একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
চারদিকে উন্নতি, সন্ধ্যা হলেই মোমবাতি: রিজভী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১০ আগস্ট কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা সম্পর্কে সরকার নির্দিষ্ট তথ্য চায়নি-দৈনিক প্রথম আলো
- কূটনীতিকদের মুখ বন্ধ করতে দূতাবাসগুলোতে চিঠি-মানবজমিন
- রাজনীতি থেকে বিএনপির বিদায় নেয়ার সময় এসেছে : ওবায়দুল কাদের- দৈনিক নয়া দিগন্ত
- চারদিকে উন্নতি, সন্ধ্যা হলেই মোমবাতি: রিজভী -যুগান্তর
- যুক্তরাষ্ট্র বিশেষ কোনো দলকে সমর্থন করে না : মার্কিন রাষ্ট্রদূত-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- পার্থের কৃতকর্মে লজ্জিত, কিন্তু তৃণমূল মানেই চোর নয়! পাল্টা নাম দিলেন ফিরহাদ, ব্রাত্য -আনন্দবাজার
-
অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী -দৈনিক আজকাল
- শুভেন্দু বঙ্গ বিজেপির সভাপতি? খবর প্রকাশে চাঞ্চল্য পদ্ম শিবিরে দৈনিক সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা সম্পর্কে সরকার নির্দিষ্ট তথ্য চায়নি-দৈনিক প্রথম আলো
বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড বলেন, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশের নাগরিকদের জমা করা অর্থের বেশির ভাগ অবৈধপথে আয় করা হয়েছে এ ধরনের অভিযোগ রয়েছে। তবে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সুইস ব্যাংক বা কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট কোনো তথ্য চায়নি। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিকাব টকে তিনি এসব কথা বলেন।
ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ডিকাব টকে বাংলাদেশ-সুইজারল্যান্ড বাণিজ্যিক সম্পর্ক, বিনিয়োগ, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড।
সুইস রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বা এসএনবির ২০২২ সালের জুন মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত বছরে বাংলাদেশিরা প্রায় তিন হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা করেছেন।
যুক্তরাষ্ট্র বিশেষ কোনো দলকে সমর্থন করে না : মার্কিন রাষ্ট্রদূত-কালের কণ্ঠ
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশেষ কোনো দলকে আগেও সমর্থন করেনি, এখনো করে না। আজ বুধবার (১০ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
নির্বাচন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, সংকট মোকাবেলায় সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের চেয়ে ভালো কোনো সমাধান নেই। কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া কঠিন।
সে জন্য নির্বাচন কমিশন, সরকারসহ সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত।একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সব দলকে নির্বাচন বর্জন ও না বলার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
চারদিকে উন্নতি, সন্ধ্যা হলেই মোমবাতি: রিজভী -যুগান্তর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই নিশিরাতের সরকার দেশকে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। যে দেশে অলিগার্কদের স্বার্থে রাষ্ট্রের নীতিনির্ধারিত কিংবা আইনপ্রণীত হয়, সেখানে এটিই অনিবার্য পরিণতি। ঘরে ঘরে এখন স্লোগান শোনা যাচ্ছে— ‘চারদিকে উন্নতি, সন্ধ্যা হলেই মোমবাতি’।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন— আমাদের তহবিল খালি হয়ে যাচ্ছে। পরিকল্পনামন্ত্রী বলেছেন—আমরা এখন একটু অসুবিধায় পড়ে গেছি। টাকার ঘাটতি পড়ে গেছে। আর বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছেন— অবশ্যই দেশের অর্থনীতি চাপে আছে। রিজভী দাবি করেন, গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী ও গভর্নরের এই স্বীকারোক্তি প্রমাণ করে পরিস্থিতি অতিভয়াবহ।
