আগস্ট ২৭, ২০২২ ১২:১৯ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৭ আগস্ট শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষা সংকুচিত হয়নি: শিক্ষামন্ত্রী–দৈনিক প্রথম আলো
  • সুনির্দিষ্ট তথ্য ছাড়া নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র : স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবি মানতে হবে: ভিপি নুর- দৈনিক যুগান্তর

  • সম্রাটের জামিন বাতিল চাইবে দুদক-দৈনিক মানবজমিন
  • বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে রিপোর্ট করুন : তথ্যমন্ত্রী- দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • আজাদই হবেন জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী, দাবি বিদ্রোহী কংগ্রেস নেতাদের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ‘‌সভাপতি হিসেবে রাহুলকেই চাই’‌, দাবি জোরাল করলেন মল্লিকার্জুন খাড়গে-দৈনিক আজকাল
  • কোলের সন্তানকে ছুঁড়ে ফেলে ‘গণধর্ষণ’, বাগদায় ২ বিএসএফ জওয়ানের যৌন লালসার শিকার বধূ-দৈনিক সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষা সংকুচিত হয়নি: শিক্ষামন্ত্রী–দৈনিক প্রথম আলো

নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষাকে সংকুচিত করা হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, এ নিয়ে একটি বিশেষ মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। প্রতিটি অপপ্রচারের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বই তুলে ধরে প্রমাণ দিয়েছে।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পর্বতারোহী সংগঠন ‘অভিযাত্রী’ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

গতকাল শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষা সংকুচিত করার অভিযোগ করেন।

রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছিলেন, ইসলামি শিক্ষাকে সামষ্টিক মূল্যায়নে ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে বাদ দিয়ে মানবিক বিভাগে ঐচ্ছিক রেখে কৌশলে সংকুচিত করা হয়েছে। যার ফলে নীতি-নৈতিকতাহীন দুর্নীতিগ্রস্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার দ্বার উন্মোচিত হবে।

সুনির্দিষ্ট তথ্য ছাড়া নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র : স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক ও কুটনৈতিক চাপ সৃষ্টি করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে মাদারীপুর শহরের সেলিনা কমপ্লেক্সে মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলস্ এ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে প্রথম দেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে দেশে তিন লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছিল। সেই রাস্তা দেখেই পরে কয়েক লাখ রোহিঙ্গা আবার দেশে ঢুকে পড়ে। নাহলে আজ এমন অবস্থা হত না। রোহিঙ্গাদের প্রসঙ্গে তিনি আরো বলেন, যখন নারীদের ধর্ষণ করা, ঘরবাড়ি পুড়িয়ে দেয়া, এমনকি শিশুদের হত্যা করা শুরু করেছে মিয়ানমার সরকার, তখন প্রতিবেশী দেশ হিসেবে তারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে।  শুরুতে শেখ হাসিনার সরকার তাদের বাধা দিয়েছিল, পরে মানবিক কারণেই আশ্রয় দিয়েছে। শুধু রোহিঙ্গাদের আশ্রয়ই দেয়া হয়নি, এমনকি তাদের জন্য বাসস্থানেরও ব্যবস্থা করা হয়েছে।

চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবি মানতে হবে: ভিপি নুর- দৈনিক যুগান্তর

চা শ্রমিকসহ সকল শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নুর একথা বলেন।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ভিপি নুর বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে হলে শ্রমিক শ্রেণির মধ্য থেকেই নেতৃত্ব তৈরি করতে হবে। শাহজাহান খান কিংবা মশিউর রহমান রাঙা'র মতো শ্রমিক নেতাদের দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার আদায় হবে না। 

নুরুল হক নুর আরো বলেন, দালাল নেতৃত্বকে বর্জন করে চা শ্রমিকরা অধিকার আদায়ে ‘চা শ্রমিক অধিকার পরিষদ নামে’ পৃথক সংগঠন তৈরি করেছে, শ্রমিকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

সম্রাটের জামিন বাতিল চাইবে দুদক-দৈনিক মানবজমিন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে দেয়া জামিন বাতিল চাইবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার এ তথ্য জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, আগামীকাল রোববার হাইকোর্টে জামিন বাতিল চেয়ে আবেদন করা হবে।

এর আগে ২২শে আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান সম্রাটের উপস্থিতিতে মামলায় চার্জ গঠন ও জামিন আবেদনের জন্য শুনানির দিন ধার্য ছিল।  সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ সম্রাটকে অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজির করেন কারা কর্তৃপক্ষ।    শুনানি শেষে বিচারক জামিনের বিষয়ে পরে আদেশের জন্য রাখেন। বিকেলে বিচারক পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

জামিনের ক্ষেত্রে সম্রাটকে কয়েকটি শর্ত দেয়া হয়। শর্তগুলো হলো- তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে; আদালতের অনুমতি না নিয়ে তিনি বিদেশে যেতে পারবেন না।

জামিনে কারামুক্ত হয়ে শুক্রবার দুপুরে হাসপাতাল ছাড়েন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। শুক্রবার তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। এ সময় তিনি সমর্থকদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরসহ বিভিন্ন এলাকায় যান।

বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে রিপোর্ট করুন : তথ্যমন্ত্রী- দৈনিক নয়াদিগন্ত

বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায়, বিদ্বেষ ছড়ায়, তাদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার জন্য প্রবাসী বাংলাদেশী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জেনেভা সফররত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

জেনেভায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমানের রেস্তোরাঁ কারি হাউজে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এ আহবান জানান।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বদলে গেছে। কয়েক বছর পর বিদেশ থেকে দেশে ফিরলে নিজের এলাকা আর সহজে চেনা যায় না। গ্রাম ও শহরের পার্থক্য প্রায় ঘুচে গেছে। কুঁড়ে ঘর, মেঠোপথ বা খালি পায়ে মানুষ দেখা যায় না। দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। কিন্তু এ উন্নয়ন যাদের সহ্য হয় না, তাদের অনেকে বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার ও বিদ্বেষ ছড়ায়, নানা ষড়যন্ত্র-চক্রান্ত করে। আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশপ্রেমিক প্রবাসীদের বলবো, এদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে জানান।’

আজাদই হবেন জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী, দাবি বিদ্রোহী কংগ্রেস নেতাদের-দৈনিক আনন্দবাজার পত্রিকা

গুলাম নবি আজাদ দল ছাড়ার পরেই পদত্যাগের হিড়িক জম্মু ও কাশ্মীর কংগ্রেসে। ইতিমধ্যেই কেন্দ্রশাসিত ওই অঞ্চলের আট জন কংগ্রেস নেতা দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। সেই তালিকায় রয়েছেন তিন প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী— আব্দুল রশিদ, জিএম সরুরি এবং আরএস চিব। রয়েছেন আমিন ভট, গুলজার আহমেদ ওয়ানি, মহম্মদ আক্রমের মতো প্রাক্তন বিধায়কেরা। তাঁরা সকলেই আজাদের নয়া দলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

এই পরিস্থিতিতে আজাদ-অনুগামী আমিন শনিবার বিজেপির সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘‘জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন গুলাম নবি আজাদ। অনেক দলের সমর্থনই পাবেন তিনি।’’ জম্মু ও কাশ্মীর বিধান পরিষদের প্রাক্তন সদস্য তথা আজাদ অনুগামী কংগ্রেস নেতা নরেশ গুপ্তও একই দাবি করেছেন। শুক্রবার কংগ্রেসের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দেওয়ার পরেই নতুন দল গড়ে জম্মু ও কাশ্মীরে পরবর্তী বিধানসভা ভোটে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন আজাদ। যদিও তিনি বলেন, ‘‘আমি বিজেপির সহযোগী হব না।’’ সংখ্যালঘু ভোটের লক্ষ্যেই আজাদের এই কৌশল বলে অভিযোগ কংগ্রেসের।

সভাপতি হিসেবে রাহুলকেই চাই’‌, দাবি জোরাল করলেন মল্লিকার্জুন খাড়গে-দৈনিক আজকাল

কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবেন?‌ চলছে জল্পনা।

একটি সূত্র বলছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে নাকি সোনিয়া অনুরোধ করেছেন সভাপতি হওয়ার জন্য। যদিও গেহলটের দাবি, তিনি এরকম কথা শোনেননি। এমনকী সভাপতি হিসেবে রাহুলই তাঁর প্রথম পছন্দ বলে জানান গেহলট। এবার কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গেও সভাপতি হিসেবে রাহুলের নামই জোরালভাবে পেশ করছেন। যদিও রাহুল গান্ধী সভাপতি হতে ইচ্ছুক নন। রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়গের কথায়, ‘‌গোটা দেশে কংগ্রেস কর্মীদের মধ্যে রাহুলের মতো গ্রহণযোগ্যতা আর কারও নেই। কন্যাকুমারী থেকে কাশ্মীর, বাংলা থেকে গুজরাট–সব জায়গাতেই রাহুলের সমান গ্রহণযোগ্যতা রয়েছে।’‌ খাড়গে সমস্ত বর্ষীয়ান নেতাদের কাছে আবেদন করেছেন, সোনিয়া গান্ধীকে ‘‌জোর’‌ করা হোক, যাতে রাহুলকে আবার সভাপতি পদে ফিরিয়ে আনা হয়। 

কোলের সন্তানকে ছুঁড়ে ফেলে ‘গণধর্ষণ’, বাগদায় ২ বিএসএফ জওয়ানের যৌন লালসার শিকার বধূ-দৈনিক সংবাদ প্রতিদিন

রাতের অন্ধকারে পটল খেতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল বিএসএফের (BSF) এক এএসআই ও এক কনস্টেবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার জিতপুর সীমান্তে। শুক্রবার বিকেলে ওই মহিলা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সন্ধেয় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। শনিবার তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আলতাফ হোসেন এবং এস পি চেরো। চেরো এসআই পদে রয়েছে। আলতাব কনস্টেবল। ধৃতরা বিএসএফের ৬৮ নম্বর ব‌্যাটেলিয়নে কর্মরত। পুলিশ জানিয়েছে, ২৩ বছরের এক মহিলা বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ জিতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। ওই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে আটকে দেয়। অভিযোগ, এরপরেই তাকে পাশের পটল খেতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার সময় মহিলার সঙ্গে তার শিশুসন্তানও ছিল। তাকে ছুঁড়ে ফেলে দেয় ওই দুই বিএসএফ জওয়ান। মহিলার বাড়ি বসিরহাটে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি বিএসএফ-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পার্সটুডে/বাবুল আখতার/২৬