সেপ্টেম্বর ০১, ২০২২ ০৯:৪০ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদল কর্মী নিহত–দৈনিক প্রথম আলো
  • মন্দার আতঙ্ক, বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম-দৈনিক কালেরকণ্ঠ
  • ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ-কঠিন সংকট উত্তরণে অগ্নিপরীক্ষায় বিএনপি- দৈনিক যুগান্তর

  • সংসদে সাবেক তথ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত হচ্ছে, দলের লোকজনও জড়িত-দৈনিক মানবজমিন

  • উইঘুর মুসলিমদের ওপর ভয়াবহ অত্যাচার : জাতিসঙ্ঘের রিপোর্ট- দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • ঘুষ চাওয়া পুলিশ কর্মীকে সাসপেন্ড করুন, রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ কলকাতা হাই কোর্টের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • শশী যোগ্য ব্যাক্তি, চাইলে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন : কংগ্রেস -দৈনিক পুবের কলম

  • দাউদ ইব্রাহিমের সন্ধান দিলেই মিলবে ২৫ লক্ষ, ঘোষণা NIA’র-দৈনিক সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদল কর্মী নিহত–দৈনিক প্রথম আলো

নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। তাঁর নাম শাওন মাহমুদ ওরফে আকাশ। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন। শাওনের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া হাসপাতাল) আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ। তিনি বলেন, শাওন মাহমুদকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তাঁর শরীরে গুলির চিহ্ন আছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রথম আলোকে বলেন, পূর্ব অনুমতি ছাড়া বিএনপি নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে। পুলিশ তাঁদের সরাতে চাইলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে জানমাল রক্ষার্থে পুলিশ কাঁদুনে গ্যাস ও শর্টগানের গুলি ছোঁড়ে।

মন্দার আতঙ্ক, বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম-দৈনিক কালেরকণ্ঠ

বৈশ্বিক মন্দার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ৩ শতাংশ কমেছে জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনীতির মন্থর গতি উদ্বিগ্ন করছে বিনিয়োগকারীদের, এর পাশাপাশি সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ও চীনে করোনায় নতুন করে বিধি-নিষেধ আরোপে বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম।

গতকাল বুধবার অগ্রিম বাজারে অক্টোবরে সরবরাহ হবে এমন অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ৩.৫৬ ডলার কমে প্রতি ব্যারেল হয় ৯৫.৭৫ ডলার। আগের দিন মঙ্গলবারও দাম কমে ৫.৭৮ ডলার। এর পাশাপাশি নভেম্বরে সরবরাহ হবে এমন তেলের দামও ২.৭০ ডলার বা ২.৭৬ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৯৫.১৪ ডলার। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) তেলের দাম ২.৫৮ ডলার বা ২.৮২ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৮৯.০৬ ডলার। এর আগের দিন মঙ্গলবারও দাম কমে ৫.৩৭ ডলার। জ্বালানি তেলের বাজার চাঙ্গা রাখতে সম্প্রতি জ্বালানি তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস উৎপাদন নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নেওয়ার পর বিশ্ববাজারে গত কিছুদিন খানিকটা স্থিতিশীল ছিল অপরিশোধিত তেলের দাম। গতকাল তাতে ছন্দপতন ঘটল।

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ-কঠিন সংকট উত্তরণে অগ্নিপরীক্ষায় বিএনপি- দৈনিক যুগান্তর

নানা চ্যালেঞ্জের বেড়াজালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

প্রতিষ্ঠার ৪৪ বছরে সবচেয়ে বেশি সময় ক্ষমতার বাইরে আছে দলটি। সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি মামলা ও গ্রেফতারে নেতাকর্মীদের নাজেহাল অবস্থা।দলটির শীর্ষ দুই কান্ডারি-চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি পাশে পাচ্ছেন না নেতাকর্মীরা।সব মিলিয়ে কঠিন সংকটের মুখে দলটি। তাই সংকট উত্তরণে সামনে তাদের অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।নীতিনির্ধারকরা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি আদায় করাই তাদের মূল লক্ষ্য। এজন্য দলের চোখ এখন আন্দোলনের দিকে। পাশাপাশি দল পুনর্গঠনও দ্রুত শেষ করতে চায় তারা।

