পত্র পত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
২৮ মানি চেঞ্জারের ব্যাংক হিসাব তলব
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৩ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- প্রধানমন্ত্রীর ভারত সফর, নতুন মোড় নিতে পারে রাজনীতি-মানবজমিন
- হাফ পাসের দাবিতে বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ-প্রথম আলো
- ২৮ মানি চেঞ্জারের ব্যাংক হিসাব তলব–যুগান্তর।
- আরো ১ কোটি ডোজ ফাইজারের টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র-কালের কণ্ঠ
- ডলারে অতিরিক্ত মুনাফা: ছয় ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ-দৈনিক ইত্তেফাক
- দেশে গণতন্ত্র চায় এমন কেউ নিরাপদ নয় : মির্জা ফখরুল-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- মুক্ত বিলকিসের ধর্ষকরা, সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা সুপ্রিম কোর্টে- দৈনিক আজকাল
- পয়গম্বরকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য, গ্রেপ্তার তেলেঙ্গানার বিজেপি বিধায়ক
- স্বামীর মৃত্যুর পর শাশুড়ির দায়িত্ব নেননি! পুত্রবধূকে হাই কোর্টে হাজিরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের-আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! এবরে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।
জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি।
প্রধানমন্ত্রীর ভারত সফর, নতুন মোড় নিতে পারে রাজনীতি- এটি দৈনিক মানবজিমন অনলাইনের শিরোনাম। কী ধরনের পরিবর্তন আসবে বলে মনে হয়?
২. রাশিয়া থেকে ৫.৫ বিলিয়ন ডলারের জ্বালানী কিনেছে জাপান, দ. কোরিয়া এবং তাইওয়ান। এ কারণ কী?
এবারে বাংলাদেশের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেয়া যাক।
হাফ পাসের দাবিতে বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ-প্রথম আলো
বাসে অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বনানীর কাকলী থেকে গুলশান-২ যাওয়ার এই সড়কে শতাধিক শিক্ষার্থী অবস্থান নেয়। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই এলাকায়।
শিক্ষার্থীরা বলছে, গুলশান-বনানী এলাকায় চলাচলকারী গণপরিবহনে ভাড়া অনেক বেশি। তারপরও শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হন না। এ কারণে তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে।
শিক্ষার্থীরা ‘হাফ পাস চাই’, ‘হাফ পাস ভাড়া নিয়ে কোনো টালবাহানা চলবে না’ লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছে।শিক্ষার্থীরা বলছে, গুলশান-বনানী-নতুনবাজার রুটের বাসগুলো এখনো হাফ পাস নিচ্ছে না। প্রতিদিন হাজারো শিক্ষার্থী এ রুটে যাতায়াত করে। ২ দশমিক ৫ কিলোমিটার রাস্তার ভাড়া ৩০ টাকা নিচ্ছে বাসগুলো। তাই হাফ পাসের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে রাজধানীর কাকলী মোড় সংলগ্ন, বনানী পোস্ট অফিসের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া প্রথম আলোকে বলেন, ‘দুপুর ১২টার দিকে হাফ ভাড়ার দাবিতে শতাধিক শিক্ষার্থী রাস্তায় নেমে সড়ক অবরোধ করেছে। আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করছি।’
আরো ১ কোটি ডোজ ফাইজারের টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র-কালের কণ্ঠ
বাংলাদেশে আরো ১ কোটি ডোজ ফাইজারের টিকার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। কোভেক্সের মাধ্যমে ফাইজারের তৈরি কভিড-১৯ টিকার অনুদান দিয়েছে দেশটি। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুদানের মধ্য দিয়ে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের টিকা ডোজের সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়িয়েছে।
