কথাবার্তা
টিটিই 'র বরখাস্তের আদেশ প্রত্যাহার, বিব্রত রেলমন্ত্রী, আত্মীয়তা কবুল
সুপ্রিয় পাঠক/শ্রোতা! সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আবদুর রশীদ শুরু করছি ৮ মে রোববারের কথাবার্তার আসর। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- ইভিএম পরের কথা, আ.লীগ সরকারে থাকলে নির্বাচনেই যাব না: ফখরুল-প্রথম আলো
- বিদেশিদের কাছে নালিশ না করে আমার কাছে আসুন: প্রধানমন্ত্রী-যুগান্তর
- টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার: রেলমন্ত্রী-ইত্তেফাক
- বিব্রত রেলমন্ত্রী, আত্মীয়তা কবুল-মানবজমিন
- মন্ত্রীর স্ত্রীর কথায় সাময়িক বরখাস্ত সমীচীন নয় : তথ্যমন্ত্রী-কালের কণ্ঠ
- যুদ্ধের পরিধি বাড়ালে লাভ হবে রাশিয়ার, বিশ্বাস পুতিনের: সিআইএ-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা, চলছে ‘গ্রেট ইন্ডিয়ান লুট’, তোপ মমতার-সংবাদ প্রতিদিন
- কমল সংক্রমণ, ভয় ধরাচ্ছে অ্যাক্টিভ কেসলোড এবং মৃত্যু-আজকাল
- হিমাচলে বিধানসভার গেটে খলিস্তানি পতাকা! ‘সাহস থাকলে সকালে আয়’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর-আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বিব্রত রেলমন্ত্রী, আত্মীয়তা কবুল। এটি দৈনিক মানবজমিনের শিরোনাম। কী বলবেন বিষয়টি নিয়ে?
২. নেতাদের হত্যা করা হলে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা করবে হামাস। এমন একটি বক্তব্য দিয়েছে ফিলিস্তিনের এ সংগঠনটি। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
বিদেশিদের কাছে নালিশ না করে আমার কাছে আসুন: প্রধানমন্ত্রী-যুগান্তর
শ্রমিকদের জন্য সরকার এতকিছু করার পরও কিছু নেতা আছে যারা বিদেশিদের কাছে নালিশ করতে পছন্দ করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জানি না শ্রমিকদের এখানে কোনো স্বার্থ আছে কি না। নিজের দেশের বিরুদ্ধে অন্যের কাছে না বলে, কোনো দাবি-দাওয়া থাকলে আমাকে জানান। মহান মে দিবস উপলক্ষে রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, শ্রমিকদের কল্যাণে যে তহবিল রয়েছে সেখানে অনেক শিল্প মালিক ঠিক মতো টাকা দেন না। এটা দুঃখজনক। যে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে মালিকের যেমন শ্রমিকের ওপর দায়িত্ব থাকবে, তেমনি শ্রমিকেরও মালিকের ওপর দায়িত্ব থাকবে। শ্রমিকরা সুস্থ পরিবেশ পাচ্ছে কিনা সেটা মালিকদের দেখতে হবে। তাতে উৎপাদনও বাড়বে, মালিক-শ্রমিক উভয়ই লাভবান হবে।
তিনি বলেন, শ্রমিক-দিনমজুর তথা খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্যই আমাদের রাজনীতি। আমরা মানুষের কথা ভাবি, মানুষের কল্যাণে কাজ করি।
শ্রমিকের মুখে হাসি না ফুটলে শান্তি নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, শ্রমিকদের ভাগ্যোন্নয়নে সবসময়ই চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার। গরিব কৃষক ও শ্রমিকের মুখে যতদিন হাসি না ফুটবে, ততদিন আমার মনে শান্তি নেই।
ইভিএম পরের কথা, আ.লীগ সরকারে থাকলে নির্বাচনেই যাব না: ফখরুল-প্রথম আলো
যতক্ষণ না আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন নিয়ে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না বলে জানিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা (আওয়ামী লীগ) সুন্দর সুন্দর কথা বলে, দেখলে মনে হয়, এদের মতো ভালো মানুষ আর নেই। অথচ তারা ভেতরে-ভেতরে যা করার তা করে।
আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। গতকাল শনিবার কুমিল্লার তিতাসে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হামলার বিষয়ে অবহিত করতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা এ হামলা করেছেন বলে অভিযোগ বিএনপির।
ফখরুল সাহেব নিজেই নির্বাচিত হয়ে সংসদে যাননি: কাদের-প্রথম আলো
দেশে গণতন্ত্র নেই-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল সাহেব নিজেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাননি। আসন ছেড়ে দিয়ে উপনির্বাচন করতে বাধ্য হয়েছেন। এটা তাহলে কিসের গণতন্ত্র?’
