জুলাই ০৯, ২০২২ ১২:২৬ Asia/Dhaka
  • কথাবার্তা: পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৯ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানির আহ্বান প্রধানমন্ত্রীর –ইত্তেফাক
  • বিদ্যুৎ বিভ্রাটে সংকটে শিল্প খাত-মানবজমিন
  • পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড- প্রথম আলো
  • ঈদের জামাত ঘিরে নাশকতার তথ্য নেই: র‍্যাব-যুগান্তর
  • চান্দিনা বাজার যেন ধ্বংসস্তূপ, ভয়াবহ আগুনে ছাই ৪৩ দোকান -কালের কণ্ঠ
  • বিক্ষোভকারীদের প্রবেশ, সরকারি বাড়ি ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট - নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • লক্ষ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন না! জেরায় চাঞ্চল্যকর দাবি শিনজো খুনে ধৃত আততায়ীর-আনন্দবাজার
  • কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না, দৈনিক সংক্রমণে দেশের মধ্যে দ্বিতীয় বাংলা-আজকাল
  • ‘আগে জানলে দ্রৌপদীকে সমর্থন করা যেত’, মমতার পাশে দাঁড়িয়ে দাবি যশবন্তের-দৈনিক সংবাদ প্রতিদিন

পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড- প্রথম আলো

পদ্মা সেতুতে গতকাল শুক্রবার ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা, যা এ পর্যন্ত এক দিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। আর সেতু চালু হওয়ার পর প্রথমবারের মতো এক দিনে ৪ কোটি টাকা আদায় হলো।

এ হিসাব গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আজ শনিবার সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) এসব তথ্য নিশ্চিত করেছে।

গতকাল মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পার হয়েছে ১৯ হাজার ৬৬৭টি যানবাহন। এতে এ পথে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা টোল আদায় হয়েছে। আর জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১২ হাজার ৫৬টি যানবাহন। এ প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

চান্দিনা বাজার যেন ধ্বংসস্তূপ, ভয়াবহ আগুনে ছাই ৪৩ দোকান -কালের কণ্ঠ

কুমিল্লার চান্দিনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৮ জন মালিকের ৪৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।  

আজ শনিবার (৯ জুলাই) দিনগত ভোররাত পৌনে ৩টায় উপজেলা সদরের মধ্য বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৫টার দিকে। ততক্ষণে ৩৮ জন মালিকের ৪৩টি দোকান ভস্মীভূত হয়।

এ ছাড়া ফুটপাতে থাকা ২০টির বেশি ক্ষুদ্র দোকানও পুড়ে গেছে। ঈদের ঠিক আগের দিন এই আগুনের ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।  ঘটনাস্থল পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি

শনিবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিয়ে পাশে দাঁড়াতে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। প্রত্যেক ব্যবসায়ীর তালিকা তৈরি করে তাৎক্ষণিকভাবে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১০ হাজার টাকা করে প্রদান করেন।

ঈদের জামাত ঘিরে নাশকতার তথ্য নেই: র‍্যাব-যুগান্তর

ঈদুল আজহার জামাত ও উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার তথ্য নেই। তারপরেও প্রস্তুতি হিসেবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. কামরুল হাসান।

মো. কামরুল হাসান বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছরের মতো এবারও র‍্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানির আহ্বান প্রধানমন্ত্রীর –ইত্তেফাক

করোনাভাইরাস আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এই মহামারিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা যেন ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া করি যেন এই সংক্রমণ থেকে সবাই দ্রুত মুক্তি পাই।

শনিবার (৯ জুলাই) প্রধানমন্ত্রী আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে এ আহবান জানান। এসময় তিনি পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল-আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন। তিনি বলেন ‘আমি প্রত্যাশা করি, প্রতিবারের মতো এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে।’

বিদ্যুৎ বিভ্রাটে সংকটে শিল্প খাত-মানবজমিন

দেশে হঠাৎ করেই বিদ্যুৎ বিভ্রাট ভয়াবহভাবে বেড়ে গেছে। রাজধানীসহ সারা দেশে কয়েকদিন ধরে লোডশেডিং চলছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প খাত। উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো বিদেশে পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না। ফলে রপ্তানি অর্ডার বাতিলের শঙ্কা দেখা দিয়েছে।

বিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্টরা বলছে, বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম অনেকটাই বেড়ে গেছে। তাছাড়া দেশীয় গ্যাসের সরবরাহ অনেক কম। এর বাইরে আরও কয়েকটি কারণ আছে। সেগুলোর মধ্যে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছিল, সেই কাজ চলছে। ভারত থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ আসত, ওদের ওই কেন্দ্রটির সমস্যা হয়েছে এ কারণে সেটাও আসছে না। ফলে বর্তমান এই সংকট তৈরি হয়েছে।

বিক্ষোভকারীদের প্রবেশ, সরকারি বাড়ি ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট - নয়া দিগন্ত

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজ শনিবার তার সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে গেছেন। বিক্ষোভকারীরা বলপূর্বক তার বাড়িতে প্রবেশ করলে তিনি পালিয়ে যান বলে খবরে প্রকাশ।

আজ শনিবার পূর্ব-নির্ধারিত বিক্ষোভ সমাবেশ থেকে বিক্ষোভকারীরা কলম্বো ফোর্টের চাথাম স্ট্রিটে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবনের দিকে যেতে থাকে। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং জলকামান ব্যবহার করেও তাদের দমাতে পারেনি। তারা সকল প্রতিরোধ ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বিক্ষোভ প্রতিরোধ করতে এর আগে পুলিশ কলম্বোতে কারফিউ জারি করেছিল। কিন্তু কারফিউ উপেক্ষা করে বিপুলসংখ্যক বিক্ষোভকারী সমবেত হয়। কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে আজ শনিবারই সম্ভবত সবচেয়ে বেশি লোক সমবেত হয়েছিল।