আন্তর্জাতিক সহায়তা হিসেবে বাংলাদেশ যে পরিমাণ কভিড-১৯ টিকা ডোজ পেয়েছে তার মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের জাতীয় কভিড-১৯ টিকাদান কর্মসূচির প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের কাজের প্রচেষ্টার মধ্যে রয়েছে বাংলাদেশের ৬৪টি জেলায় টিকাদান কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য ৫১ হাজার জনেরও বেশি স্বাস্থ্যসেবাদানকারী ও অন্যান্য কর্মীদের নিরাপদ টিকাদান কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান। এছাড়াও যুক্তরাষ্ট্র ১৮টি ফ্রিজার ভ্যান, সাড়ে সাতশ ফ্রিজার ইউনিট ও আট হাজার টিকা বহন বাক্স অনুদান দেওয়ার পাশাপাশি চার কোটি ৭০ লাখ টিকা সরাসরি প্রদানের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পাঁচ কোটি ৭০ লাখ ডোজ টিকা পরিবহনে সহায়তা করেছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশে কভিড-১৯ সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ১৪ কোটি ডলার বা ১ হাজার ৪০০ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে। বিশ্বব্যাপী কোভ্যাক্স কার্যক্রমের আওতায় কভিড-১৯ টিকার অতি-শীতলীকৃত মজুদ, পরিবহন ও নিরাপদ ব্যবহার-বিধি অনুসরণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ৪০০ কোটি ডলার অনুদান দিয়েছে। আর এই অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কভিড-১৯ টিকা গ্রহণের ন্যায়সঙ্গত সুযোগ তৈরি করার ক্ষেত্রে বৃহত্তম দাতা দেশের মর্যাদা লাভ করেছে বলে জানিয়েছে বাংলাদেশে মার্কিন দূতাবাস।
২৮ মানি চেঞ্জারের ব্যাংক হিসাব তলব–যুগান্তর
ডলারের কারসাজি রোধে খোলাবাজার ও এক্সচেঞ্জ হাউসগুলোতে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে কেন্দ্রীয় ব্যাংক।
এরই অংশ হিসেবে এবার অর্থপাচারে জড়িত সন্দেহে ২৮টি মানি চেঞ্জারের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।মঙ্গলবারের মধ্যে এসব প্রতিষ্ঠানকে ব্যাংক হিসাব জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। যেসব মানি চেঞ্জারের হিসাব তলব করা হয়েছে, তা হলো— নিবেদিতা মানি এক্সচেঞ্জ, সিটি মানিটারি এক্সচেঞ্জ, বকাউল মানি এক্সচেঞ্জ, মনডিয়াল মানি এক্সচেঞ্জ, নাবিলস মানি চেঞ্জার, হিমালয় ডলার মানি চেঞ্জার, ক্যাপিটাল মানি চেঞ্জার, মেট্রো মানি এক্সচেঞ্জ, ডিপেনডেন্ট মানি চেঞ্জার, ঢাকা মানি চেঞ্জার, লর্ডস মানি চেঞ্জার, গ্লোরি মানি এক্সচেঞ্জ, ডিএন মানি চেঞ্জার, অংকন মানি এক্সচেঞ্জ, বিজয় মানি এক্সচেঞ্জ, বিনিময় মানি এক্সচেঞ্জ, বুড়িগঙ্গা মানি এক্সচেঞ্জ, ফয়েজ মানি এক্সচেঞ্জ, কুমিল্লা মানি এক্সচেঞ্জ, এএসএন মানিচেঞ্জার, বিকেবি মানি এক্সচেঞ্জ, কেয়া মানি চেঞ্জার, আলফা মানি এক্সচেঞ্জ, ক্রিস্টাল মানি এক্সচেঞ্জ, দি লিয়াজোঁ মানি এক্সচেঞ্জ, উত্তরা মানি চেঞ্জার, বিজয় মানি এক্সচেঞ্জ, বিজয় ইন্টারচেঞ্জ।
ডলারের কারসাজি রোধে খোলাবাজার ও এক্সচেঞ্জ হাউসগুলোতে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে কারসাজির অপরাধে পাঁচ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করা হয়েছে। পাশাপাশি ৪৫টিকে শোকজ করা হয়েছে। এ ছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।
বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত ২৩৫টি মানি চেঞ্জারকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু বর্তমানে বৈধ-অবৈধ মিলে মানি চেঞ্জারের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪২টি। এ হিসাবে অবৈধ মানি চেঞ্জার ৫০৭টি। অবৈধদের ব্যবসা বন্ধ করতে আইনপ্রয়োগকারী সংস্থাকে কাজ করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রাথমিক অভিযানে যাদের ভুলত্রুটি পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবার প্রয়োজনে সময় নিয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যাংক ও মানি চেঞ্জারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রধানমন্ত্রীর ভারত সফর, নতুন মোড় নিতে পারে রাজনীতি-মানবজমিন
