প্রিয়জন: 'জীবিকার সন্ধানে যাচ্ছি বাহরাইনে, সঙ্গে থাকবে আপনাদের স্মৃতি'
চিঠিপত্রের আসর প্রিয়জন : প্রচার ২৩ মে ২০১৬
বন্ধুরা, আপনাদের প্রত্যেককে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। ইমাম হাসান (আ.) বলেছেন, যে ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহকে চিনেছে সে তার কথা ও কাজে যথাসম্ভব আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। অন্যদিকে যে ব্যক্তি প্রকৃত অর্থেই দুনিয়াকে চিনেছে সে দুনিয়াবি বিষয়াদি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে।
মূল্যবান হাদিসের পর এবার চিঠিপত্র ও ইমেইলের দিকে নজর দিচ্ছি। আসরের প্রথমেই হাতে তুলে নিচ্ছি বাংলাদেশ থেকে আসা একটি ইমেইল। কুমিল্লা জেলার লাঙ্গলকোটের গান্দাছি গ্রামের বাধন আন্তর্জাতিক রেডিও ক্লাব থেকে এটি লিখেছেন এ ক্লাবে সভাপতি মোহাম্মাদ সোহাগ বেপারি। শুরুতেই তিনি বলেছেন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আপনাদের লিখছি। আমার এই লেখা যখন পড়বেন তখন হয়তো আমি আরো বাংলাদেশের মাটিতে থাকবো না। চলে যাবো বাহরাইনে।
এরপর তিনি আরো লিখেছেন, আপনাদের সঙ্গে দীর্ঘ ১৫টি বছর ছিলাম । এই বেতারের জগতে দীর্ঘ দিন সময় পার করেছি আপনাদের সাথে। হয়তো বেতারকে কিছু দিয়েছি হয়তো কিছু পেয়েছি। যাক সবি আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে। আপনাদের সংসারে আপনাদের সাথে ছিলাম আপনাদের বন্ধু হয়ে। কিন্তু জীবিকার সন্ধানে আজ অনেক দূরে পাড়ি দিচ্ছি। সেখান থেকে আপনাদের খুব মিস করবো। আপনাদের ভালবাসা আবেগ জড়ানো স্মৃতিগুলো আমার জীবনে জমা থাকবে।এরপর তিনি কোনো দুঃখ বেদনা দিয়ে থাকলে সে জন্য ক্ষমাও চেয়েছেন।
বন্ধুরা কখনোই আমাদের কোনোভাবেই কষ্ট দেন না। তাদের রাগ অভিমান এমনকি কড়া কথাও আমাদের ভালো লাগে। আমরা বুঝতে পারি ভালেবাসা থেকেই এমন আচরণ করছেন তারা। তাই আপনিও কখনোই আমাদের কোনোভাবেই কষ্ট দেন নি ভাই সোহাগ।
এরপর তিনি আমাদের বড় একটি আশার কথা শুনিয়েছেন। আর তা হলো, প্রবাসে থেকেও সময় পেলে আপনাদের লিখতে চেষ্টা করবো শুনতে চেষ্টা করবো রেডিও তেহরান। এই বেতার সংসারে সবার সাথে ছিলাম বন্ধু হয়ে, থাকবো আগামীতেও কথা দিলাম। সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যা, আমাদের জন্য সোহাগ ব্যাপারি একটি পরিচিত নাম। আপনার হৃদয়স্পর্শী ইমেইল আমাদেরকে নাড়া দিয়েছে। ইমেইলের শুরুতে আপনি বিদায়ের সুর শুনিয়েছেন আমাদের। কিন্তু না ভাই প্রযুক্তির এই যুগে আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে হবে না। ইন্টারনেটে আমাদের ওয়েবসাইটে ঢুকলেই আমাদের সঙ্গে আপনার সংযোগ চালু হয়ে যাবে। আশা করছি বাহরাইনে বসেও আমাদের অনুষ্ঠান শুনবেন এবং নিয়মিত ইমেইল করা এবং মতামত জানানো অব্যাহত রাখবেন।
এরপরের ইমেইলটিও এসেছে বাংলাদেশ থেকে। যশোর জেলার মনিরামপুর থেকে এটি পাঠিয়েছেন সোহানুর রহমান সোহাগ । তিনি নিজেকে রেডিও তেহরানের নতুন শ্রোতা হিসেবে উল্লেখ করে লিখেছেন, এ রেডিও থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই তার ভাল লাগে। অবশ্য অনুষ্ঠান নিয়ে কোনো আলোচনা তিনি করেন নি।
ভাই সোহানুর রহমান, আপনাকে আমাদের শ্রোতাজগতে স্বাগত জানাচ্ছি। আশা করছি এখন থেকে নিয়মিত লিখবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন।
এবারে হাতে তুল নিচ্ছি ভারত থেকে আসা একটি চিঠি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এটি লিখেছেন ভাই আবিদ হোসেন মন্ডল। তিনি প্রথমেই জানতে চেয়েছেন, রেডিও তেহরান বন্ধ হয়ে যাবে বলে একটা কথা অনেকেই বলছে। এ কথা কি সত্যি।
না ভাই এ খবর সত্যি নয়। আসল ব্যাপার হলো রেডিও তেহরানের ওয়েবসাইটের নাম বদলে পার্সটুডেডট কম হয়েছে। এভাবে নাম বদলালেও প্রকৃতি বদলায় নি। জালেমের বিরুদ্ধে মজলুমকে সহায়তা করার ব্রতে এখনো অটুট রয়েছে রেডিও তেহরান এবং তার নতুন ওয়েবসাইট পার্সটুডেডটকম।
এরপর এ ভাই আরো লিখেছেন, আপনাদের বিরুদ্ধে এক নম্বর অভিযোগ আজো বহাল আছে। আর তা হলো রেডিও তেহরান থেকে প্রচারিত খবরের সময় বাড়ানোর জন্য আমরা একাধিকবার আহ্বান করেছি, অনুরোধ করেছি এমনকি অনুনয়-বিনয় পর্যন্ত করেছি। কিন্তু তাতে কোনো ফলই হয় নি। এ কেমন কথা বলেন তো?
