পত্র পত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
কথাবার্তা: আবরারের মতো তোকেও মেরে ফেলবো': রাবি ছাত্রলীগ নেতা
প্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২০ আগস্ট শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ভারতের সমর্থন ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারছে না: মান্না–দৈনিক প্রথম আলো
-
বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে-১৫ দিনে ডিমের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা ১১২ কোটি টাকা-দৈনিক কালেরকণ্ঠ
- পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না:আব্দুর রহমান-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
- আবরারের মতো তোকেও মেরে ফেলবো' : রাবি ছাত্রলীগ নেতা- দৈনিক নয়াদিগন্ত
- ‘যারা অন্যের আনুকূল্যে টিকে থাকে, তাদের দেশ শাসন করার অধিকার নেই’-দৈনিক যুগান্তর
ভারতের শিরোনাম:
- পার্থ বলির পাঁঠা, মমতার ‘অনুপ্রেরণা’ ছাড়া কিছু করেননি, দাবি বিকাশরঞ্জনের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- জামিনের আবেদন খারিজ, আরও চারদিন সিবিআই হেফাজতে অনুব্রত-দৈনিক আজকাল
- ফের ২৬/১১-এর মতো হামলা হবে’, হুমকি এল পাকিস্তান থেকে, তীব্র আতঙ্ক মুম্বই জুড়ে-দৈনিক সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
মার্কিন মুদ্রার জোর কোথা থেকে আসে –দৈনিক প্রথম আলো
২৮০ টাকা পর্যন্ত বেশি খরচায় কিনতে হচ্ছে ১২ কেজির এলপিজি–দৈনিক প্রথম আলো
আওয়ামী লীগ ভারতের সমর্থন না পেলে ক্ষমতায় থাকতে পারছে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারত সরকারকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ করা নিয়ে বক্তব্য প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যদি ভারতের কোনো সমর্থন ছাড়াই শেখ হাসিনা সরকার থাকতে পারে, তাহলে কেন বলেছেন ভারত সরকারকে? উনি (পররাষ্ট্রমন্ত্রী) মনে করেন, শেখ হাসিনা সরকারকে এখন রাখার জন্য ভারতের সমর্থন ছাড়া উপায় নেই।’ আমেরিকার সমর্থনও লাগবে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমেরিকাকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপিকে বোঝান যেন নির্বাচনে আসে। আমেরিকার কেন বোঝাতে হবে, আপনারা নিজেরা বোঝাতে পারেন না? তাঁরা নিজেরা তো বোঝাতে পারেন না।’
মাহমুদুর রহমান বলেন, ‘আমেরিকাকে বোঝানো যায়, কারণ আমেরিকা তো ইভিএমে ভোট করে। কিন্তু আমেরিকার ইভিএমে ভোট হওয়ার পর একটি স্লিপ আসে যে কাকে ভোট দিয়েছেন। কিন্তু আমাদের দেশে সেটা নেই। আমেরিকা সেটা তো বুঝবে না। তারা (আমেরিকা) বলবে, ইভিএমে ভোট হচ্ছে, কেন করে না (বিএনপি)। যাদের বোঝায়, তাদের দুর্বল জায়গা ধরার চেষ্টা করে। তার মানে আমেরিকাকে দুই নম্বর বুদ্ধিতে না বোঝালে, ভারতের সমর্থন না পেলে তারা ক্ষমতায় থাকতে পারছে না।’
বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে-১৫ দিনে ডিমের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা ১১২ কোটি টাকা-দৈনিক কালেরকণ্ঠ
ক্ষুদ্র খামারিদের সংগঠন ‘বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন’ জানিয়েছে, গত ১৫ দিনে বড় কম্পানিগুলো ডিমের বাজার থেকে ১১২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। শুধু ডিম নয়, মুরগির বাচ্চার দাম বাড়িয়ে লুটে নিয়েছে ২৩৪ কোটি টাকা। ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে লুটে নিয়েছে ১৭২ কোটি টাকা। আজ শনিবার (২০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার। মো. সুমন হাওলাদার বলেন, দেশে প্রতিদিন ডিমের চাহিদা সাড়ে চার কোটি পিস। এর মধ্যে বড় কম্পানিগুলোই এই চাহিদার আড়াই কোটি সরবরাহ করে। প্রতি ডিমে তিন টাকা করে বেশি নিয়ে প্রতিদিন সাত কোটিরও বেশি টাকা তারা অবৈধভাবে লাভ করেছে। এভাবে গত ১৫ দিনে বড় কম্পানিগুলো ডিমের বাজার থেকে ১১২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
