ভিয়েনা সংলাপে ফেরার জন্য
আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
বৈরুতে লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফেরার জন্য আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়। তিনি আরো বলেছেন, আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের যদি পরমাণু সমঝোতায় ফিরে আসার সদিচ্ছা থাকে তাহলে তাদেরকে এই সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে।
লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বু হাবিবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকা ও ইউরোপ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে ইরানও পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে যেতে প্রস্তুত রয়েছে।
আব্দুল্লাহিয়ান বলেন, আমেরিকার মৌখিক বার্তা যেমন যথেষ্ট নয় তেমনি ইউরোপীয় দেশগুলোর গালভরা মিষ্টি কথায়ও আর আস্থা রাখবে না তেহরান। ইউরোপীয় দেশগুলোকে কাজে প্রমাণ করতে হবে যে, তারা পরমাণু সমঝোতার বাস্তবায়ন চায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের স্বার্থ রক্ষিত হলেই কেবল তেহরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফিরে যাবে। নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ পশ্চিমা দেশগুলো তাদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে কিনা তা দেখার পর ইরান এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
আব্দুল্লাহিয়ান বলেন, ইরান একমাত্র দেশ যে শেষ মুহূর্ত পর্যন্ত পরমাণু সমঝোতায় টিকে ছিল। অন্য পক্ষগুলো আবার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে ইরানও আগের মতো আচরণ করবে বলে তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/এমএমআই/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।