মুদি দোকানদার থেকে সিরিয়াল কিলার!
সিরিয়াল কিলার ছদ্মবেশী বাউল শিল্পী গ্রেফতার
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৩ জানুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- শিক্ষাপ্রতিষ্ঠান যেন বন্ধ করা না হয়-প্রথম আলো
- তথ্যপ্রযুক্তির মামলায় অভিযোগ গঠন, ন্যায় বিচার প্রত্যাশা আসিফের-মানবজমিন
- যেভাবে মুদি দোকানদার থেকে সিরিয়াল কিলার ছদ্মবেশী বাউল শিল্পী -ইত্তেফাক
- ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী-যুগান্তর
- আজ থেকে সারা দেশে বিধি-নিষেধ, যা মেনে চলতে হবে-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- উত্তরপ্রদেশে লড়বেন উন্নাওয়ের নির্যাতিতার মা, ১২৫ জনের ৫০ জন মহিলা প্রার্থী, ঘোষণা প্রিয়াঙ্কার -আনন্দবাজার পত্রিকা
- পুরভোট পিছতে পারে কে? হাই কোর্টের প্রশ্নে একে অন্যের দিকে আঙুল তুলছে সরকার ও নির্বাচন কমিশনের-সংবাদ প্রতিদিন
- দেশে একদিনে করোনার কবলে ২ লক্ষ ৪৭ হাজার, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির –আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ডলার, দামি উপহারের লোভ দেখিয়ে ‘প্রতারণা করছিল একটি বিদেশি চক্র। র্যাব তাদেরকে আটক করেছে। কিভাবে দেখছেন ঘটনাটিকে?
২. ইরানের প্রেসিডেন্ট রায়িসির রাশিয়া সফরের প্রস্তুতি চলছে। একথা জানিয়েছে ক্রেমলিন। দেখে মনে হচ্ছে রাশিয়া এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর কারণ কি?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী-যুগান্তর
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। একেকটা পরিবারসহ আক্রান্ত হচ্ছে। এখানে আমি সবাইকে বলব যে, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন। আমরা ইতোমধ্যে কিছু নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনাগুলো সবাই মেনে চলবেন।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগারগাঁওয়ে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিধি-নিষেধ মেনে চলার পাশাপাশি সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এখনও টিকা নেননি, দ্রুত নেবেন। আমরা স্কুলের ছাত্র-ছাত্রীদেরও টিকা দেওয়া শুরু করেছি। টিকা নিলে অন্তত জীবনে বেঁচে থাকা যায়-এইটুকু হলো বাস্তব।
যেভাবে মুদি দোকানদার থেকে সিরিয়াল কিলার ছদ্মবেশী বাউল শিল্পী-ইত্তেফাক
৮ম শ্রেণি পর্যন্ত পড়ার পর হেলাল এলাকায় মুদি দোকানদারী শুরু করে। একসময় হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িয়ে পড়লে এলাকায় তার কুখ্যাতি ছড়িয়ে পড়ে। বাউল ছদ্মবেশে ঘুরে বেড়ানো এই সিরিয়াল কিলার খ্যাত দুর্ধর্ষ ফেরারি আসামি মো. হেলাল হোসেন ওরফে সেলিম ফকির ওরফে বাউল সেলিমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাওরানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বিভিন্ন সময় একাধিক হত্যাকাণ্ড ঘটিয়ে প্রায় ৭ বছর বাংলাদেশের বিভিন্ন স্থানে ফেরারি জীবন-যাপন করছে সে। দেশের বিভিন্ন জায়গায় ছদ্মবেশ ধারণ করে অবস্থান করত সে। ছদ্মবেশ অবস্থায় একসময় বহুল জনপ্রিয় ‘ভাঙ্গা তরী ছেড়া পাল’ শিরোনামের গানের বাউল মডেল হিসেবে তাকে দেখা যায়।
ভ্রমণ ভিসায় দেশে এসে অভিনব প্রতারণা, ৭ বিদেশিসহ গ্রেফতার ৯-ইত্তেফাক