‘যারা অন্যের আনুকূল্যে টিকে থাকে, তাদের দেশ শাসন করার অধিকার নেই’-দৈনিক যুগান্তর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যারা অন্যের আনুকূল্যে টিকে থাকে তাদের দেশ শাসন করার অধিকার নেই বলে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিদ্যুতের লোডশেডিং, তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক দমন-পীড়নের প্রতিবাদে ইউট্যাব এ কর্মসূচির আয়োজন করে।
বিএনপি মহাসচিব বলেন, তার প্রমাণ তারা একে একে দিয়ে যাচ্ছে। দেশের মানুষ যুদ্ধ করে নিজেদের স্বাধীন করেছে এবং নিজেদের স্বাধীন বলে পরিচয় দিতে গর্ব বোধ করে তখন আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ভারত সরকারকে বলেন, সাহায্য করবেন শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য। অর্থাৎ তারা এ কথা বলতে চান যে, ভারত সরকারের আনুকূল্যে এই সরকার টিকে আছে। আমি কালকেও তাদের বলেছিলাম, এটা ব্যাখ্যা আমরা জানতে চাই। পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তার জায়গা থেকে সরে আসেননি। তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে তিনি আবারও ওটাই নিশ্চিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না:আব্দুর রহমান-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেউ না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আমাদের দলের কেউ না। তার বক্তব্যের দায়ভার আওয়ামী লীগ নেবে না।’
আজ শনিবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির আয়োজনে এই সভা হয়।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রী ভারত নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা আওয়ামী লীগের দলীয় বক্তব্য নয়। আওয়ামী লীগ জনগণের দল, সুতরাং কোনো দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না।’
আবরারের মতো তোকেও মেরে ফেলবো' : রাবি ছাত্রলীগ নেতা- দৈনিক নয়াদিগন্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে হলকক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করার পাশাপাশি গলায় ছুরি ঠেকিয়ে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এছাড়া নির্যাতনের ঘটনাটি সাংবাদিক কিংবা পুলিশকে জানালে তাকেও বুয়েটের আবরার ফাহাদের মতো মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে অভিযুক্ত ছাত্রলীগ নেতার রুমে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামছুল ইসলাম।
এদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ভাস্কর সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী বলে জানা গেছে। ভুক্তভোগী শিক্ষার্থী সামছুলের জানান, নিজের পড়াশোনার পাশাপাশি হলেই মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে পরিবার চালানোর পাশাপাশি ছোট ভাইয়ের পড়াশোনার খরচ চালান তিনি। শুক্রবার বিকেল ৩টার দিকে রুমে ডেকে নিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগ নেতা ভাস্কর সাহা। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিকেল ৩টাথেকে সন্ধ্যা ৬টা (৩ ঘণ্টা) পর্যন্ত আটকে রেখে ভুক্তভোগীকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন ভাস্কর সাহাসহ তার দুজন সহযোগী
পার্থ বলির পাঁঠা, মমতার ‘অনুপ্রেরণা’ ছাড়া কিছু করেননি, দাবি বিকাশরঞ্জনের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
