মে ৩০, ২০১৬ ১৩:৫৭ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩০ মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা:

বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মালয়েশিয়ার সঙ্গে চুক্তির খসড়া অনুমোদন-প্রথম আলো

চিকিৎসক ও নার্সদের ধর্মঘট ডাকা কেন অবৈধ নয় : হাইকোর্ট - কালের কন্ঠ

রাষ্ট্রদ্রোহ মামলায় আসলামের রিমান্ড শুনানি মঙ্গলবার-সমকাল- সমকাল

বাংলাদেশ ব্যাংক দায় এড়াতে পারে না: ফরাস উদ্দিন-মানবজমিন

রিজার্ভ চুরি: অর্থমন্ত্রীর হাতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন --বাংলাদেশ প্রতিদিন

পুলিশ হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু- ইত্তেফাক

প্রধানমন্ত্রীর জাপান সফর - রাজনৈতিক ক্ষেত্রে নবদিগন্তের সূচনা-ইনকিলাব-ইনকিলাব

খালেদাকে রাজনীতি থেকে সরাতে চক্রান্ত করছে সরকার : ফখরুল-নয়া দিগন্ত

হাইকোর্টের মামলা জেলা জজ আদালতে স্থানান্তরে নিষেধাজ্ঞা-মানবকন্ঠ-

পরকীয়ায় বাধা, খ্রিস্টান যুবককে কুপিয়ে জখম-যুগান্তর

ভারতীয় ভিসা পেতে আজ থেকে নতুন নিয়ম-জনকন্ঠ

কোলকাতা:

মুখ্যমন্ত্রীর অগ্রাধিকারের তালিকায় শিশু নিখোঁজের বিষয়টা কি আসবে?-আনন্দবাজার- আনন্দবাজার

ফের রাতের শহরে গাড়িতে তুলে তরুণীকে গণধর্ষণ- সংবাদ প্রতিদিন

পাহাড় অভিযানে এ বার রাশ টানতে চলেছে রাজ্য সরকার-আজকাল- দৈনিক আজকাল

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে, জবাব ভারতের-বর্তমান

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

সব মন্ত্রীরই কম কথা বলা উচিত-প্রথম আলো

এ মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বেশি কথা বলা উচিত নয় বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যে মন্তব্য করেছেন, সেটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কীভাবে নেবেন, জানি না। তবে আমরা মনে করি, শুধু স্বরাষ্ট্রমন্ত্রী কেন, সব মন্ত্রীরই কম কথা বলা উচিত।

মন্ত্রীরা কাজ করবেন। কথা বলবে বিরোধী দল। কথা বলবে নাগরিক সমাজ। কথা বলবে গণমাধ্যম। এমনকি সরকারি দলের মন্ত্রিত্ববঞ্চিত নেতারাও বলতে পারেন। কিন্তু আমাদের দেশের মন্ত্রীরা কাজ করার চেয়ে কথা বলতেই বেশি ভালোবাসেন।

গত রোববার এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ব্যক্তির কম কথা বলা উচিত। এর মাধ্যমে রাজনাথ তার ওপর অর্পিত দায়িত্ব পালনের ওপরই জোর দিয়েছেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথের এই উপদেশ আমাদের মন্ত্রী মহোদয়রা আমলে নেবেন বলে মনে হয় না। তারা মনে করেন, যত বেশি কথা বলা যাবে ততই দেশবাসী উপকৃত হবে। অনেক সময় মনে হয়, মন্ত্রণালয় নিয়ে মন্ত্রীরা তেমন ভাবিত নন। মঞ্চে-জনসভায় গিয়ে বিরোধী দলের ষড়যন্ত্র ও নাশকতারোধই তাদের প্রধান কর্তব্য।

সংবিধান মন্ত্রীদের শপথ অনুযায়ী দায়িত্ব পালন করার কথা বলেছে। কিন্তু বক্তৃতার মাধ্যমে দেশ উদ্ধারের কথা বলেনি। এমনও দেখা যায়, যে মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী যত বেশি কথা বলেন, তাঁর মন্ত্রণালয়ের অবস্থা তত বেশি বেহাল। মন্ত্রীদের এসব বক্তৃতা-বিবৃতিতে মন্ত্রীদের ভাবমূর্তি উজ্জ্বল হয়, এমন দাবি কট্টর আওয়ামী লীগাররাও করবেন না। জনগণ মন্ত্রীদের কাছ থেকে কাজই চান। কথার ফুলঝুরি নয়।

‘বিএনপি নির্মূলের চক্রান্ত শুরু হয়েছে-ফখরুল- ইত্তেফাক

রাজনৈতিক এ খবরে বলা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পুরো ষড়যন্ত্রটাই হচ্ছে বেগম খালেদা জিয়াকে মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া। সেই সঙ্গে বিএনপিকে নির্মূল, নিশ্ছিন্ন করার একটা চক্রান্ত শুরু হয়েছে।