রাষ্ট্রীয় সফরে আগামী ৫ই সেপ্টেম্বর নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ওই সফরটি নানা কারণে তাৎপর্যপূর্ণ। পর্যবেক্ষকরা মনে করেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি নতুন মোড় নিতে পারে। পেশাদার কূটনীতিকদের মতে, দ্বিপক্ষীয় সম্পর্কের বোঝাপড়া, আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি, যুদ্ধ-সংঘাতের কারণে জ্বালানি সহ নিত্যপণ্যের সরবরাহে সৃষ্ট বৈশ্বিক সংকট এবং বাংলাদেশ ও ভারতে আসন্ন জাতীয় নির্বাচন সফরটিতে বাড়তি মাত্রা যুক্ত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যা যা করা দরকার সেটি করতে ভারত সরকারকে অনুরোধ করেছেন মর্মে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন যে বক্তব্য দিয়েছেন তা নানাভাবে আলোচিত হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রীর ওই বক্তব্য দেয়ার একদিন পর ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এক অনুষ্ঠানে বলেন, ভারত সব সময় বাংলাদেশের পাশে ছিল, আছে এবং থাকবে। প্রধানমন্ত্রীর সফরের আগে এ দুটি বক্তব্যও আলোচিত হচ্ছে কূটনৈতিক অঙ্গনে। সরকার প্রধানের সফরের এডভান্স টিম এরইমধ্যে দিল্লি ঘুরে এসেছে।
সেগুনবাগিচার পররাষ্ট্র ভবন এবং রমনার রাষ্ট্রাচার প্রধানের দপ্তরে প্রায় প্রতিদিনই সফরের খুঁটিনাটি নিয়ে বৈঠক হচ্ছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ওই সফর প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না হয় এ জন্য নির্ঘুম রাত কাটাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য মতে, প্রায় ৩ বছর বিরতির পর পূর্ণ দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন।
দেশে গণতন্ত্র চায় এমন কেউ নিরাপদ নয় : মির্জা ফখরুল-দৈনিক নয়াদিগন্ত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র চায় এমন কোনো মানুষ দেশে এখন নিরাপদ নয়। গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কারাগারে অন্তরীণ না হলেও গৃহ অন্তরীণ রয়েছেন। গতকালও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হয়েছে। ডাক্তার চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কথা বললেও সরকার অনুমতি দেয়নি, দিচ্ছে না। খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছেন না কারণ এ সরকারের ভয় খালেদা জিয়া বের হলে তাকে সামাল দিতে পারবে না।
মঙ্গলবার খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সরকারের হাতে গত ৯ বছরে গুম, খুনের শিকার নেতাকর্মীদের মধ্যে ১৪টি পরিবারকে এককালীন শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী হেল্প সেল এ অনুষ্ঠানের আয়োজন করে। ফেনী, ভোলা-চট্টগ্রাম ও নেত্রকোনা জেলার ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, চলমান কর্মসূচির অংশ হিসেবে গতকাল থেকে গ্রাম পর্যায়ে বিএনপি'র আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। হত্যা, গুম, নির্যাতনের পরও বিএনপিকে দমাতে ব্যর্থ হওয়া শেখ হাসিনার সরকারের বড় ক্ষোভের জায়গা।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা জেগে উঠছি, সবাইকে জেগে উঠতে হবে, নেতা-কর্মীদের ত্যাগ ও অশ্রু বৃথা যেতে দেয়া হবে না। আমাদেরকে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে।
এ সময় দেশের উন্নয়ন নয়, জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরিয়েছে সরকার বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, এই অনির্বাচিত দানবীয় সরকারকে পরাজিত করে বিএনপি ক্ষমতায় গেলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলের গুম, খুন ও নির্যাতনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে।
মুক্ত বিলকিসের ধর্ষকরা, সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা সুপ্রিম কোর্টে- দৈনিক আজকাল
বিলকিস বানোর গণধর্ষণে অভিযুক্ত ১১ জনকে স্বাধীনতা দিবসের দিনেই মুক্ত করেছে গুজরাট সরকার।
