সেপ্টেম্বর ০৩, ২০২২ ১১:৫৮ Asia/Dhaka
  •  কী করবে জাপা-জামায়াত, রাজনীতিতে কৌতূহল

প্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • আগস্টে সড়কে নিহত ৫১৯, নিহতের ৩৩ শতাংশ মোটরসাইকেলে–দৈনিক প্রথম আলো
  • বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন-দীর্ঘমেয়াদি সহযোগিতার পথ খুলছে জ্বালানি খাতে!-দৈনিক কালেরকণ্ঠ

  • পদ্মা সেতু রেল সংযোগে ডিএসসিসির কাজ৬৬ কোটি টাকার হদিস নেই- দৈনিক যুগান্তর

  • মির্জাপুরের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট, দিশেহারা মিল মালিকরা -দৈনিক ইত্তেফাক

  • কী করবে জাপা-জামায়াত, রাজনীতিতে কৌতূহল-দৈনিক মানবজমিন
  • বিএনপি আবার ফিনিক্স পাখির মতো উড়ছে : মির্জা ফখরুল- দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • শাবানা, জাভেদ, নাসিরুদ্দিন শাহ ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর সদস্য, মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • জোর করে চার্টার্ড বিমান টেক অফের অভিযোগ! বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, মনোজ তিওয়ারি সহ ৯ জনের বিরুদ্ধে দায়ের এফআইআর -দৈনিক পুবের কলম
  • সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ’, অভিষেকের বয়ান টি-শার্টে ছেপে প্রচারে তৃণমূল কর্মীরা!-দৈনিক সংবাদ প্রতিদিন-দৈনিক সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

আগস্টে সড়কে নিহত ৫১৯, নিহতের ৩৩ শতাংশ মোটরসাইকেলে–দৈনিক প্রথম আলো

গত আগস্ট মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫৮টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১৯ জন ও আহত ৯৬১ জন। নিহত মানুষের মধ্যে নারী ৬৪ জন ও শিশু ৬৯টি। ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭২ জন, যা মোট নিহত মানুষের ৩৩ দশমিক ১৪ শতাংশ।

মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯ দশমকি ৯৫। দুর্ঘটনায় ১০৯ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহত মানুষের ২১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪ জন, অর্থাৎ ১৮ দশমিক ১১ শতাংশ।

আজ শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগস্টে ১১টি নৌ দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন; নিখোঁজ ৬ জন। ২৩টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন-দীর্ঘমেয়াদি সহযোগিতার পথ খুলছে জ্বালানি খাতে!-দৈনিক কালেরকণ্ঠ

ভারত থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের লক্ষ্যে এগিয়ে চলছে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন’ নির্মাণকাজ। বর্তমানে ভারতের পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের গুয়াহাটির নুমালিগড় রিফাইনারি থেকে পার্বতীপুর পর্যন্ত হাইস্পিড ডিজেল আসছে রেলের মাধ্যমে। মৈত্রী পাইপলাইন নির্মাণকাজ শেষ হলে আরো টেকসইভাবে ভারত থেকে জ্বালানি তেল আসার সুযোগ সৃষ্টি হবে। নুমালিগড় রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক ভাস্কর জ্যোতি ফুকন কালের কণ্ঠকে বলেন, ‘পাইপলাইন এখনো চালু হয়নি।এখন প্রতি মাসে তিন থেকে চার রেক ডিজেল বাংলাদেশে আসছে। নুমালিগড় থেকে প্রথমে তেল আসে শিলিগুড়িতে। এরপর তা ট্রেনে করে বাংলাদেশের পার্বতীপুরে পাঠানো হয়। পাইপলাইন চালু হলে আরো সহযোগিতা সৃষ্টি হবে। কূটনৈতিক সূত্রগুলো বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্বালানি খাতে বিদ্যমান সহযোগিতা ও নির্মাণাধীন মৈত্রী পাইপলাইনের দিকে ইঙ্গিত করে বলেছেন, কভিড মহামারির কারণে ওই পাইপলাইনের কাজ শেষ হতে কিছুটা দেরি হচ্ছে। তবে শিগগিরই তা শেষ হওয়ার কথা রয়েছে।

পদ্মা সেতু রেল সংযোগে ডিএসসিসির কাজ৬৬ কোটি টাকার হদিস নেই- দৈনিক যুগান্তর

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা প্রান্তে চার ধরনের কাজের বিপরীতে রেলওয়ের ৬৬ কোটি টাকার হিসাব মেলাতে পারছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরে ডিএসসিসি ওই প্রকল্পের কাজ করেছে।

এর সঙ্গে জড়িতরা নিয়মবহিভর্‚তভাবে কাজ করে অর্থ লোপাট করেছেন। কোনো কাজ না করেই ২৭ কোটি টাকা বিল পরিশোধের প্রমাণ পাওয়া গেছে। ডিএসসিসির নিজস্ব তদন্তে এসব বেরিয়ে এসেছে। ঘটনার তদন্তে ৫ প্রকৌশলীর দায় চিহ্নিত হয়েছে। ইতোমধ্যে এক নির্বাহী প্রকৌশলীকে চাকরিচ্যুতও করা হয়েছে।

এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ যুগান্তরকে বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক ডিএসসিসি অংশের কাজের বিস্তারিত হিসাব চেয়ে চিঠি দিয়েছেন। ডিএসসিসির যারা ওই কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে বিস্তারিত তথ্য রেলওয়ে বিভাগকে দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মির্জাপুরের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট, দিশেহারা মিল মালিকরা -দৈনিক ইত্তেফাক