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে দামি উপহার পাঠানোর লোভ দেখিয়ে অভিনব পদ্ধতিতে বাংলাদেশীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিলো একটি চক্র। এমন অভিযোগে ৭ বিদেশি নাগরিকসহ সংঘবদ্ধ আন্তর্জাতিক প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত র্যাব-৪ এর একটি আভিযানিক দল এবং র্যাব-৮ এর সহযোগীতায় রাজধানীর পল্লবী, রূপনগর এবং দক্ষিণখান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছে থেকে ৮টি পাসপোর্ট, ৩১টি মোবাইল, ৩টি ল্যাপটপ, ১টি চেক বই, ৩টি পেনড্রাইভ এবং নগদ ৯৫,৮১৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, নাইজেরিয়ান উদেজে ওবিন্না রুবেন (৪২), ইফুন্যা ভিভিয়ান নাবুইকে (৩১), সানডে শেডেরাক এজিম (৩২), চিনেদু মোসেস নাজি (৩৬), কলিমস ইফেসিনাছি তালিকে (৩০), চিদিম্মা এবেলে আইলোফো (২৬) ও দক্ষিণ আফ্রিকার এনটোম্বিখোনা গেবুজা (৩৬)। দেশীয় দুজন হলেন ফেনীর মো. নাহিদুল ইসলাম (৩০) ও নরসিংদীর সোনিয়া আক্তার (৩৩)।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাওরানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক মো. মোজ্জাম্মেল হক জানান, তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সাথে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম-ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক ইত্যাদি দ্বারা নিজেদেরকে পশ্চিমা বিশ্বের উন্নত দেশের নাগরিক হিসেবে প্রকাশ করে। পরবর্তীতে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির পর এক পর্যায়ে দামি উপহার বাংলাদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার জাল বিছানো হয়। এক পর্যায়ে বাংলাদেশের কাস্টমস্ অফিসার পরিচয়ে এক নারী ভিকটিমকে ফোন করে বলে তার নামে একটি পার্সেল বিমানবন্দরে এসেছে। এ পার্সেলটি ডেলিভারি করতে কাস্টমস চার্জ হিসেবে মোটা অংকের টাকা বিকাশ/ব্যাংক এ্যাকাউন্ট নম্বরে পরিশোধ করতে বলা হয়। যেহেতু পার্সেলে অতি মূল্যবান দ্রব্যসামগ্রী রয়েছে তাই কাস্টমস্ চার্জ একটু বেশি হয়েছে বলে তাদেরকে বুঝানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা র্যাবকে আরও জানায়, সন্দেহ বশত কোন প্রতারিত ব্যক্তি সরাসরি টাকা প্রদান করতে বা দেখা করতে চাইলে প্রতারকরা এসএমএস এর মাধ্যমে জানায় যে, ঐ মুহূর্তে তারা বিদেশে অবস্থান বা জরুরি কোন মিটিং এ আছেন। বাংলাদেশি সহজ সরল মানুষ তাদের কথায় প্রলুব্ধ হয়ে সংশ্লিষ্ট বিকাশ/ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে প্রতারিত হয়ে আসছে। প্রতারিত ব্যক্তি অর্থ পরিশোধ করার পর তার নামে প্রেরিত পার্সেলটি সংগ্রহ করার জন্য বিমানবন্দরে সংশ্লিষ্ট অফিসে গিয়ে দেখে যে, তার নামে কোন পার্সেল আসেনি। তখন প্রতারিত ভিকটিম পার্সেল প্রেরণকারী বিদেশি বন্ধুর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে আর পাওয়া যায় না। তখন বুঝতে পারে, সে ভয়াবহ প্রতারণার শিকার হয়েছে। এই দৃশ্য ধৃত আসামিদের দ্বারা প্রতারিত এদেশীয় অজস্র সাধারণ মানুষের অনুচিত্র মাত্র।
তথ্যপ্রযুক্তির মামলায় অভিযোগ গঠন, ন্যায় বিচার প্রত্যাশা আসিফের-মানবজমিন
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সংগীতশিল্পী শফিক তুহিনের দায়ের করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের সময় আসিফ নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ জুন দিন ধার্য করেন আদালত। অভিযোগ গঠনের পরপর আসিফের আইনজীবী বলেন, আসিফের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করেছেন তা চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে যাবো।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নজরুল ইসলাম শামীম বলেন, আসিফের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় অভিযোগ গঠন করেছেন আদালত। মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ জুন দিন ধার্য করেন আদালত।
