জুলাই ০১, ২০২২ ১২:১২ Asia/Dhaka
  • ‘নির্ধারিত সময়ের আগেই পদ্মা সেতুর টাকা উঠে আসবে

রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়: র‍্যাব ডিজি-কালের কণ্ঠ
  • কোভিডের সবচেয়ে খারাপ সংস্করণ ছড়িয়ে পড়ছে, আমরা কি ভ্যাকসিন আপডেটের জন্য প্রস্তুত?-মানবজমিন
  • হোলি আর্টিজান হামলার ৬ বছর-জঙ্গি সংশ্লিষ্টতায় গ্রেপ্তার প্রায় আড়াই হাজার= প্রথম আলো

  • ‘নির্ধারিত সময়ের আগেই পদ্মা সেতুর টাকা উঠে আসবে’-যুগান্তর
  • সেই জিতুকে স্কুল থেকে বহিষ্কার-দৈনিক ইত্তেফাক
  • সংসদকে রঙ্গশালায় পরিণত করা হয়েছে : রিজভী:দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • আপনার লঘু-মন্তব্য সারা দেশে আগুন জ্বালিয়েছে, নূপুরকে সুপ্রিম কোর্টের ১০ ধমক -আনন্দবাজার
  • মহারাষ্ট্রে সরকার থেকে সরতেই আয়কর নোটিস, পওয়ার বললেন ‘প্রেমপত্র’ পেয়েছি -দৈনিক আজকাল
  • দেশের বর্তমান পরিস্থিতিতে ভয় পাচ্ছি’, মন্তব্য অমর্ত্য সেনের-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

হোলি আর্টিজান হামলার ৬ বছর-জঙ্গি সংশ্লিষ্টতায় গ্রেপ্তার প্রায় আড়াই হাজার-প্রথম আলো

ছয় বছর আগে হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। এ ঘটনা পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছিল। এ ঘটনার পর জঙ্গি দমনে সারা দেশে একের পর এক অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে দেশে ২ হাজার ৪১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে র‌্যাবের হাতেই গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৬৭৮ জন।

এদিকে জঙ্গি দমনের সঙ্গে যুক্ত পুলিশের দুটি ইউনিট গ্রেপ্তার করেছে ৭৩২ জনকে। এর মধ্যে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ৫৫৯ এবং অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ) গ্রেপ্তার করেছে ১৭৩ জনকে।

সিটিটিসি ইউনিটের কর্মকর্তারা জানান, তাঁদের অভিযানে ছয় বছরে গ্রেপ্তার ৫৫৯ জনের মধ্যে নব্য জেএমবির সদস্যই ২০৪ জন। নব্য জেএমবির সদস্যরাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা ঘটিয়েছিল। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়েছে। তাঁদের কেউ কেউ অভিযানের সময় বন্দুকযুদ্ধে মারা গেছেন।

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়: র‍্যাব ডিজি-কালের কণ্ঠ

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। হলি আর্টিজান হামলার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ জুলাই) রাজধানীর গুলশানে পুরাতন গুলশান থানার সামনে স্থাপিত দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।  

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরো বলেন, আমরা যেভাবে জঙ্গিবাদ দমন করেছি সে ধারাবাহিকতা ধরেও রেখেছি। সাইবার জগতে আমরা জঙ্গি কার্যক্রমের বিষয়ে নজরদারি রাখছি। জঙ্গিদের ডি-রেডিকালাইজেশনের কাজ চলছে উল্লেখ করে র‍্যাব ডিজি বলেন, আমরা ১৬ জঙ্গিকে ডি-রেডিকালাইজেশন করেছি। ১৬ জনকে আত্মসমর্পণ করিয়েছি। তাদের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, যাতে করে তারা আবার জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে।  

র‍্যাব এ পর্যন্ত ৩ হাজার জঙ্গি গ্রেপ্তার করেছে উল্লেখ করে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, হলি আর্টিজানের পর আমরা দেড় হাজারের বেশি জঙ্গি গ্রেপ্তার করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মূল পরিকল্পনাকারী আমির সারোয়ার জাহান, অর্থায়ন ও পরিকল্পনার সঙ্গে জড়িত শরিফুল ইসলাম খালেক ও মামনুর রশিদ রিপনের গ্রেপ্তার।

সেই জিতুকে স্কুল থেকে বহিষ্কার-দৈনিক ইত্তেফাক

শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রধান আসামি আশরাফুল আহসান জিতুকে স্কুল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।

তিনি বলেন, জিতুকে স্কুল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যাতে কখনও কোনো শিক্ষকের ওপর এই ধরনের হামলা করার সাহস কেউ না পায়।

গত ২৫ জুন দুপুরে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শিক্ষক উৎপলকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় দশম শ্রেণির ছাত্র জিতু। পরে আহত শিক্ষককে দ্রুত উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এনাম মেডিক্যালে আইসিইউতে রাখা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। 

‘নির্ধারিত সময়ের আগেই পদ্মা সেতুর টাকা উঠে আসবে’-যুগান্তর

টার্গেটকৃত সময়ের অনেক আগেই পদ্মা সেতুর খরচের টাকা উঠে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। 