আজ রোববার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে দলটি অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নির্বাচনে অংশগ্রহণ করবে।
আওয়ামী লীগ দেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বাগত জানায়।
টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার: রেলমন্ত্রী-ইত্তেফাক
রেলমন্ত্রীর আত্মীয়কে জরিমানা করে সাময়িক বরখাস্ত হওয়া সেই ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। একইসঙ্গে টিটিই শফিকুলকে বরখাস্তকারী পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করা হবে বলেও জানান তিনি।
রবিবার (৮ মে) দুপুরে রেল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান রেলমন্ত্রী।এ সময় রেলমন্ত্রী বলেন, একজন টিটিইর দায়িত্বই হচ্ছে, এটা দেখা কোনো যাত্রী বিনা টিকিটে কেউ ভ্রমণ করছে কিনা। যাত্রীদের সহযোগিতা করা। ডিসিপ্লিন আনার ক্ষেত্রে একজন টিটিইর এটাই দায়িত্ব। আমি এই কথাটাই বলেছি। টিটিই বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে এবং ডিসিওকে শোকজ করা হবে।
বিনা টিকিটে ট্রেনে চড়া তিনজনের সঙ্গে সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী জানান, মাত্র ৯ মাস হলো আমার বিয়ে হয়েছে। নতুন যে স্ত্রীকে আমি গ্রহণ করেছি, সে ঢাকাতেই থাকে। তার মামাবাড়ি ও নানাবাড়ি হলো পাবনা। আমি শুনেছি তারা আমার আত্মীয়। এটা এখন ঠিক, যেটা আমিও এখন শুনেছি। এর আগে পর্যন্ত আমি জানতাম না, এরা কারা এবং আমার জানার কথাও না।
রেলমন্ত্রী বলেন, আমার স্ত্রী যদি কোনো ধরনের ভুল করে থাকে আমার ইনভলবমেন্ট ছিল না। যেটা বলা হচ্ছে বা টার্গেট করা হচ্ছে, মন্ত্রী এই কারণে এটা ঠিক না। তবে মেসেজটা যেভাবে গেছে এটা সঠিক হয়নি।
তিন যাত্রীকে জরিমানা করায় টিটিই বরখাস্ত হওয়ার ঘটনায় মন্ত্রীর স্ত্রী শাম্মী আকতার মনির নির্দেশনা ছিল বলে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে রেলমন্ত্রী সুজন বলেন, আমিও বিষয়টি শুনেছি।
সঠিকভাবে দায়িত্ব পালন করার পরও টিটিই বরখাস্তের ঘটনায় নেতিবাচক প্রভাব পড়বে কিনা? জানতে চাইলে মন্ত্রী বলেন, নেতিবাচক ধারণাতো অবশ্যই হবে। এটা ভুলভ্রান্তি হলে মানুষ সেভাবে দেখবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শফিকুল ইসলামকে পদোন্নতি বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হতে পারে। তাকে পুরষ্কৃত করার কথাও ভাববে রেলপথ মন্ত্রণালয়।
গত ৪ মে দিবাগত রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ জরিমানার ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (৫ মে) বিকেলে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া টিটিই মো. শফিকুল ইসলাম রেলওয়ে জংশন ঈশ্বরদীর টিটিই হেডকোয়ার্টারের সঙ্গে যুক্ত।
ঘটনার পর সমালোচনার মুখে পুরো বিষয়টি তদন্তে শনিবার (০৭ মে) রেলের পক্ষ থেকে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে পাকশীতে আজ ওই তিন যাত্রী ও টিটিইর সঙ্গে কথা বলছেন তদন্ত কমিটির সদস্যরা।