এদিকে গত বছরের ৮ নভেম্বর সংগীতশিল্পী ও সুরকার শফিক তুহিনের দায়ের করা মামলায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দেন আসিফ। ওইদিন এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন।
আজ থেকে সারা দেশে বিধি-নিষেধ, যা মেনে চলতে হবে-কালের কণ্ঠ
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইস্যুতে নতুন করে সরকারের আরোপ করা বিধি-নিষেধ আজ ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। গত ১০ জানুয়ারি সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কভিড-১৯) এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিধি-নিষেধ আরোপ করা হলো। ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ১১ দফা মেনে চলতে হবে।
নির্দেশনাগুলো হলো-
১. দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলক সবাইকে মাস্ক পরতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে।
২. অফিস-আদালতসহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।
৩. রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনার টিকা সনদ প্রদর্শন করতে হবে।
৪. ১২ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখের পর টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
৫. স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দরে স্ক্রিনিংয়ের সংখ্যা বাড়াতে হবে। পোর্টগুলোতে ক্রুদের জাহাজের বাইরে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করতে হবে। স্থলবন্দরগুলোতেও আগত ট্রাকের সঙ্গে শুধু ড্রাইভার থাকতে পারবে। কোনো সহকারী আসতে পারবে না। বিদেশগামীদের সঙ্গে আসা দর্শনার্থীদের বিমানবন্দরে প্রবেশ বন্ধ করতে হবে।
৬. ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেকসংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সব ধরনের যানবাহনের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।
৭. বিদেশ থেকে আসা যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক কভিড-১৯ টিকা সনদ প্রদর্শন করতে হবে।
৮. স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরার বিষয়ে সব মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামরা সংশ্লিষ্টদের সচেতন করবেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ বিষয়ে নিশ্চিত করবেন।
৯. সর্বসাধারণের করোনার টিকা এবং বুস্টার ডোজ গ্রহণ ত্বরান্বিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রচার এবং উদ্যোগ গ্রহণ করবে। এ ক্ষেত্রে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তা গ্রহণ করবে।
১০. উন্মুক্ত স্থানে সব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।
১১. কোনো এলাকার ক্ষেত্রে বিশেষ কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সে ক্ষেত্রে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:
উত্তরপ্রদেশে লড়বেন উন্নাওয়ের নির্যাতিতার মা, ১২৫ জনের ৫০ জন মহিলা প্রার্থী, ঘোষণা প্রিয়াঙ্কার- আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিন
দেশে মহামারীর দাপট চললেও এর মধ্যেই বেজে গিয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দামামা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে (UP Assembly Poll) দলের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস (Congress)। প্রথম দফায় ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। এর মধ্যে একজন প্রার্থীর নাম আলাদা করে নজর কাড়ার মতো। তিনি উন্নাওয়ের নির্যাতিতার মা। উন্নাওয়ের নির্যাতিতার মাকে প্রার্থী করা কংগ্রেসের বড় রাজনৈতিক চাল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হতে মরিয়া কংগ্রেস। প্রথম থেকেই প্রিয়ঙ্কা গান্ধীর (Priyanka Gandhi Vadra) মুখে শোনা গিয়েছিল নারীশক্তির জয়ের কথা, প্রার্থী ঘোষণাতেও দেখা গেল সেই প্রতিফলন। আজ যে ১২৫ জন প্রার্থী ঘোষণা হয়েছে তার ৪০ শতাংশই মহিলা। তাঁদেরই অন্যতম ২০১৭ সালে উন্নাওয়ের গণ-ধর্ষিতার মা বলে জানা গিয়েছে। যে ঘটনার মূল অপরাধী ছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। দোষী সাব্যস্ত কুলদীপের যাবজ্জীবন জেলের সাজা হয়।
