পত্র পত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
কারওয়ান বাজার এলাকায় কারা, কীভাবে ছিনতাই করে
প্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৬ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- কারওয়ান বাজার এলাকায় কারা, কীভাবে ছিনতাই করে–দৈনিক প্রথম আলো
-
মাদারীপুরে শাজাহান খান-রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার-দৈনিক কালেরকণ্ঠ
- পাকিস্তানে ভয়াবহ বন্যা, ৯৩৭ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি-দৈনিক মানবজমিন
- রুশ তেল আমদানিতে বিকল্প খোঁজা হচ্ছে- দৈনিক নয়াদিগন্ত
- বিএনপি রাজনীতি জানে না: হানিফ’-দৈনিক যুগান্তর
ভারতের শিরোনাম:
- ২১ বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ ঘোষণা করল ইউজিসি, তালিকায় রয়েছে বাংলার দুই-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- সোনিয়াকে চিঠি, কংগ্রেস থেকে ইস্তফা গুলাম নবি আজাদের-দৈনিক আজকাল
- তোমাদের সহ্য হয় না, ভারতে ফিরে যাও’, ভারতীয় বংশোদ্ভূতদের উপরে চড়াও মার্কিন মহিলা! ভিডিও ভাইরাল-দৈনিক সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
কারওয়ান বাজার এলাকায় কারা, কীভাবে ছিনতাই করে–দৈনিক প্রথম আলো
রাজধানীর কারওয়ান বাজার ও এর আশপাশে দিনে অন্তত তিন থেকে পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তিনটি পেশাদার দলের সঙ্গে তেজগাঁও এলাকার ২৫ জন ভাসমান শিশু জড়িত রয়েছে চুরি ও ছিনতাইয়ে। ঢাকা মহানগর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ও প্রথম আলোর অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে। অফিস শুরু ও শেষ হওয়ার সময় কারওয়ান বাজার ও ফার্মগেটের মাঝে রহমান ম্যানশনের সামনে, তেজগাঁও ট্রাক টার্মিনাল, সাতরাস্তা ও এফডিসির সামনে একাধিক দলে বিভক্ত হয়ে ছিনতাইয়ে নামেন চক্রের সদস্যরা। চক্রের প্রধান চোখের ইশারায় লক্ষ্য ঠিক করে দেন। চক্রের সদস্যরা সেই অনুযায়ী ছিনতাই করে পালিয়ে যান।
বাসের জানালার পাশে বসা যাত্রীর মুঠোফোন, পথচারী, রিকশা ও সিএনজি চালিত অটোরিকশার যাত্রীদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে টাকা ও দামি জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। চক্রটি কারওয়ান বাজারে আসা পণ্যবাহী পিকআপ ভ্যান ও ট্রাকের পণ্যও ছিনিয়ে নেয়।
মাদারীপুরে শাজাহান খান-রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার-দৈনিক কালেরকণ্ঠ
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক ও কুটনৈতিক চাপ সৃষ্টি করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে মাদারীপুর শহরের সেলিনা কমপ্লেক্সে মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলস্ এ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে প্রথম দেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে দেশে তিন লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছিল। সেই রাস্তা দেখেই পরে কয়েক লাখ রোহিঙ্গা আবার দেশে ঢুকে পড়ে। নাহলে আজ এমন অবস্থা হত না। রোহিঙ্গাদের প্রসঙ্গে তিনি আরো বলেন, যখন নারীদের ধর্ষণ করা, ঘরবাড়ি পুড়িয়ে দেয়া, এমনকি শিশুদের হত্যা করা শুরু করেছে মিয়ানমার সরকার, তখন প্রতিবেশী দেশ হিসেবে তারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। শুরুতে শেখ হাসিনার সরকার তাদের বাধা দিয়েছিল, পরে মানবিক কারণেই আশ্রয় দিয়েছে। শুধু রোহিঙ্গাদের আশ্রয়ই দেয়া হয়নি, এমনকি তাদের জন্য বাসস্থানেরও ব্যবস্থা করা হয়েছে।
পাকিস্তানে ভয়াবহ বন্যা, ৯৩৭ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি-দৈনিক মানবজমিন