আজকের আসরে বহলুল ভাই নেই। তিনি থাকলে হয়ত বলতেন, হায় এও ছিল কপালে। মানে সত্যি বলতে কি এ কাজটা কোনোভাবেই করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তবে আপনারা যদি কষ্ট করে পার্সটুডেডট কম ওয়েবসাইটটি ভিজিট করেন তবে দেখতে পাবেন সেখানে নিয়মিত খবর আপডেট করা হচ্ছে। খবর ছাড়াও সেখানে আরো অনেক আকর্ষণীয় বিষয় রয়েছে। আর হ্যা ভাই অভিযোগ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি লিখবেন বলে আশা রাখছি।
আসরের এ পর্যায়ে পার্সটুডে ডট কমের খবরে ভাই বোনেরা যে সব মন্তব্য করেছেন সে দিকে নজর দেবো।
‘মধ্যপ্রাচ্যে দায়েশ সংকট নিরসনের সক্ষমতা আমেরিকার নেই: মার্কিন গোয়েন্দা প্রধান’ শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ১৫ এপ্রিল। আর এ খবরে বলা হয়েছে, আমেরিকার শীর্ষ গোয়েন্দা জেমস আর ক্লেপার স্বীকার করেছেন, মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদ দূর করার বা দায়েশ সংকট নিরসনের সক্ষমতা ওয়াশিংটনের নেই। দায়েশ বিরোধী লড়াই কয়েক দশক ধরে চলতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি। এ খবরে মন্তব্য করেছেন নিয়মিত মন্তব্যকারী মো. ঘোরী শাহ। তিনি লিখেছেন,
মধ্যপ্রাচ্যে যতগুলি জংগী গোষ্ঠি আছে সবগুলোর জন্মদাতা ও পরিপালক আমেরিকা। তৈল সম্পদ লুণ্ঠণ করার জন্য আমেরিকা এই জংগলে গোষ্ঠি তৈরি করে মধ্যপ্রাচ্যে পরোক্ষ ভাবে মানবাধিকার লঙ্ঘণ করে আসছে। আফগানিস্থান,ইরাক,সিরিয়া এমনকি ইয়েমেনে অবাঞ্ছিতভাবে যুদ্ধের বিভীষিকা নামিয়ে আনছে। সুতরাং ক্লেপার অনিচ্ছাটাকে অক্ষমতা বলে চালানোর চেষ্টা করে আমেরিকার উপর থেকে আন্তর্জাতিক দায়ভার সরাতে চান।
ধন্যবাদ ভাই ঘোরী চমৎকার মন্তব্য করেছেন। এ ধরনের মন্তব্য করা অব্যাহত রাখবেন আশা করছি। এদিকে ‘তাকফিরি সন্ত্রাসীরা হত্যা করেছে বদরুদ্দিনকে: হিজবুল্লাহ’ শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ১৪ এপ্রিল। আর এ খবরে বলা হয়েছে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছ, সংগঠনের শীর্ষ কমান্ডার মুস্তাফা বদরুদ্দিন সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় শহীদ হয়েছেন। সংগঠনটি বলেছে, তার এ শাহাদাত উগ্র চরমপন্থি সন্ত্রাসীদের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিরোধ লড়াইকেই কেবল জোরদার করবে। এ খবরে মন্তব্য করেছে মানিক। তিনি লিখেছেন
ইসলাম ও মানবতার কল্যাণে আমাদের এই ভাইদের ত্যাগ কখনো বৃথা যাবে না।
চমৎকার মন্তব্যে নিজের সমৃদ্ধ চেতনাই তুলে ধরেছেন ভাই মানিক; যা সবার ভাল লাগবে। ধন্যবাদ এবং ভবিষ্যতে আরো মন্তব্য করবেন। এদিকে কিন্তু সময় ফুরিয়ে এসেছে।
হ্যা, তবে শেষ করার আগে আমাদের কাছে ইমেইল করার ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের কাছে ইমেইল করবেন এই ঠিকানায়- [email protected]. এ ছাড়া আমাদের ওয়েবসাইটের নতুন ঠিকানা- parstoday.com/bn অথবা, parstoday.com/bangla. সেইসঙ্গে আমাদের আগের ঠিকানা, bangla.irib.ir লিখে সার্চ দিলেও স্বয়ংক্রিয়ভাবে আমাদের নতুন ঠিকানায় পৌঁছে যেতে পারবেন।
তো বন্ধুরা, এবার আসর গুটানোর পালা। যারা চিঠি লিখেছেন, ইমেইল করেছেন এবং এতোক্ষণ ধরে প্রিয়জনের আসর শুনেছেন তাদের সবাইকে আবারো আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কথা হবে আবারো আগামী আসরে। #