ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
দুই হাজার টাকার জেরে খুন, ২২ বছর পর আসামি গ্রেফতার
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৫ ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- অমিক্রন অবিশ্বাস্য হারে ছড়িয়ে পড়ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা-দৈনিক কালেরকণ্ঠ
-
বিদায়ী সংবর্ধনায় প্রধান বিচারপতি: বিচারপতি নিয়োগে আইন প্রণয়ন অপরিহার্য’-প্রথম আলো
-
খালেদা জিয়ার অবস্থার অবনতি’- যুগান্তর
- হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন, আটকা পড়েছেন তিন শতাধিক মানুষ- দৈনিক মানবজমিন
- দুই হাজার টাকার জেরে খুন, ২২ বছর পর আসামি গ্রেফতার-দৈনিক ইত্তেফাক
-
৩২ জেলায় সমাবেশ করবে বিএনপি-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- শুধু সেপ্টেম্বরেই ২১ লক্ষ, আমেরিকায় কোভিডে আক্রান্ত ৭২ লক্ষ শিশু, দাবি রিপোর্টে -আনন্দবাজার পত্রিকা
- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে বরখাস্ত করতেই হবে’, দাবি রাহুলের, সংসদে ফের হট্টগোল- প্রতিদিন
- ভারতে চলতি টিকাগুলির কার্যকারিতা কমতে পারে, আশঙ্কা কোভিড টাস্ক ফোর্স সদস্যের কথায় –আজকাল
বিদায়ী সংবর্ধনায় প্রধান বিচারপতি: বিচারপতি নিয়োগে আইন প্রণয়ন অপরিহার্য’-প্রথম আলো
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগসংক্রান্ত আইন প্রণয়ন করা বাস্তবতার নিরিখে অপরিহার্য। এতে বিচারপতি নিয়োগের কাজ আরও স্বচ্ছ ও দ্রুততর হবে। জনগণের মধ্যে বিচারপতি নিয়োগের স্বচ্ছতা সম্পর্কে ভিত্তিহীন ধারণা দূরীভূত হবে।আজ বুধবার এক বিদায়ী সংবর্ধনায় এসব কথা বলেন প্রধান বিচারপতি। ৩০ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মহান বিজয় দিবস, সাপ্তাহিক ছুটিসহ কাল বৃহস্পতিবার থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হচ্ছে। এ হিসাবে আজ তাঁর বিচারিক জীবনের শেষ কার্যদিবস।প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিয়ে থাকে। প্রধান বিচারপতির ১ নম্বর এজলাসকক্ষে আজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
অমিক্রন অবিশ্বাস্য হারে ছড়িয়ে পড়ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা-দৈনিক কালেরকণ্ঠ
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন অবিশ্বাস্য হারে ছড়িয়ে পড়ছে। বিশ্বের ৭৭টি দেশে এ পর্যন্ত নতুন এই ভ্যারিয়েন্টের রোগী শনাক্ত হয়েছে। সারা বিশ্বকে সতর্ক করে দিয়ে এমনটিই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রিয়াসুস বলেছেন, হয়তো আরো অনেক দেশেই ছড়িয়েছে এই ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্ট মোকাবেলায় প্রয়োজনীয় সব কিছু করা হচ্ছে না, যা নিয়ে উদ্বিগ্ন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আমরা এখন নিশ্চিতভাবে বুঝতে পারছি যে এই ভাইরাসকে শুরুতে একেবারেই গুরুত্ব দিইনি আমরা। এখন অমিক্রন যদি অপেক্ষাকৃত কম গুরুতর রোগও হয়ে থাকে, আক্রান্তের হারে যে ঊর্ধ্বগতি তার জন্য স্বাস্থ্যব্যবস্থা প্রস্তুত নয়, ফলে আবারও পুরো পৃথিবীর স্বাস্থ্যব্যবস্থা একটি বেকায়দায় পড়ার ঝুঁকি রয়েছে।
খালেদা জিয়ার অবস্থার অবনতি’- যুগান্তর