আজ সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘সরকারের এই ষড়যন্ত্র’কোনোদিনই সফল হবে না।

দোকান বন্ধ করে ব্যবসায়ীদের মানববন্ধন-প্রথম আলো

মূল্য সংযোজন কর (মূসক) আইন সংশোধন করে স্থায়ীভাবে প্যাকেজ মূসক ব্যবস্থা অন্তর্ভুক্ত করার দাবিতে দোকান বন্ধ করে ব্যবসায়ী ঐক্য ফোরামের ডাকে এক ঘণ্টা মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। আজ সোমবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হয়। ফোরামের নেতারা জানিয়েছেন, ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি সারা দেশে কর্মসূচি পালিত হয়েছে।

মৃত্যুর মিছিলের শেষ নেই-বাংলাদেশ প্রতিদিন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৃত্যুর মিছিল বাড়ছেই। এ পর্যন্ত নিহত হয়েছে ১১৭ জন। নয় বছরের শিশু বাবার হাত ধরে ভোট দেখতে গিয়েও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। নারী, বৃদ্ধ ও ফেরিওয়ালাও রয়েছেন নিহতের তালিকায়। রয়েছেন চেয়ারম্যান-মেম্বার প্রার্থীও। ২২ মার্চ প্রথম ধাপ থেকে ক্রমেই সহিংসতা বেড়েছে। পঞ্চম ধাপে ভোটের দিন সবচেয়ে বেশি সহিংসতায় ১৩ জনের প্রাণ হারায়। নিহতদের দলীয় পরিচয় বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক রয়েছেন অন্তত ৬০ জন। এ ছাড়া রয়েছেন বিএনপির ছয়জন, জাতীয় পার্টি-জেপির একজন, জনসংহতি সমিতির একজন, স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থক দুই এবং মেম্বার প্রার্থীর কর্মী সমর্থক ৩৫ জন। সহিংসতায় প্রাণহানির অন্তত ১২ জন রয়েছেন সাধারণ মানুষ।

বাংলাদেশ ব্যাংক দায় এড়াতে পারে না: ফরাস উদ্দিন-মানবজমিন

রিজার্ভচুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অর্থমন্ত্রীর কাছে জমা দেয়া হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে রিপোর্ট জমাদেন ব্যাংকের সাবেক গভর্ণর ড. ফরাস উদ্দিনের নেতৃত্বাধীন তদন্ত কমিটি। এ সময় সাংবাদিকদের কাছে ফরাসউদ্দিন বলেন, এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক দায় এড়াতে পারে না।

পাঠক ! বাংলাদেশের পর এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।

ফের রাতের শহরে গাড়িতে তুলে তরুণীকে গণধর্ষণ-সংবাদ প্রতিদিন

শহরে ফের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে৷ রোববার রাতে সল্টলেকের সেক্টর ফাইভে এক তরুণীকে গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে৷

পুলিশ সূত্র জানিয়েছে, রবিবার রাতে সেক্টর ফাইভের কাছে দাঁড়িয়েছিলেন নির্যাতিতা ওই তরুণী।সোমবার দুপুরে বিধাননগর কমিশনারেটের অধীন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী৷ চার অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তিনি৷ শারীরিক পরীক্ষার জন্য ওই তরুণীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

৫ মিনিটে দিল্লি ধ্বংস করতে পারি: পাক পরমাণু বিজ্ঞানী/ একথার পর জবাব ভারতের- পাকিস্তানকে গুঁড়িয়ে দেয়ার ক্ষমতা আছে, -বর্তমান

ফের ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি ধেয়ে এল পাকিস্তানের মাটি থেকে। পাক পরমাণু অস্ত্রের জনক বলে পরিচিত ডঃ আবদুল কাদির খান বা এ কিউ খান বলেছেন, ইসলামাবাদের পরমাণু অস্ত্রের যা সম্ভার, তাতে পাঁচ মিনিট লাগবে দিল্লিতে আঘাত হানতে। এমন এক মন্তব্যের পরই তোলপাড় পড়ে গিয়েছে কূটনৈতিক মহলে।

খবরটিতে বলা হয়েছে, পাকিস্তান পাঁচ মিনিটে দিল্লিতে পরমাণু হামলা চালাতে পারে ঠিকই। কিন্তু ভারত পাঁচ মিনিটে গোটা পাকিস্তানকে মুছে দিতে পারে। এমনই প্রত্যুত্তর দিলেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। পাক পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খানের বক্তব্যের উত্তরেই ভারতের তরফ থেকে এ কথা বলা হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