অস্বাভাবিক বৃষ্টিপাতে পাকিস্তানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৭ জনে। এছাড়া এতে লাখ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।
ডনের এক প্রতিবেদনে বলা হয়, বন্যায় পাকিস্তানে এখন পর্যন্ত ৯৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৪৩ জন শিশু। এছাড়া বন্যায় বাড়ি-ঘর হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন অন্তত ৩ কোটি মানুষ।
পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনডিএমএ) সংকলিত সর্বশেষ তথ্য অনুসারে, পাকিস্তানে আগস্ট মাসে ১৬৬.৮ মিমি বৃষ্টি হয়েছে। যেখানে বছরের এই সময়টিতে সেখানে গড়ে ৪৮ মিমি বৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ চলতি আগস্ট মাসে দেশটিতে বৃষ্টিপাত ২৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলমান এই বন্যায় সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি হয়েছে দেশটির সিন্ধ প্রদেশে। গত ১৪ই জুন থেকে প্রদেশটিতে ৩০৬ জন মারা গেছেন।
বিএনপি রাজনীতি জানে না: হানিফ’-দৈনিক যুগান্তর
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ নেতাদের অনুরোধে বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান ৪র্থ নম্বরে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। বিএনপি প্রতিষ্ঠাতাকালীন থেকে মিথ্যাচার করছে। জিয়াউর রহমান আওয়ামী লীগকে ভেঙ্গে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করেছিলেন। এরই ধারাবাহিকতায় খালেদা জিয়া ও তারেক রহমান হাওয়া ভবন থেকে দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছিল। এরা রাজনীতি জানে না, তারা রাজনীতির ভাষা বুঝে না, তারা শুধু খুন হত্যা করতে জানে। এদের সঙ্গে কোনো আপস নেই।
বৃহস্পতিবার বিকালে সিলেটের দক্ষিণ সুরমায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষ্যে মযুরকুঞ্জ কনভেনশন হলে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুশ তেল আমদানিতে বিকল্প খোঁজা হচ্ছে- দৈনিক নয়াদিগন্ত
সাশ্রয়ীমূল্যে জ্বালানি তেল আমদানি ব্যয় পরিশোধে বিকল্প উপায় খোঁজা হচ্ছে। তবে রাসায়নিক সার ও ভোগ্যপণ্য আমদানি ব্যয় মেটানো হবে ডলারে। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রুশ তেল আমদানি ব্যয় আপাতত নিজ নিজ মুদ্রায় করা হবে। দু’দেশের রফতানি আয় দিয়ে আমদানি ব্যয় মেটানো হবে। এর বাইরে যে অংশটুকু অবশিষ্ট থাকবে তা তিন মাস অন্তর তৃতীয় কোনো মুদ্রায় পরিশোধ করা হবে। তবে, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তা এখনো দু’দেশের মধ্যে চিঠি চালাচালির মধ্যে রয়েছে।
সাশ্রয়ীমূল্যে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে মস্কোভিত্তিক কোম্পানি রুসনেফট। সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে প্রতি ব্যারেল পেট্রোলিয়াম জ্বালানি ৫৯ ডলারে বিক্রির প্রস্তাব করা হয়েছে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি ব্যারেল ১০০ ডলারের বেশি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তৃতীয় কোনো দেশের সাথে জ্বালানি তেল আমদানি করলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় পড়ার আশঙ্কা কম থাকে। কিন্তু তাতে ওই দেশের ওপর নির্ভরশীলতা বেড়ে যাবে। এ কারণে সরাসরি পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আর সে ক্ষেত্রে রাশিয়া থেকে তেল আমদানি ব্যয় কোন মুদ্রায় পরিশোধ করা হবে তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে নিজ নিজ মুদ্রায় রফতানি আয় দিয়ে আমদানি ব্যয় মেটানোর পক্ষে মতামত নেয়া হচ্ছে। আর সে ক্ষেত্রে রাশিয়ার কোনো ব্যাংক বাংলাদেশের ব্যাংকের সাথে স্থানীয় মুদ্রায় অ্যাকাউন্টে করবে।