এ পরিস্থিতিতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে এবার দুদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৯৭৮ সালের এ দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন।

সংসদে সাবেক তথ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত হচ্ছে, দলের লোকজনও জড়িত-দৈনিক মানবজমিন

সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে। এই ষড়যন্ত্রের সঙ্গে সরকারি দলের লোকজনও জড়িত। বুধবার জাতীয় সংসদে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড নিয়ে আনা একটি সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আজাদ বলেন, কী ধরনের ষড়যন্ত্র চলছে, তা তিনি সংসদে বিস্তারিত বলতে পারছেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলতে পারলে তাঁকে বলতে পারতেন। তিনি বলেন, ডিজিএফআই, এনএসআই, ডিবিসহ গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় সঠিক তথ্য দেয় না। তিনি প্রধানমন্ত্রীকে তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে নিজস্ব ম্যাকানিজমে তথ্য সংগ্রহেরও পরামর্শ দেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ওই প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়, ‘এই মহান সংসদের অভিমত এই যে, যে ঘৃণ্য খুনিচক্র ও চক্রান্তকারী গোষ্ঠী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদেরকে নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করেছিল, তাদের প্রতি তীব্র ঘৃণা জানাচ্ছি। কিন্তু চক্রান্তকারীদের প্রেতাত্মারা এখনো ক্ষ্যন্ত হয়নি। আজও তারা ঘৃণ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসে ইতিহাসের চাকাকে ঘুরিয়ে দিতে।

উইঘুর মুসলিমদের ওপর ভয়াবহ অত্যাচার : জাতিসঙ্ঘের রিপোর্ট- দৈনিক নয়াদিগন্ত

চীনে সংখ্যালঘু মুসলিমদের ওপর ভয়াবহ অত্যাচার চলছে। জিনজিয়াং প্রদেশে গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে। চীনের বিরুদ্ধে এমনই বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে জাতিসঙ্ঘের বিদায়ী মানবাধিকার কমিশনার মিচেল ব্যাচেলেট। যদিও জাতিসঙ্ঘের এই রিপোর্টের তুমুল বিরোধিতা করেছে চীন। ৩১ আগস্ট জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনার হিসেবে শেষদিন ছিল মিচেল ব্যাচেলেটের। মেয়াদ শেষের মাত্র ১৩ মিনিট আগে বিস্ফোরক রিপোর্টটি প্রকাশ্যে আনেন তিনি।

আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপিকে ই-মেইল মারফত মিচেল জানিয়েছেন, ‘জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনার হিসেবে মেয়াদ ফুরনোর আগে এই রিপোর্ট প্রকাশ্যে আনব বলে কথা দিয়েছিলাম। সেটাই করলাম।’ একইসাথে তিনি জানিয়েছেন, ‘বিষয়টি গুরুতর। তাই জাতীয় এবং আঞ্চলিক স্তরের শীর্ষ নেতৃত্বের কাছে বিষয়টি উত্থাপন করলাম।’

ঘুষ চাওয়া পুলিশ কর্মীকে সাসপেন্ড করুন, রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ কলকাতা হাই কোর্টের-দৈনিক আনন্দবাজার পত্রিকা

মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে এক সাধারণ নাগরিকের কাছ থেকে এক লক্ষ টাকা চেয়েছিলেন এক পুলিশ কর্তা। তাঁকে অবিলম্বে সাসপেন্ড করতে বলল কলকাতা হাই কোর্ট।