এসএসসি নিয়োগে ‘দুর্নীতি’ মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে তিনি ‘বলির পাঁঠা’ হয়েছেন, আসল ‘অনুপ্রেরণা’ তাঁর প্রাক্তন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করলেন সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। শুক্রবার আনন্দবাজার অনলাইনে ‘অ-জানা কথা’য় বিকাশের দাবি, ‘ তাঁদের কাছে তথ্য আছে যে নিয়োগ ক্ষেত্রে যে কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আবার নিজে ভোটের আগে এমন দুর্নীতি নিয়োগ প্রক্রিয়া চালু করেছেন। চাকরির বিনিময়ে যে টাকা ‘সংগ্রহ’ করা হয়েছে, তা পার্থের একার জন্য নয়। তৃণমূল দলের জন্য তোলা হয়েছে। তাঁর কথায়, ‘‘এগুলো সাধারণ বুদ্ধি খাটালে বোঝা যায়। এ জন্য রকেট সায়েন্স বুঝতে হবে না। পার্থ ছিলেন তৃণমূলের দু’নম্বর (দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলতে চেয়েছেন) লোক। তিনি শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন। মমতার পরেই পার্থ।’’ এর পর বিকাশ আরও বলেন, ‘‘এমন কোনও কাজ পার্থ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া করতে পারেন না। কারণ, তিনি সরকারি দফতরের কোনও কিছু নিয়ে বলতে গেলে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়...।’’
জামিনের আবেদন খারিজ, আরও চারদিন সিবিআই হেফাজতে অনুব্রত-দৈনিক আজকাল
জামিনের আবেদন খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের।
আরও চারদিন সিবিআই হেফাজতে থাকবেন বীরভূমের দাপুটে নেতা। ২৪ আগস্ট ফের তাঁকে আদালতে তোলা হবে। প্রভাবশালী তত্ত্বেই খারিজ হল অনুব্রতর জামিনের আবেদন। শনিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পৌঁছনোর আগেই অনুব্রতর অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। পাল্টা সিবিআই আরও চারদিনের হেফাজত চায়। দু’পক্ষের আইনজীবীরা যুক্তি–পাল্টা যুক্তি দিতে থাকেন। সওয়াল জবাব শোনার পর কিছুক্ষণ রায়দান স্থগিত রাখেন বিচারক রাজেশ চক্রবর্তী। পরে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন তিনি।এটা ঘটনা, সিবিআই এদিন প্রভাবশালী তত্ত্বেই বাজিমাত করে আদালতে। সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, ‘অনুব্রত মণ্ডল প্রভাবশালী। উনি জামিনে মুক্তি পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। ভয় দেখাতে পারেন।’ এমনকী সিবিআইয়ের তরফে জানানো হয়, তদন্তে সহযোগিতা করছেন না তিনি। যদিও অনুব্রতর আইনজীবী দাবি করেন, ‘অসুস্থ বলেই অতীতে হাজিরা দিতে পারেননি।’ বিচারক শেষ অবধি চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।
ফের ২৬/১১-এর মতো হামলা হবে’, হুমকি এল পাকিস্তান থেকে, তীব্র আতঙ্ক মুম্বই জুড়ে-দৈনিক সংবাদ প্রতিদিন
বাণিজ্য নগরিতে ফের ২৬/১১-র ধাঁচে হামলা হবে। পাকিস্তানের (Pakistan) একটি নম্বর থেকে এমনই হুমকি পেল মুম্বই (Mumbai) পুলিশ! শনিবার মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের তরফে এই হুমকির বিষয়ে নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজে (WhatsApp Message) পাঠানো হয়েছে সন্ত্রাসবাদী হামলার (Terrorist Attack) হুমকি। ইতিমধ্যে এই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। শহরে জারি হয়েছে সতর্কতা।
একটি সূত্রের দাবি, যে নম্বর থেকে হোটাসঅ্যাপে নাশকতার হুমকি দেওয়া হয়েছে সেটি পাকিস্তানেরই। যদিও অন্য একটি সূত্রের দাবি, নম্বরটি প্রতিবেশী কোনও দেশের। পাকিস্তানের কিনা নিশ্চিত নয়। ওই মেসেজে বলা হয়েছে, ২৬/১১-এর ধাঁচেই মুম্বইতে হামলা হবে। বিস্ফোরণ ঘটানো হবে শহরে। মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটাসঅ্যাপে মেসেজে মু্ম্বইয়ে হামলার হুমকির পাশাপাশি বলা হয়েছে, উদয়পুরের দরজির মুণ্ডচ্ছেদের মতো ঘটনাও হবে সৈকত শহরে। এই মেসেজ পাওয়ার পরেই সতর্কতা জারি হয়েছে মুম্বই জুড়ে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পার্সটুডে/বাবুল আখতার/১