দেশ জুড়ে ইতিমধ্যে শুরু হয়েছে তীব্র চর্চা। এই নারকীয় ঘটনায় জড়িতদের কেন ছেড়ে দেওয়া হল? প্রশ্ন উঠছে প্রায় সব মহলে। তার মধ্যেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হল শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
আজ, মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে এই মামলার উত্থাপন করা হয়েছে। তিনি মামলাটি তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনা করবেন বলেও জানিয়েছেন। বিলকিস বানোকে গণধর্ষণ করে ১১ জন। ২১ বছরের বিলকিস তখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। তাঁর সামনেই মেরে ফেলা হয় তাঁর শিশু সন্তানকে। পরিবারের আট জনকে হত্যা করা হয়। ২০০২ থেকে লড়াই জারি রেখেছেন বানো।
২০০৮ সালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় ১১ জনকে। কিন্তু ২০২২ সালের ১৫ আগস্ট মুক্তি দেওয়া হয়েছে তাদের। মুক্তির দাবি জানিয়ে অভিযুক্তদের একজন আর্জি জানায়। তারপরেই গুজরাট সরকার রাজ্য সরকারের ক্ষমা-নীতির অধীনে ১১ জনকে মুক্ত ঘোষণা করেছে। অভিযুক্তরা মুক্ত হওয়ার পর থেকেই ফের আতঙ্কিত বানো। এই মুহূর্তে ভয়হীন জীবন যাপন করার অধিকারটুকু ফিরে চাইছেন তিনি।
পয়গম্বরকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য, গ্রেপ্তার তেলেঙ্গানার বিজেপি বিধায়ক
পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হলেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক (Telengana BJP MLA) টি রাজা সিং। মঙ্গলবার সকালেই রাজার বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) বক্তব্যকে সমর্থন করে একটি ভিডিও প্রকাশ করেছিলেন রাজা। সেই ভিডিও ঘিরেই উত্তেজনা তৈরি হয়। পুলিশের নানা দপ্তর ঘিরে বিক্ষোভ দেখান মুসলিম ধর্মাবলম্বীরা। তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, রাজার বিরুদ্ধে এহেন অভিযোগ আনা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই রাজাকে গ্রেপ্তার করা হয়।
রাজা জানিয়েছেন, স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে কটাক্ষ করেই ভিডিওটি তৈরি করেছিলেন তিনি। অন্য কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না তাঁর। তিনি বলেছেন, “আমি বুঝতে পারছি না কীসের ভিত্তিতে পুলিশ অভিযোগ দায়ের করেছে। কোনও সম্প্রদায়ের নাম উল্লেখ করে আমি ভিডিও বানাইনি। শুধুমাত্র ফারুকিকে কটাক্ষ করা হয়েছিল। আমি কারও ভাবাবেগে আঘাত করিনি। তাছাড়াও এই ভিডিওটির দু’টি ভাগ রয়েছে। কিছুদিনের মধ্যেই দ্বিতীয় ভাগ প্রকাশ করার পরিকল্পনা ছিল।” জানা গিয়েছে, কিছুদিন আগেই নূপুর শর্মা যে বিতর্কিত মন্তব্য (Prophet Row) করেছিলেন, ভিডিওতে তারই পুনরাবৃত্তি করেছেন রাজা।
স্বামীর মৃত্যুর পর শাশুড়ির দায়িত্ব নেননি! পুত্রবধূকে হাই কোর্টে হাজিরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের-আনন্দবাজার পত্রিকা
এসএসসি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে আবার তোলা হয়েছে আদালতে। বৃহস্পতিবার আদালতের প্রবেশপথে দাঁড়িয়ে পার্থের মন্তব্য, “কেউ ছাড়া পাবে না।” একটু থেমে তাঁর সংযোজন, “সময়ে সব কিছু প্রমাণ হবে।’’ যদিও ‘কেউ’ বলতে কাদের ইঙ্গিত করলেন প্রাক্তন মন্ত্রী, সময়ে কী প্রমাণ হবে, তা নিয়ে কোনও উচ্চবাচ্চ করেননি তিনি।
পার্থকে রাখা হয়েছে আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগারে। অর্পিতাকে রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে। বুধবার সেখানে তাদের আলাদা করে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা। এর পর বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে স্বাস্থ্য সংক্রান্ত কারণ দেখিয়ে পার্থের জামিনের আবেদন করেন আইনজীবী। আদালতে তিনি জানান, পার্থের হিমোগ্লোবিন কম। তাঁর শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়েছে। একা চলাফেলার ক্ষেত্রেও তাঁর অসুবিধা রয়েছে বলে জানিয়েছেন পার্থের আইনজীবী।#
পার্সটুডে/বাবুুল আখতার/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।