স্থানীয় নিউজ চ্যানেলগুলোতে দেখা যায়, প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশকারী অনেক বিক্ষোভকারী শ্রীলঙ্কার পতাকা ও হেলমেট বহন করছিলেন।

লক্ষ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন না! জেরায় চাঞ্চল্যকর দাবি শিনজো খুনে ধৃত আততায়ীর-আনন্দবাজার

প্রাথমিক ভাবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে খুন করতে চাননি তিনি। একটি ধর্মীয় সংগঠনের নেতা ছিলেন তাঁর আসল লক্ষ্য। পুলিশি জেরায় এমনটাই দাবি করেছেন লিবারাল ডেমোক্র্যাট পার্টির নেতা শিনজো খুনে ধৃত আততায়ী তেৎসুয়া ইয়ামাগামি। জাপানি সংবাদমাধ্যম ‘কিয়োডো নিউজ’-কে এ কথা জানিয়েছেন এক পুলিশ সূত্র। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দু’বার গুলি করার পরেও ঘটনাস্থল থেকে পালানোর কোনও রকম চেষ্টা করেননি তেৎসুয়া। ওখানেই দাঁড়িয়েছিলেন তিনি। যার ফলে তাঁকে গ্রেফতার করতে বিশেষ বেগ পেতে হয়নি পুলিশকে। তেৎসুয়া পুলিশকে জানিয়েছেন, তিনি আসলে এক ধর্মীয় সংগঠনের নেতাকে খুন করতে চেয়েছিলেন। তাঁর দাবি, ওই নেতা তাঁর মায়ের সঙ্গে প্রতারণা করেছেন।

‘কিয়োডো নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশি জেরায় তেৎসুয়ার দাবি, শিনজোই ওই ধর্মীয় সংগঠনকে প্রচারের আলোয় নিয়ে এসেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাজনৈতিক কারণে খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছেন তিনি।

কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না, দৈনিক সংক্রমণে দেশের মধ্যে দ্বিতীয় বাংলা-আজকাল

দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ।

ইতিমধ্যেই করোনার নয়া প্রজাতি ভারতে ঢুকে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমিত হয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে সংক্রমণ বাড়তে থাকায় আতঙ্কিত দেশবাসী। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৮,৮৪০ জন। যা শুক্রবারের তুলনায় সামান্য বেশি। দৈনিক সংক্রমণের পাশাপাশি অ্যাকটিভ কেসও বেড়েছে। বর্তমানে দেশে সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ২৮। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৪৩ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃত ৫ লক্ষ ২৫ হাজার ৩৮৬ জন।দেশের মধ্যে বেশ কয়েকটি রাজ্যে দৈনিক সংক্রমণ বেশ চিন্তায় ফেলেছে। দৈনিক সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে রয়েছে কেরল। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৩১০ জন। দ্বিতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,৯৫০ জন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র (২৯৪৪), তামিলনাড়ু (২৭২২) এবং কর্নাটক (১০৩৭)। দিল্লির দৈনিক সংক্রমণ অবশ্য নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬,১০৪ জন। দেশে এখনও অবধি সুস্থ ৪ কোটি ২৯ লক্ষ ৫৩ হাজার ৯৮০ জন। সুস্থতার হার ৯৮.৫১ শতাংশ। সংক্রমণ বাগে আনতে বুস্টার ডোজে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি মাস্ক ব্যবহার করতে বলছেন চিকিৎসকরা। 

‘আগে জানলে দ্রৌপদীকে সমর্থন করা যেত’, মমতার পাশে দাঁড়িয়ে দাবি যশবন্তের-দৈনিক সংবাদ প্রতিদিন

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সুর মেলালেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। আগে জানা থাকলে এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকেই সর্বসম্মতিক্রমে প্রার্থী করা যেতে পারত বলেই মত তাঁর। যশবন্ত সিনহার এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। বিরোধী ঐক্য কি তবে ‘দুর্বল’ হয়ে পড়ছে, প্রশ্ন রাজনৈতিক মহলের।

রাইসিনা হিলসের পরবর্তী বাসিন্দা বেছে নিতে দুই শিবির দুই প্রার্থীকে মনোনীত করেছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের প্রার্থী পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। শিক্ষকতা ছাড়াও একাধিক রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপালও। আর ১৭ বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে মনোনীত অভিজ্ঞ রাজনীতিক, প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা। প্রসঙ্গত, যশবন্ত বিজেপিতেই ছিলেন দীর্ঘদিন। ২০১৯ সালে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ। ২০২১ সালে তিনি তৃণমূলে (TMC) যোগ দেন। তবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পর তৃণমূলের সমস্ত পদ ছেড়ে দেন। তাঁর হয়ে জোরকদমেই প্রচারে নেমেছে তৃণমূল-সহ বিজেপি বিরোধী দলগুলি। এদিকে, দ্রৌপদী মুর্মুকে ভোটদানের আরজি জানিয়ে বাংলার সাংসদদের চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চিঠির বয়ান নিয়ে হইচই কম হয়নি। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় শুভেন্দুকে খোঁচা দিতেও ছাড়েননি।

পার্সটুডে/ বাবুল আখতার /৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।