উত্তরপ্রদেশে কংগ্রেসের ১২৫ জনের প্রথম দফার প্রার্থী তালিকায় ৫০ জনই দেখা গেল মহিলা। এছাড়া ৪০ জন এমন প্রার্থী রয়ছেন, যাঁদের যুব সম্প্রদায়ের প্রতিনিধি বললে ভুল বলা হয় না। উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি (AICC) সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী জানিয়েছেন, আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি। কংগ্রেস প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদের স্ত্রী লুইস।
উল্লেখ্য, ২০১৭ সালের ৪ জুনে গণ-ধর্ষিতা হন উন্নাওয়ের কিশোরী। মূল অভিযুক্ত ছিলেন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। পরিবার পুলিশে অভিযোগ জানাতে গেলেও পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ ছিল। পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন নির্যাতিতা। ২০১৮ সালের ৮ এপ্রিল যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে ধর্নায় বসেন নির্যাতিতা ও তাঁর পরিবার। সেখানেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন নির্যাতিতা। এই ঘটনার পর উলটে নির্যাতিতার বাবাকেই গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় নির্যাতিতার বাবার।
বহু টালবাহানার পর ২০১৯ সালের ডিসেম্বরে ধর্ষণ-কাণ্ডে দোষী সাব্যস্ত হন কুলদীপ। তাঁর যাবজ্জীবন সাজা হয়। উন্নাওয়ে নির্যাতনের ঘটনার পরেই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই সময় যা রুখতে মরিয়া হয়েছিল যোগী সরকার। এদিন উন্নাওয়ের সেই নির্যাতিতার মাকে প্রার্থী করে বড় চাল চাললেন কংগ্রেস নেত্রী। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
পুরভোট পিছতে পারে কে? হাই কোর্টের প্রশ্নে একে অন্যের দিকে আঙুল তুলছে সরকার ও নির্বাচন কমিশনের-সংবাদ প্রতিদিন
রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা (Coronavirus) সংক্রমণ। এই পরিস্থিতিতে পুরভোট পিছনোর দাবিতে সরব সকলে। ইতিমধ্যে কলকাতা হাই কোর্টে মামলাও দায়ের হয়েছে। পুরভোট মামলার শুনানিতে বৃহস্পতিবার হাই কোর্টে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে চলল টানাপোড়েন। রাজ্য সরকার নাকি রাজ্য নির্বাচন কমিশন, কার সিদ্ধান্তে বিজ্ঞপ্তি জারির পরে ভোট পিছনো সম্ভব, হাই কোর্টের তরফে দু’পক্ষকে সেই প্রশ্ন করা হয়। জবাবে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন একে অপরের কোর্টে বল ঠেলাঠেলিতে ব্যস্ত। তাই এখনও ঝুলেই রইল আগামী ২২ জানুয়ারির চার পুরনিগমের ভোটের ভাগ্য। মামলার শুনানি আপাতত শেষ। রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
দেশে একদিনে করোনার কবলে ২ লক্ষ ৪৭ হাজার, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির-আজকাল
ভয়াবহ থেকে আরও ভয়াবহ হচ্ছে দেশের কোভিড গ্রাফ। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে রীতিমতো উল্কার গতিতে। সেই সঙ্গে পাল্লা দিচ্ছে অ্যাকটিভ কেস এবং পজিটিভিটির রেট। যেনতেন প্রকারেণ সংক্রমণের গতি নিয়ন্ত্রণ করা না গেলে করোনার দ্বিতীয় ঢেউয়ের মতো এবারেও ভেঙে পড়তে পারে দেশের স্বাস্থ্য ব্যবস্থা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