'খালেদা জিয়ার কিছু হলে সরকারের সবাইকে হত্যার আসামি করা হবে'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৫ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ছাত্রলীগকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- আনোয়ারায় ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, যুবক নিহত- প্রথম আলো
- ঐতিহাসিক জয়ে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের প্রশংসা–যুগান্তর
- কক্সবাজারে ধর্ষণ-বিভিন্ন সংস্থার ভিন্ন ভিন্ন বক্তব্য বিবৃতি কাম্য নয় : হাইকোর্ট-কালের কণ্ঠ
- খালেদা জিয়ার কিছু হলে সরকারের সবাইকে হত্যার আসামি করা হবে: ফখরুল-মানবজমিন
ভারতের শিরোনাম:
- পঞ্জাবে যানজটে ২০ মিনিট আটকে মোদী, ফিরে বললেন, বেঁচে ফিরেছি, এই অনেক!-আনন্দবাজার
- দিল্লিতে আজ আক্রান্ত ১০ হাজার, সরকার বলছে তৃতীয় ঢেউ এসে গিয়েছে-আজকাল
- করোনা উদ্বেগে উত্তরপ্রদেশে সমস্ত জনসভা বাতিল কংগ্রেসের, স্থগিত যোগীর নয়ডার অনুষ্ঠানও-সংবাদ প্রতিদিন
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
খালেদা জিয়ার কিছু হলে সরকারের সবাইকে হত্যার আসামি করা হবে বলেছেন ফখরুল-দৈনিক মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, সরকার বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। খালেদা জিয়ার কিছু হলে সবাইকে হত্যার আসামি করে বিচার করা হবে। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ২০১৪ সালে ৫ জানুয়ারির নিবার্চনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে দিনটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশের জেলা শহরে আজ এ মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিএনপির এ মানববন্ধন রূপ নেয় সমাবেশে।
ছাত্রলীগকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইত্তেফাক
দৈনিকটির এ খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে কোনোভাবেই বিভ্রান্তির পথে না গিয়ে পাঠে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘তোমাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ৪র্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে দক্ষ জনশক্তি হিসেবে এখন থেকেই নিজেদের গড়ে তুলতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা উন্নয়নশীল দেশ, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে আজ বুধবার বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের ‘অস্বাভাবিক’ মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যারয়ের আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৪৪ জন ছাত্রকে শাস্তির আওতায় আনা হয়েছে। এরমধ্যে সেজানসহ চারজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
নতুন বছরে প্রতিদিনই করোনায় শনাক্তের হার বাড়ছে প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সংক্রমণ বাড়ছে, একদিনে শনাক্ত ৮৯২ । এসময়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ ২৯শে সেপ্টেম্বর। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আনোয়ারায় ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, যুবক নিহত- প্রথম আলোসহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ দুপুরে ইউনিয়নের একটি কেন্দ্রের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নির্বাচন সম্পর্কিত খবরে যুগান্তর লিখেছে, ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন নির্বাচনের আগের রাতে টাকা বিতরণকালে হাতেনাতে ধরা পড়েছেন এক চেয়ারম্যান প্রার্থীর ভাই। অপর এক খবরে লেখা হয়েছে, সিলেটের জকিগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার সালমান সাকিব ও রিটার্নিং অফিসার আরিফুল হককে সিল মারা ব্যালেট পেপার ও সিলসহ আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন।
কক্সবাজারে ধর্ষণ-বিভিন্ন সংস্থার ভিন্ন ভিন্ন বক্তব্য বিবৃতি কাম্য নয় : হাইকোর্ট-কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থার ভিন্ন ভিন্ন বিবৃতি বা বক্তব্য ‘কাম্য নয়’ বলে মন্তব্য করেছে হাইকোর্ট। কক্সবাজারে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচারিক অনুসন্ধানের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিকালে গতকাল মঙ্গলবার এ মন্তব্য করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, পঞ্জাবে যানজটে ২০ মিনিট আটকে মোদী, ফিরে বললেন, বেঁচে ফিরেছি, এই অনেক! এ খবরে লেখা হয়েছে, যানজটের জেরে গন্তব্যেই পৌঁছতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।পঞ্জাবে একটি কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় যাত্রাপথে একটি সেতুতে ১৫-২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়। তার পর সেখান থেকে কনভয় ঘুরিয়ে বিমানবন্দরে ফিরে আসতে হল মোদীকে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মোদীর যাত্রাপথে পথ অবরোধ করেছিলেন এক দল বিক্ষোভকারী। কিন্তু ওই বিক্ষোভের কারণ প্রধানমন্ত্রী নন বলেই জানা গিয়েছে। ওই ঘটনার পর বিমানবন্দরে ফিরে আধিকারিকদের উদ্দেশে মোদী বলেন, ‘‘বেঁচে ফিরতে ফেরেছি, এই অনেক!
দিল্লিতে আজ আক্রান্ত ১০ হাজার, সরকার বলছে তৃতীয় ঢেউ এসে গিয়েছে-আজকালের এ শিরোনামের খবরে বলা হয়েছে, আগের দিনের থেকে রোজই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। কয়েক গুণ। দিল্লিতে আজ নতুন করে কোভিড আক্রান্ত প্রায় ১০ হাজার। এই তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি এও বললেন, যে আজ দিল্লিতে সংক্রমণের হার ১০–এর গণ্ডি ছাড়িয়ে যাবে। অর্থাৎ প্রতি ১০০ জনে ১০ জনেরও বেশি কোভিড আক্রান্ত। জৈনের হুঁশিয়ারি, গোটা দেশে তৃতীয় ঢেউ এসে গিয়েছে। আর দিল্লিতে এটা পঞ্চম ঢেউ।
আর সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, শুরু হয়ে গেছে তৃতীয় ঢেউয়ের দাপট। দেশজুড়ে হুড়মুড় করে বাড়ছে করোনা (Covid) সংক্রমিতের সংখ্যা। উত্তরপ্রদেশেও (UP) বাড়ছে মহামারীর উদ্বেগ। এরফলে উত্তরপ্রদেশে সমস্ত জনসভা বাতিল করেছে কংগ্রেস, স্থগিত করা হয়েছে যোগীর নয়ডার অনুষ্ঠানও।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