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে জানিয়ে তিনি বলেন, ম্যাডামের শরীর আবারও একটু খারাপ হয়েছে। তার বিভিন্ন প্যারামিটারগুলো নিচের দিকে। হিমোগ্লোবিন কমের দিকে।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
দুই হাজার টাকার জেরে খুন, ২২ বছর পর আসামি গ্রেফতার-দৈনিক ইত্তেফাক
ধারকৃত দুই হাজার টাকার জেরে চুনারুঘাটে শিশু সন্তানের সামনে বিধবা মা নূরচান বেগমকে ধারালো ছুরি দিয়ে হত্যা করেছিলেন আদম খান উরুফে রফিক। ঘটনার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদম খান ২২ বছর পলাতাক ছিলেন। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। এর আগে, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র্যাব-৯ এর অভিযানে আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন, আটকা পড়েছেন তিন শতাধিক মানুষ- দৈনিক মানবজমিন
হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অগ্নিকান্ডে আটকা পড়েছেন তিন শতাধিক মানুষ। এর মধ্যে প্রবীণরাও আছেন। তারা ওই ভবনের একটি ছাদের নিচে আটকে আছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, আজ বুধবার সকালে এই অগ্নিকান্ড শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে চারজন। হংকং ফ্রি প্রেস বলছে, এখনও আগুন জ্বলছে। এলার্ম লেভেল জারি করা হয়েছে। জরুরি উদ্ধারে ব্যবহার করা মই দিয়ে অগ্নিনির্বাপণকারীরা লোকজনকে উদ্ধারে চেষ্টা করছেন।কজওয়ে বে’তে অবস্থিত ৩৮তলা বিশিষ্ট এই ভবন থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দেড়শ মানুষকে। বলা হয়েছে, ভবনটির প্রথম তলায় মেরামতের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত।
৩২ জেলায় সমাবেশ করবে বিএনপি-দৈনিক নয়াদিগন্ত
খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ২২ ডিসেম্বর থেকে সারাদেশের ৩২টি জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী ২২ তারিখ থেকে এই কর্মসূচি শুরু হবে, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।’
তিনি বলেন, ‘এই সমাবেশ উপলক্ষে আমরা জাতীয় পর্যায়ে কয়েকটি টিম গঠন করেছি। যার তালিকা আমরা গণমাধ্যমকে পরে জানিয়ে দেবো।’ বিএনপি মহাসচিব জানান, প্রথম দিন ঢাকা বিভাগের টাঙ্গাইল, খুলনা বিভাগের যশোর, রংপুর বিভাগের দিনাজপুর, রাজশাহী বিভাগের বগুড়া, সিলেট বিভাগের হবিগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়ীয়ায় সমাবেশ হবে। এসব সমাবেশে স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সমন্বয় করবেন।
ভারতে চলতি টিকাগুলির কার্যকারিতা কমতে পারে, আশঙ্কা কোভিড টাস্ক ফোর্স সদস্যের কথায় –আজকাল
নতুন করে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন।