চারদিকে উন্নতি, সন্ধ্যা হলেই মোমবাতি: রিজভী -যুগান্তর
মতিঝিল এলাকার মানি এক্সচেঞ্জগুলোতে এখন ডলার নেই। তবে তারা গ্রাহকদের কাছে সময় নিয়ে প্রতি ডলার ১১৯ টাকায় বিক্রি করছেন। বুধবার (১০ আগস্ট) খোলা বাজারে ডলার ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জের কর্মীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ মানি এক্সচেঞ্জেই এখন নগদ ডলার সংকট। বিক্রির চেয়ে কিনছে বেশি। তবে বিক্রি করার লোক নেই। আবার এতোদিন যারা রাস্তায় ডলার কেনাবেচা করতেন, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে তারাও সরাসরি কেনাবেচা করছেন না।
বুধবার কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ ডলার কিনতে গ্রাহককে গুণতে হচ্ছে ১১৮ থেকে ১১৯ টাকা। সোমবার যা ছিল ১১৪ থেকে ১১৫ টাকা। খোলাবাজারে সাধারণ গ্রাহক বিক্রি করলে প্রতি ডলার পাচ্ছে ১১৫ টাকা থেকে ১১৬ টাকা।
অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী -দৈনিক আজকাল
রেকর্ড গড়লেন নীতীশ কুমার। দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করলেন বর্ষীয়ান রাজনীতিক। বুধবার দুপুর ২টোয় বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। পাটনায় রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহানের সামনে শপথবাক্য পাঠ করলেন নীতীশ কুমার। একইসঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন লালু-পুত্র তেজস্বী যাদব।
১৩ বছর ঘর করার পর মঙ্গলবার অবলীলায় বিজেপি জোটের সংসার ছেড়ে বেরিয়ে গেলেন নীতীশ। গতকাল রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন। এর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়বার রাজভবনে গিয়ে নীতীশ-তেজস্বী ১৬৪ জন বিধায়কের সই করা সমর্থনপত্র জমা দেন।
সূত্রের খবর, এবার ক্যাবিনেটেও রয়েছে চমক। স্বরাষ্ট্র মন্ত্রক নিজের কাছেই রেখেছেন জেডিইউ প্রধান।বিজেপি-সঙ্গ ত্যাগ করে ফের আরজেডি, কংগ্রেস, বামেদের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে চলেছেন নীতীশ কুমার।
পার্থের কৃতকর্মে লজ্জিত, কিন্তু তৃণমূল মানেই চোর নয়! পাল্টা নাম দিলেন ফিরহাদ, ব্রাত্য -আনন্দবাজার
তৃণমূলের ১৯ নেতা-মন্ত্রীর সম্পত্তি কী ভাবে বাড়ছে তা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হওয়ার দু’দিন পর ‘পূর্ণ সত্য’ নিয়ে সামনে এল তৃণমূল। তাদের দাবি, বিষয়টি নিয়ে বিজেপি, বাম ও কংগ্রেস অর্ধসত্য প্রচার চালাচ্ছে। যে ১৯ জনের নাম গত সোমবার প্রকাশ্যে এসেছিল, তাঁদের মধ্যে ছ’জন ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, অরূপ রায়, শিউলি সাহা, মলয় ঘটক এবং জ্যোতিপ্রিয় মল্লিক বুধবার সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠকেই ‘সম্পূর্ণ’ তালিকা তুলে ধরেন ব্রাত্য। তিনি অধীর চোধুরী, সূর্যকান্ত মিশ্র-সহ বিরোধী দলের একাধিক নেতার নাম ওই তালিকায় রয়েছে বলে দাবি করেন।
বুধবারের বৈঠকে হাজির তৃণমূলের ছয় মন্ত্রীকেই ‘আক্রমণাত্মক’ ভঙ্গিমায় দেখা গিয়েছে। ফিরহাদের বক্তব্য, ‘‘সুযোগ পেয়েছেন, সকলেই অপমান করছেন। এটা জনস্বার্থ মামলা নয়। রাজনৈতিক স্বার্থে করা মামলা।’’ তাঁর দাবি, ‘‘রোজগার বাড়ানো কোনও অন্যায় নয়। সম্পত্তি কেনাও কোনও অন্যায় নয়।#
পার্সটুডে/বাবুল আখতার/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।