাহু আকবার’ ধ্বনি ভেসে আসে ও প্রচণ্ড গুলিবর্ষণের শব্দ শোনা যায় এবং এরপর কমান্ডোদের লাশ পড়ে থাকতে দেখা যায়।

আফগান কমান্ডোরা তালেবানের হাতে দৌলতাবাদ শহরটির পতন রোধ করার জন্য যখন চেষ্টা চালাচ্ছিলেন তখন তাদের গোলাবারুদ শেষ হয়ে যায় বলে খবরে উল্লেখ করা হয়েছে।

২২ হতভাগ্যের অন্যতম সোহরাব আজিমি আমেরিকায় সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন

তালেবানের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, ভিডিওটি ভুয়া এবং তালেবানের কাছে কেউ যাতে আত্মসমর্পন না করে সেজন্য আফগান সরকারের প্রচারণার অংশ হিসেবে এটি তৈরি করা হয়েছে। তালেবানের একজন মুখপাত্র বলেছেন, ফারিয়াবে তাদের কাছে আত্মসমর্পনকারী ২৪ জন আফগান কমান্ডো এখন তাদের কাছে বন্দি রয়েছে। তবে তিনি এ সম্পর্কে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

আফগহান প্রতিরক্ষা মন্ত্রণালয় তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, আফগান কমান্ডোদের হত্যা করেছে তালেবান। লন্ডন-ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হত্যাকাণ্ডকে ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছে।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।