পত্র পত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
সরকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে ‘ডাহা’ মিথ্যাচার করছে : মির্জা ফখরুল
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৩০ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- চুলার গ্যাস থেকে বিস্ফোরণ, এক পরিবারের ছয়জন দগ্ধ হয়ে হাসপাতালে–দৈনিক প্রথম আলো
- বিশ্বে দুর্ভিক্ষের আশঙ্কা, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর-এনটিভিবিডি অনলাইন
-
চাল-ডাল-পেঁয়াজের মূল্য ঠিক করে দেবে সরকার, বেশি নিলেই মামলা-দৈনিক কালেরকণ্ঠ
- পাকিস্তানে ‘দুর্দিন’ আরও আসছে -দৈনিক বাংলাদেশ প্রতিদিন
- সরকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে ‘ডাহা’ মিথ্যাচার করছে : মির্জা ফখরুল: দৈনিক নয়াদিগন্ত
- বঙ্গবন্ধুকন্যা তেলের দাম কমিয়ে নজির সৃষ্টি করেছেন: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
ভারতের শিরোনাম:
- বিজেপিকে ঠান্ডা করা দরকার’ বলেই ভাষায় ‘জুতো’! অকপট জবাব অধ্যাপক সৌগতের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- প্রেক্ষাগৃহে মোদির বই ঘিরে অনুষ্ঠান, বাইরে তুমুল অশান্তি! হাতাহাতিতে জড়ালেন বিজেপি নেতারা-দৈনিক আজকাল
- বাংলার অবস্থা লজ্জাজনক! ত্রিপুরায় দাঁড়িয়ে মমতাকে আক্রমণ নাড্ডারদৈনিক সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! এবরে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।
জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি।
১. অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জাপানের। এটা দৈনিক মানবজমিনের শিরোনাম। কী বলবেন আপনি?
২. ইরাকের কুর্দিস্তান থেকে ইসরাইলে পাঠানো হয়েছে ১৭ লাখ ব্যারেল তেল এবং এ কাজে সহযোগিতা করে চলেছে তুরস্ক। কীভাবে দেখছেন বিষয়টিকে?
এবারে বাংলাদেশের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেয়া যাক।
চুলার গ্যাস থেকে বিস্ফোরণ, এক পরিবারের ছয়জন দগ্ধ হয়ে হাসপাতালে–দৈনিক প্রথম আলো
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গ্যাসের চুলার ছিদ্র থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জিনজিরা ইউনিয়নের মান্দাইল জেলেপাড়া এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
তাঁদের সবাইকে আজ সকাল সাতটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মোছা. বেগম (৬০), পান্না বেগম (৫০), সোনিয়া বেগম (২৬), শাহাজাদা (২০), মো. ইয়াছিন (১২) ও মরিয়ম আক্তার (৮)।শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম এস এম আইউব হোসেন আজ দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, আগুনে মোছা. বেগমের শরীরের ২৩ শতাংশ, শাহজাদার ৫২, ইয়াছিন আরাফাতের ২৮, সোনিয়া বেগমের ২৩, তাঁর মেয়ে শিশু মরিয়মের ৬০ ও পান্না বেগমের ৫০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের মধ্যে সবার অবস্থাই আশঙ্কাজনক। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।
হাসপাতালে নিয়ে আসা দগ্ধদের স্বজন আসমানী বেগম জানান, ভোররাতে সবাই ঘুমিয়ে ছিলেন। ইয়াছিন বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছিল। তার শরীরে হঠাৎ রান্নাঘরের গ্যাসের চুলার ছিদ্র থেকে আগুন লেগে যায়।
পরে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, গত সপ্তাহে গ্যাসের চুলায় আগুন ধরাতে গিয়ে এতে শাহাজাদা দগ্ধ হয়েছিলেন। পরে বাড়িওয়ালা এসে নতুন চুলা ঠিক করে দেয়। তাঁদের ধারণা, গ্যাসের চুলার লিকেজ থেকে যেকোনোভাবে আগুন ছড়িয়ে পড়ায় এ দুর্ঘটনা হয়েছে।
জেলেপাড়া এলাকার বাসিন্দা শাহীন হোসেন জানান, চারতলা বাড়িটির নিচতলা থেকে ভোর সাড়ে চারটার দিকে বিস্ফোরণের শব্দ পান তাঁরা। এরপর সেখানে গিয়ে দেখতে পান ঘরের সদস্যরা দগ্ধ হয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