আগামী ২৫ বছরের মধ্যে খরচের টাকা উঠে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক আগেই আমরা এই সেতুর টাকা তুলে ফেলতে পারবো। কারণ, এই সেতুর যোগাযোগটা আরও বিস্তৃত হবে। কাজেই ১৮ থেকে ২০ বছরের মধ্যে আমাদের টাকা উঠে আসবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ফিজিবিলিটি স্ট্যাডি অনুযায়ী, টোল আদায়ের মাধ্যমে ২৫ থেকে ২৬ বছরে খরচ উঠে আসার পূর্বাবাস ছিল।নিজস্ব অর্থায়নের এই খরচের টাকা সেতু কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে ঋণ নিয়েছে।১ শতাংশ সুদসহ ২৫ বছরে সরকারকে ফেরত দেবে।সেই চুক্তি করে সেতু কর্তৃপক্ষ ঋণ নিয়েছে। এই সেতু হয়েছে আমাদের নিজের টাকায়।বাংলাদেশের টাকায়। আমি মনে করি, অনেক আগেই আমরা এই সেতুর টাকা তুলে ফেলতে পারবো।কারণ, এই সেতুর যোগাযোগটা আরও বিস্তৃত হবে।কাজেই ১৮ থেকে ২০ বছরের মধ্যে আমাদের টাকা উঠে আসবে।

সংসদকে রঙ্গশালায় পরিণত করা হয়েছে : রিজভী:দৈনিক নয়াদিগন্ত

গান, কবিতা, খিস্তি-খেউর আর মিথ্যাচার চালিয়ে জনম্যান্ডেটহীন সংসদকে রঙ্গশালায় পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

জাতীয় সংসদের অধিবেশনে গান গেয়ে আর খিস্তি-খেউর না করে দেশের বন্যার্ত এলাকার জনগণকে সহায়তার আহ্বান জানান রিজভী। রিজভী বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর দিবাগত নিশি রাতের গর্ভে যে সংসদের জন্ম দেওয়া হয়েছে সেই সংসদকে এখন নতুন করে রঙ্গশালায় পরিবর্তন করেছেন। যে যার ইচ্ছেমতো গান, কবিতা, খিস্তি-খেউর আর মিথ্যাচার চালিয়ে জনম্যান্ডেটহীন সংসদকে রঙ্গশালায় পরিণত করা হয়েছে। 

সংসদ অধিবেশনের নামে গান, নাটক, কবিতা আর খিস্তি-খেউর শোনার জন্য রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ না করে সেই টাকা বরং বন্যার্তদের পেছনে খরচ করার আহ্বান জানান তিনি।

আপনার লঘু-মন্তব্য সারা দেশে আগুন জ্বালিয়েছে, নূপুরকে সুপ্রিম কোর্টের ১০ ধমক এক নজরে-আনন্দবাজার

সুপ্রিম কোর্ট নূপুরের আর্জি খারিজ করে দিয়েছে। পাশাপাশি ভর্ৎসনা করেছে দিল্লি পুলিশকেও। আদালতের প্রশ্ন, এত দিন কী করেছে দিল্লি পুলিশ?

তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর দিল্লিতে সরিয়ে আনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিজেপি মুখপাত্র (বর্তমানে নিলম্বিত) নূপুর শর্মা। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দিয়ে তাঁকে তীব্র ভর্ৎসনা করেছে। কী বলল সুপ্রিম কোর্ট, দেখে নেওয়া যাক এক নজরে:

আর্জি খারিজ করে দিয়ে নূপুরকে হাই কোর্টে যেতে বলেছেন বিচারপতি। পাশাপাশি, দিল্লি পুলিশকেও ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের প্রেক্ষিতে তারা কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

রাষ্ট্রপতি ভোটে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি’, মমতার মন্তব্যে জল্পনা -দৈনিক সংবাদ প্রতিদিন

রথযাত্রার দিনে রাষ্ট্রপতি ভোট (Presidential Polls) নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “বিজেপি আগে জানায়নি, তাঁরা এক আদিবাসী মহিলাকে প্রার্থী করছে। তাহলে অন্যভাবে ভাবতাম।” একথাও বললেন যে, দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি।

শুক্রবার দুপুরে রথযাত্রা উপলক্ষে কলকাতায় ইসকনের মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নুসরত জাহান-সহ অন্যান্যরা ছিলেন তাঁর সঙ্গে। সেখান থেকেই রাষ্ট্রপতি ভোট নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি যে আদিবাসী মহিলাকে প্রার্থী করবে সেটা আমরা আগে জানতাম না। আমি আদিবাসী, দলিত সবাইকে সমর্থন করি। আমার অন্যরকম সেন্টিমেন্ট কাজ করে। NDA-যে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করবে সেটা আগে জানলে অন্যভাবে ভাবতাম।”

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন, দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিরোধী ঐক্যের সঙ্গেই রয়েছেন তিনি। তাঁর কথায়, “বিরোধী দলগুলি মিলে একটা সিদ্ধান্তে আসা হয়েছে। ফলে সবাই না বললে একা ফিরে আসা সম্ভব নয়।” মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যে অত্যন্ত ইঙ্গিতবাহী, তা বলাই বাহুল্য।

দেশের বর্তমান পরিস্থিতিতে ভয় পাচ্ছি’, মন্তব্য অমর্ত্য সেনের-সংবাদ প্রতিদিন

আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন, আমি ভয় পাচ্ছি কিনা তাহলে বলব, হ্য়াঁ। ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি ভয় পাওয়ার মতোই।” এভাবেই দেশের এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী (Nobel) অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)।

বৃহস্পতিবার সন্ধ্যায় সল্টলেকে প্রতীচী ট্রাস্টের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই এমন কথা বলতে শোনা গেল বর্ষীয়ান অর্থনীতিবিদকে। সেই সঙ্গে দেশের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তিনি। তিনি বলেন, ”ভারত কেবল হিন্দুদের দেশ নয়। আবার কেবল মুসলিমদেরও নয়। সবাইকে একসঙ্গে একযোগে কাজ করতে হবে এখানে।”

পার্সটুডে/বাবুল আখতার/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।