কালের কণ্ঠের খবর-মন্ত্রীর স্ত্রীর কথায় সাময়িক বরখাস্ত সমীচীন নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ রবিবার তথ্যমন্ত্রী সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘কথিত আত্মীয়দের রেলমন্ত্রীর না চেনার তথ্য সঠিক। ’ গতকালের ওয়ার্কিং কমিটি বৈঠক বিষয়ে দলের এই যুগ্ম সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ চায় সব দলকে নিয়ে নির্বাচন।
যুদ্ধের পরিধি বাড়ালে লাভ হবে রাশিয়ার, বিশ্বাস পুতিনের: সিআইএ-বাংলাদেশ প্রতিদিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাস করেন, ইউক্রেনে যুদ্ধের পরিধি বাড়ালে রাশিয়ার লাভ হবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস এই মন্তব্য করেছেন। তবে প্রেসিডেন্ট পুতিন যুদ্ধে মনোযোগী হলেও কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না বলেও বিশ্বাস সিআইএ’র। সিআইএ পরিচালক বলেন, পুতিন এমন একটি মানসিক অবস্থার মধ্যে রয়েছেন যেখানে তিনি বিশ্বাস করেন না যে, ইউক্রেন যুদ্ধে তিনি পরাজিত হতে পারেন। সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেন ইস্যুতে বছরের পর বছর ধরে ‘উদ্বেগের’ মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
হিমাচলে বিধানসভার গেটে খলিস্তানি পতাকা! ‘সাহস থাকলে সকালে আয়’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর-আনন্দবাজার পত্রিকা
দিন কয়েক আগেই হরিয়ানার এক টোলপ্লাজা থেকে বিপুল অস্ত্র এবং বিস্ফোরক-সহ চার সন্দেহভাজন খলিস্তানি জঙ্গিকে গ্রেফতার করেছিল পুলিশ। এ বার হিমাচল প্রদেশের বিধানসভার গেটে ঝুলতে দেখা গেল খলিস্তানি পতাকা। যা নিয়ে রবিবার সকাল থেকেই সরগরম ধর্মশালা।
রবিবার ভোরে বিধানসভার গেটে বেশ কয়েকটি খলিস্তানি পতাকা দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, খলিস্তানকে সমর্থন করে বিধানসভা পাঁচিলেও স্লোগান লিখে রাখতে দেখা গিয়েছে। কারা এই কাজ করল তা খতিয়ে দেখছে পুলিশ।বিধানসভায় খলিস্তানি পতাকা দেখে বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। এই ঘটনার নিন্দা করে তাঁর হুঙ্কার, “যদি সাহস থাকে তা হলে দিনের বেলায় এ সব কাজ করে দেখা! রাতের অন্ধকারে কেন?”
রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা, চলছে ‘গ্রেট ইন্ডিয়ান লুট’, তোপ মমতার-সংবাদ প্রতিদিন
এক লাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। প্রথমবার কলকাতায় সিলিন্ডারের দাম পেরোল ১০০০ টাকা। চলছে ‘গ্রেট ইন্ডিয়ান লুট’। কেন্দ্রকে তোপ মমতার।কয়লা পাচার কাণ্ডে অভিষেক-পত্নী রুজিরার বিরুদ্ধে পদক্ষেপ। গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ২০ আগস্টের মধ্যে নির্দেশ হাজিরার।
কমল সংক্রমণ, ভয় ধরাচ্ছে অ্যাক্টিভ কেসলোড এবং মৃত্যু! আজকাল
করোনা নিয়ে দেশের মানুষের মধ্যে গা ছাড়া মনোভাব স্পষ্ট। শারীরিক দূরত্ব বজায় রাখার বালাই নেই, এমনকী মাস্ক ব্যবহারেও অনীহা চোখে পড়ছে। এর মধ্যেই কিন্তু ভয় দেখাচ্ছে দেশের অ্যাক্টিভ কেসের সংখ্যা। ভয় ধরাচ্ছে মৃত্যুও। তবে দৈনিক সংক্রমণ একটু কমেছে
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