এ ব্যাপারে ওই পুলিশ কর্তার বিরুদ্ধে হুমকি দিয়ে ঘুষের টাকা আদায়ের মামলা করা হয়েছিল আদালতে। কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। আদালতের বেঞ্চ রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেয়, অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করতে হবে। একই সঙ্গে বিচারপতিদ্বয়ের নির্দেশ, সাসপেন্ড করার পাশাপাশি ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে বিভাগীয় তদন্তও করতে হবে। নদিয়ার চাপড়া থানার সাব ইন্সপেক্টর চন্দন সাহার বিরুদ্ধে ঘুষ চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগকারী দাবি করেন, ওই পুলিশ অফিসার তাঁর কাছ থেকে এক লক্ষ টাকা ঘুষ চান। সেই টাকা দিতে অস্বীকার করলে তিনি মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়।

দাউদ ইব্রাহিমের সন্ধান দিলেই মিলবে ২৫ লক্ষ, ঘোষণা NIA’র-দৈনিক সংবাদ প্রতিদিন

আজও অধরা ডি কোম্পানির বেতাজ বাদশা দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। শুধু সে নয়, তার প্রধান শাগরেদ ছোটা শাকিল অথবা টাইগার মেমন, জাভেদ চিকনাদেরও খোঁজ মেলেনি। দেশে না থাকলেও দাউদ যে জঙ্গি গোষ্ঠীগুলির স্লিপার সেলের সাহায্যে বড়সড় হামলার ছক কষছে, এমন খবর পেয়েছেন গোয়েন্দারা। এই পরিস্থিতিতে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) ঘোষণা করল দাউদকে খুঁজে দিতে পারলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার। দাউদের সঙ্গীদের সন্ধান দিলেও মিলবে পুরস্কার।

এনআইএ’র তরফে জানানো হয়েছে, দাউদকে খুঁজে দিতে পারলেই মিলবে ২৫ লক্ষ টাকা। একই ভাবে টাইগার মেমনের জন্য ঘোষণা করা হয়েছে ২০ লক্ষ টাকা। পাশাপাশি টাইগার মেমন, জাভেদ চিকনা ও আনিস ইব্রাহিমের খোঁজ দিলে দেওয়া হবে ১৫ লক্ষ টাকা। দীর্ঘ সময় দেশে না থাকলেও এদেশে এখনও সক্রিয় ডি কোম্পানি। গোয়েন্দারা জানতে পেরেছেন, একটি স্পেশাল ইউনিট তৈরি করে ভারতে বিস্ফোরক, অস্ত্র, জাল নোট ও ড্রাগ পাচার করার কাজ চালিয়ে যাচ্ছে দাউদ অ্যান্ড কোং। শুধু তাই নয়, জইশ, আল কায়দা ও লস্করের মতো জঙ্গি গোষ্ঠীগুলির স্লিপার সেলকে কাজে লাগিয়ে দেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীকে খুন করারও চক্রান্ত করছে দাউদ, এমন খবরও রয়েছে গোয়েন্দাদের কাছে।

শশী যোগ্য ব্যাক্তি, চাইলে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন : কংগ্রেস -দৈনিক পুবের কলম

 

সম্প্রতি মালায়ালাম দৈনিক ‘মাত্রুভুমি’-র জন্য একটি প্রতিবেদন লিখেছেন তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর।সেখানে তিনি কংগ্রেস সভাপতি বেছে নেওয়ার জন্য ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। তাঁর সেই প্রতিবেদনের পর থেকেই জল্পনা তৈরি হয়েছে তাঁর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে।শশী বলেন, আমি কোনও মন্তব্য করতে চাই না। তবে কংগ্রেস পার্টির জন্য এই নির্বাচন ভালো হবে।

শশী থারুর দলের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য ব্যক্তি। বুধবার এমনটাই বলেন, কেরালা কংগ্রেস প্রধান কে সুধাকরণ। তিনি বলেন,শশী থারুর যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তবে তাঁকে দোষারোপ করার কোনও কারণ তিনি দেখেন না। কংগ্রেস একটি গণতান্ত্রিক দল এবং এর সদস্যদের দলের শীর্ষ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সম্পূর্ণ অধিকার তাঁর রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১