দেশের একাধিক রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। তবে দেশে ওমিক্রন আতঙ্কের পাশাপাশি টিকাকরণও চলছে। তবে ওমিক্রনের বিরুদ্ধে চলতি টিকাগুলি কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা নিয়ে মঙ্গলবার এক বণিকসভার অনুষ্ঠানে সংশয় প্রকাশ করেছেন নীতি আয়োগের সদস্য ভি কে পল। তিনি ভারতের কোভিড টাস্ক ফোর্সের অন্যতম সদস্য। টিকা নিয়ে তাঁর বক্তব্য, ‘চলতি পরিস্থিতিতে টিকাগুলির কার্যকারিতা কমতে পারে। ওমিক্রনের সঙ্গে তিন সপ্তাহ কাটানোর পর আমরা দেখলাম বেশ কিছু ধন্দ তৈরি হয়েছে। কিছু টিকা হয়তো নতুন এই রূপের বিরুদ্ধে কাজ করতে পারে। কিন্তু ছবিটা এখনও পরিষ্কার নয়।’ তবে টিকাকরণ নিয়ে বিকল্প উপায়ের কথাও বলেছেন পল। করোনার রূপের সঙ্গে পাল্লা দিয়ে টিকার পরিবর্তনের পক্ষেও সওয়াল করেছেন তিনি। তাঁর কথায়, ‘করোনার এক নতুন রূপের হদিশ পাওয়া গিয়েছে সম্প্রতি। পরিস্থিতির উপর নজর রেখে প্রতিষেধকে প্রয়োজনীয় পরিবর্তন আনতে তৈরি থাকতে হবে। তবে তা যে তিন মাস অন্তর পরিবর্তন করতে হবে এমনটা নয়। কিন্তু বছরে একবার সেই পরিবর্তন করতে হতেই পারে।’
শুধু সেপ্টেম্বরেই ২১ লক্ষ, আমেরিকায় কোভিডে আক্রান্ত ৭২ লক্ষ শিশু, দাবি রিপোর্টে -আনন্দবাজার পত্রিকা
কোভিড সংক্রমণের শুরু থেকে আমেরিকায় এ পর্যন্ত প্রায় ৭২ লক্ষ শিশু আক্রান্ত হয়েছে এই অতিমারিতে। সোমবার এক সমীক্ষায় এ কথা জানিয়েছে আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স (এএপি) এবং চিলড্রেন’স হসপিটাল অ্যাসোসিয়েশন (সিএইচএ)।এএপি এবং সিএইচএ-র সমীক্ষা বলছে, ৯ ডিসেম্বর পর্যন্ত ৭১ লক্ষ ৯৬ হাজার ৯০১ জন শিশু কোভিডে আক্রান্ত হয়েছে। দেশে যত জন কোভিড আক্রান্ত হয়েছে তার মধ্যে ১৭.২ শতাংশ শিশু। প্রতি এক লক্ষ শিশুর মধ্যে ন’হাজার ৫৬২ জন আক্রান্ত হয়েছে।
গত সপ্তাহেই এক লক্ষ ৬৪ হাজার শিশুর কোভিড ধরা পড়েছে। দেখা যাচ্ছে, এ ক্ষেত্রে ২৪ শতাংশ সংক্রমণ বেড়েছে। টানা ১৮ সপ্তাহ ধরে আমেরিকায় এক লক্ষেরও বেশি শিশু সংক্রমিত হয়েছে বলে সমীক্ষায় উঠে এসেছে। শুধু সেপ্টেম্বরে ২১ লক্ষ শিশু সংক্রমিত হয়েছে।
কোভিডের কারণে শিশুরা গুরুতর অসুস্থ হচ্ছে, এমন বিষয় এখনও পর্যন্ত খুব একটা দেখা যায়নি বলে দাবি এএপি-র। তবে কোভিড শিশুদের স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদি কী প্রভাব ফেলছে তা নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা চলছে বলে জানিয়েছে এএপি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে বরখাস্ত করতেই হবে’, দাবি রাহুলের, সংসদে ফের হট্টগোল- প্রতিদিন
কৃষি আইন (Farm Law), সাংসদদের সাসপেনশনের পর এবার লখিমপুর খেরি ইস্যুতে উত্তপ্ত সংসদ। উত্তরপ্রদেশ সরকারের গঠন করা বিশেষ তদন্তকারী দল বা সিটের তদন্ত রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে (Ajay Mishra Teni) কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এখনই বরখাস্ত করা হোক। এই দাবিতে সংসদে হট্টগোল পাকালেন বিরোধীরা। দফায় দফায় স্থগিত করতে হল সংসদের দুই কক্ষের অধিবেশন।
লখিমপুর খেরি (Lakhimpur Kheri) ইস্যুতে সংসদ যে উত্তপ্ত হতে চলেছে, সে ইঙ্গিত আগেই মিলেছিল। এদিন সংসদে খোদ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) লখিমপুর ইস্যুতে মুলতুবি প্রস্তাব দেন। প্রস্তাবে রাহুল দাবি করেন,”উত্তরপ্রদেশ পুলিশের সিটের তদন্তে স্পষ্ট লখিমপুরের গণহত্যা পূর্বপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। এটা একটা ষড়যন্ত্র। সিটই সব অভিযুক্তের বিরুদ্ধে মামলা বদলানোর পরামর্শ দিয়েছে।”
পার্সটুডে/বাবুল আখতার/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।