বিশ্বে দুর্ভিক্ষের আশঙ্কা, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর-এনটিভিবিডি অনলাইন
সারা বিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এক ইঞ্চি জমিও চাষাবাদের বাইরে না রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে তাদের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি যা হয়েছে তা বিশ্বের সাধারণ মানুষের। উন্নত দেশগুলো সাশ্রয়ের পথে হাটছে। আমাদেরকেও সাশ্রয়ী হতে হবে।’
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধাপরাধী ও ১৫ আগস্টের অপরাধীদের স্বজন ও বিদেশে পালিয়ে থাকা অপরাধীরা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যারা মানবাধিকারের তত্ত্ব দেয়, তারা পচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর কেন মানবাধিকার নিয়ে কথা বলেননি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘৩৫ লাখ মানুষকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে এবং আগামী ১ অক্টোবর থেকে এক কোটি মানুষকে ৩০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে।’
চাল-ডাল-পেঁয়াজের মূল্য ঠিক করে দেবে সরকার, বেশি নিলেই মামলা-দৈনিক কালের কণ্ঠ
ভোজ্য তেলসহ ৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার। ওইসব পণ্যের মূল্য কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। দাম নির্ধারণ করা পণ্যের মধ্যে থাকবে চাল, আটা, ময়দা, চিনি, মসুর ডাল, পেঁয়াজ, রড এবং সিমেন্ট। ট্যারিফ কমিশন আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের যৌক্তিক মূল্য বের করবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এখন থেকে কারসাজি করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে আর কোনো জরিমানা করা হবে না, সরাসরি তাদের বিরুদ্ধে মামলা করা হবে। সেই মামলায় সর্বোচ্চ তিন বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। বৈঠকে বাণিজ্যসচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতিও উপস্থিত ছিলেন।
‘বঙ্গবন্ধুকন্যা তেলের দাম কমিয়ে নজির সৃষ্টি করেছেন: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর-দৈনিক যুগান্তর
জ্বালানি তেলের দাম কমানো প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেছেন, ‘যারা এতদিন অন্ধ সমালোচনা করেছে, এখন তাদের মুখ বন্ধ কেন? শেখ হাসিনা সরকার জনগণের দুঃখ-দুর্দশা বোঝে বলেই বঙ্গবন্ধু কন্যা জ্বালানি তেলের দাম কমিয়ে নজির সৃষ্টি করেছেন।’
মঙ্গলবার নিজ বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব পরিস্থিতি চাপে যখন জ্বালানি তেলের দাম বাড়ানো হয় তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে পরিষ্কার ভাবে বলেছিলেন, এই মূল্য বৃদ্ধি সাময়িক, সময় হলে মূল্য বৃদ্ধি সমন্বয় করা হবে।’
বিএনপির আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভীত নয় বলে জানিয়েছেন সেতুমন্ত্রী। সরকার নাকি দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার কেন নৈরাজ্য সৃষ্টি করবে। সরকার চায় জনগণের স্বস্তি ও স্থিতিশীলতা।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নিজেরা নিজেদের মিছিলে মারামারি করছে। পুলিশের ওপর হামলা করছে, আর দোষ দিচ্ছে আওয়ামী লীগ ও প্রশাসনকে।‘
বিএনপি ক্ষমতায় থাকাকালেও মানুষকে শান্তি ও স্বস্তি দেয়নি, এখনও দিচ্ছে না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির দুঃশাসনের ভয়াবহতা এখনও দেশ ও জাতি ভুলে যায়নি।’
ক্ষমতা থাকলে সাংসদ পদ ও সুবিধা ছেড়ে দিন, দলের জহর ‘স্বার্থপর’ও, রায় দিলেন সৌগত-দৈনিক আনন্দবাজার পত্রিকা
সোমবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার দলের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে সরব হয়েছেন। তখন তৃণমূলের পক্ষে মুখপাত্র কুণাল ঘোষ কোনও মন্তব্য করতে চাননি। কিন্তু মঙ্গলবারই তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রবীণ সাংসদ সৌগত রায়। জহরকে ‘স্বার্থপর’ তকমা দিয়ে সৌগত বলেন, ‘‘জহর সরকার যে স্বার্থপর এবং স্বার্থকেন্দ্রিক সেটা বুঝিয়ে দিয়েছেন। এই ধরনের আমলারা এমনই হন। এঁরা উপকার নেন। তার পরে ক্ষতি করার আগে এক বারও ভাবেন না।’’ একই সঙ্গে জহরকে সাংসদপদ ও সেই বাবদ পাওয়া সুযোগ, সুবিধা ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জও জানান সৌগত।
প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরে তিনি অস্বস্তি নিয়ে তৃণমূলে রয়েছেন বলে দাবি করেন জহর। সোমবার সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন, দলের একটা দিক পচে গিয়েছে। এমন দল নিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াই করা সম্ভব হবে না। বাড়ির লোকেরা ও বন্ধুবান্ধবেরা তাঁকে রাজনীতি ছাড়তে বলেছেন বলেও দাবি করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ। বলেন, ‘‘এক সাইড পচা শরীর নিয়ে ২০২৪ সালে লড়াই করা মুশকিল।’’
কংগ্রেসে বড় ভাঙন ধরালেন গুলাম নবি আজাদ, ইস্তফা দিচ্ছেন ৫১ জন নেতা! -দৈনিক আজকাল
শুধু দল ছেড়েই ক্ষান্ত হলেন না গুলাম নবি আজাদ।
এবার জম্মু-কাশ্মীরে ধরালেন বিরাট বড় ভাঙন। সূত্রের খবর, অন্তত ৫১ জন কংগ্রেস নেতা দল ছেড়ে আজাদের নতুন দলে যোগ দিতে চলেছেন। আজাদের কংগ্রেস ছাড়ার পর এই নিয়ে মোট ৬৪ কংগ্রেস ছাড়লেন। সদ্য দলত্যাগী বলে যে ৫১ জনের নাম উঠছে, তাঁদের মধ্যে আছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারা চাঁদ। মঙ্গলবার সোনিয়া গান্ধীর কাছে একটি সম্মিলিত পদত্যাগ পত্র পাঠিয়েছেন নেতারা। তারা চাঁদ ছাড়াও দল ছাড়তে চান আবদুল মজিদ ওয়ানি, মনোহর লাল শর্মা, ঘারু রামের মতো প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক বলবান সিং। ইস্তফা দেওয়ার ঘোষণা করে বলবান সিং বললেন, ‘গুলাম নবি আজাদের সমর্থনে আমরা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে একটি সম্মিলিত পদত্যাগ পত্র জমা দিয়েছি।’৭৩ বছরের আজাদ এককালে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন। কংগ্রেস সম্পূর্ণ ‘ধ্বংস’ হয়ে গেছে, এই অভিযোগ করে সম্প্রতি পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। দল ছাড়ার জন্য দায়ী করেছেন রাহুল গান্ধীর ব্যর্থতাকে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর সময়ে দলের অভিজ্ঞ নেতারা যে গুরুত্ব এবং দায়িত্ব পেতেন, রাহুলের সময় তা বন্ধ হয়ে যায়। সেখান থেকেই দলের পতনের শুরু বলে মনে করছেন আজাদ।
বাংলার অবস্থা লজ্জাজনক! ত্রিপুরায় দাঁড়িয়ে মমতাকে আক্রমণ নাড্ডার-দৈনিক সংবাদ প্রতিদিন
একদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। ত্রিপুরায় দাঁড়িয়ে মমতার সেই কটাক্ষের জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। দাবি করলেন, ‘নারী নিরাপত্তা থেকে দুর্নীতি, সবকিছুতেই বাংলার অবস্থা লজ্জাজনক।’
সোমবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে মমতা কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তোলেন। সোজা বলে দেন, “বাংলায় সরকার ফেলার জন্যই একের পর এক নেতা-মন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে। ববিকে গ্রেপ্তার করো। অরূপকে গ্রেপ্তার করো, অভিষেককে গ্রেপ্তার করো। ভেবেছ, তাহলেই আর নির্বাচনে তৃণমূল জিততে পারবে না।” মমতার কথায়, “তুমি আমাকেও বন্ধ রাখো না। আমাকে বন্ধ রেখেও দেখো না, কী হয়। নির্বাচনের আগে তো মেরেছিলে। ভেবেছিলে আমি বেরতে পারব না। মনে রেখো, জেলে থাকলেও ঠিকরে ঠিকরে বের হব। দমানো যাবে না।”#
পার্সটুডে/বাবুুল আখতার/৩০