২১ বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ ঘোষণা করল ইউজিসি, তালিকায় রয়েছে বাংলার দুই-দৈনিক আনন্দবাজার পত্রিকা
দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ বলে ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের সচিব রজনীশ জৈনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানানো হয়। এই ২১টি প্রতিষ্ঠানের মধ্যে কলকাতার দু’টি বিশ্ববিদ্যালয়ও আছে। এগুলি হল চৌরঙ্গী রোডের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন এবং ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ।
এ ছাড়াও দিল্লির ৮টি, উত্তরপ্রদেশের ৪টি, ওড়িশার ২টি, কর্নাটকের ১টি, কেরলের ১টি, মহারাষ্ট্রের ১টি, অন্ধ্রপ্রদেশের ১টি এবং পুদুচেরির ১টি বিশ্ববিদ্যালয়ও এই তালিকায় রয়েছে। এই ভুয়ো, অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসির নিয়ম মেনে চলে না বলেও জানানো হয়েছে। ইউজিসি জানিয়ে দিয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়াদের ডিগ্রি বা শংসাপত্র দিতে পারবে না।
সোনিয়াকে চিঠি, কংগ্রেস থেকে ইস্তফা গুলাম নবি আজাদের-দৈনিক আজকাল
কংগ্রেস থেকে ‘আজাদ’ হলেন গুলাম নবি।
আজ, শুক্রবার দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে পাঁচ পাতার একটি চিঠি পাঠিয়েছেন, এবং কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ সহ সমস্ত রকমের পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
চিঠিতে তিনি দলের সঙ্গে এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে দীর্ঘকালের সম্পর্কের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে জানিয়েছেন এই মুহূর্তে দলের পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে ফিরে আসার কোনও জায়গা নেই আর। দিনকয়েক আগেই জম্মু কাশ্মীরের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তখন নিজের স্বাস্থ্যগত কারন দেখিয়েছিলেন।
এবার কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিলেন গুলাম নবি আজাদ। পদত্যাগ পত্রে তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। চিঠিতে লিখেছেন, সম্পূর্ন নির্বাচণ প্রক্রিয়া একটি প্রহসন। সঙ্গেই তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে বলেছেন, রাহুল সহ-সভাপতির পদে আসার পরেই দলের গঠনতন্ত্র ভেঙে গিয়েছে। দিনের পর দিন বর্ষীয়ান নেতাদের উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন নবি।
তোমাদের সহ্য হয় না, ভারতে ফিরে যাও’, ভারতীয় বংশোদ্ভূতদের উপরে চড়াও মার্কিন মহিলা! ভিডিও ভাইরাল-দৈনিক সংবাদ প্রতিদিন
বর্ণ ও জাতিবিদ্বেষের অভিযোগ বারবার উঠেছে আমেরিকায় (US)। এবার টেক্সাসের (Texas) পার্কিং লটে চারজন ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে চড়াও হতে দেখা গেল এক মহিলাকে। ‘গো ব্যাক টু ইন্ডিয়া’ স্লোগান দেওয়ার পাশাপাশি তাঁদের উদ্দেশে অকথ্য গালিগালাজও করতে থাকেন তিনি। এমনকী ব্যাগ খুলে বন্দুকও বের করার চেষ্টা করেন তিনি। ডালাসের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলাকে।
সাড়ে পাঁচ মিনিটের ওই ভিডিওয় দেখা যাচ্ছে, ওই মহিলা একজনকে মুখে আঘাত করছেন। এমনকী ঘটনার লাইভ করার চেষ্টা করায় দু’জন মহিলার ফোনও কেড়ে নিতে চেষ্টা করেন তিনি। এরপরই গুলি করে উড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন অভিযুক্ত। তাঁকে উত্তেজিত হয়ে বলতে শোনা যায়, ”যেখানেই যাই তোমাদের ভারতীয়দের সেখানেই পাওয়া যায়। ভারত যদি এতই মহান, তোমরা এখানে কী করছ?” ফোন হাতে ঘটনার ভিডিও তুলতে চাওয়া এক মহিলাকে তিনি হুমকি দেন, ”তোমার ফোনটা অফ করো। না হলে আমি গুলি করে দেব।”
পার্সটুডে/বাবুল আখতার/২৬