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে তীব্র গ্যাসের সংকটে কারখানায় উৎপাদন শূন্যের কোঠায় নেমে আসায় মিলকারখানায় প্রতি দিন কোটি কোটি টাকার লোকসান হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে নতুন করে যোগ হয়েছে লোডশেডিং। গ্যাস সংকট ও লোডশেডিংয়ে দিশেহারা কারখানা কর্তৃপক্ষ। কবে নাগাদ এই সংকট সমাধান হবে, তা অনিশ্চিত হয়ে পড়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা বলেছেন, গ্যাস লাইনের কম্প্রেসারের মূল পাইপে গ্যাসের চাপ না থাকায় ও বিভিন্ন স্থানে রক্ষণাবেক্ষণের কাজ হওয়ায় গ্যাসের সমস্যা হচ্ছে।  

শনিবার (৩ সেপ্টেম্বর) গোড়াই শিল্পাঞ্চলের একাধিক কারখানার কর্মকর্তা-মালিক ও শ্রমিক সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই শিল্পাঞ্চলে ছোট বড় মিলে শতাধিক মিলকারখানা রয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গার্মেন্টস, নিটিং অ্যান্ড ডাইয়িং, সুতা উৎপাদন কারখানা, টায়ার অ্যান্ড টিউব, সিরামিকস ও গ্লাস ফ্যাক্টরি ইত্যাদি। এসব কারখানায় উৎপাদন মূলত গ্যাসের উপর নির্ভরশীল। টাঙ্গাইলের প্রায় ৮০ হেক্টো মিলিয়ন গ্যাসের প্রয়োজন। বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ২০-৪০ হোক্টো মিলিয়ন। তাও আবার কোনো দিন পাওয়া যাচ্ছে না। 

কী করবে জাপা-জামায়াত, রাজনীতিতে কৌতূহল-দৈনিক মানবজমিন

নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। বাড়ছে নির্বাচনী তৎপরতা। ভোটের মাঠে জোটের হিসাব মেলাচ্ছে দলগুলো। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি’র বাইরে জোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দুই দল জাতীয় পার্টি ও জামায়াত। জাতীয় পার্টি এখন সংসদের প্রধান বিরোধী দল। জামায়াত নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের তালিকায় নেই। তাদের নিবন্ধনের বিষয়টি ঝুলে আছে আদালতে। এ অবস্থায় দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে না পারলেও নির্বাচনে মাঠে থাকার ঘোষণা দিয়েছে  দলটি। প্রায় দুই যুগ বিএনপি’র জোটসঙ্গী হয়ে থাকা জামায়াতের আমীর এক অনুষ্ঠানে একলা চলার ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার পর সবাই ধরে নিয়েছেন এখন জামায়াত আর বিএনপি’র জোটসঙ্গী নয়।

তবে দল দুটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। রাজনৈতিক কৌশল হিসেবে হয়তো অদূর সময়ে এমন কোনো ঘোষণা নাও আসতে পারে। তবে এটা পরিষ্কার যে, দল দুটির জোটবদ্ধ অবস্থান আর নেই। জোট ছেড়ে জামায়াত এখন নির্বাচনের মাঠে কি ভূমিকা নেয় এটি এখন বড় প্রশ্ন। এ নিয়ে কৌতূহল নানা মহলে। একইভাবে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির অবস্থান নিয়েও নানা কৌতূহল। প্রতিবার জাতীয় নির্বাচন আসলেই অনেকটা সার্কাস পার্টি হয়ে ওঠে দলটি। থাকে আলোচনা-সমালোচনার কেন্দ্রে। প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ জীবিত থাকতে নির্বাচনের আগে নানা নাটক মঞ্চস্থ হয়েছে। সকাল-বিকাল সিদ্ধান্ত বদল হয়েছে। 

বিএনপি আবার ফিনিক্স পাখির মতো উড়ছে : মির্জা ফখরুল- দৈনিক নয়াদিগন্ত

বিএনপি আবার ফিনিক্স পাখির মতো উড়ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যেহেতু বিএনপি আবার জেগে উঠছে। বিএনপি আবার ফিনিক্স পাখির মতো উড়ছে। সুতরাং তাকে (তারেক রহমান) আবার দমিয়ে ফেলতে হবে। তাকে আবার ফেলে দিতে হবে।’

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘৩ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে’ এ সভা অনুষ্ঠিত হয়। শাওন হত্যার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ওই দিন রাতেই এসপি বললেন যে, এটা কার ছেলে, কোন দলের ছেলে- এটা এখনো নির্ধারিত হয়নি। তবে তার চাচা আওয়ামী লীগ করেন। আমরা খুব পরিষ্কার করে বলেছি, সে কোন দল করে- সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে, সে একজন শ্রমিক। গুরুত্বপূর্ণ হচ্ছে যে, তাকে তোমরা গুলি করে হত্যা করেছো। গুরুত্বপূর্ণ হচ্ছে যে, গুলি করার কোনো পরিবেশ সেখানে সৃষ্টি হয়নি। প্রত্যেকটা বিষয়ের তো একটা আইন-কানুন আছে?

শাবানা, জাভেদ, নাসিরুদ্দিন শাহ ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর সদস্য, মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা

চলচ্চিত্রাভিনেতা শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ এবং কবি ও গীতিকার জাভেদ আখতারকে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর ‘স্লিপার সেল’ বলে বলে কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। শুক্রবার তিনি বলেন, “রাজস্থানে কানহাইয়া লালকে গলা কেটে হত্যা করলে কিংবা ঝাড়খণ্ডে আমাদের বোনকে আগুনে পুড়িয়ে মারলে তাঁরা চুপ করে থাকেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিছু হলেই তাঁরা প্রতিবাদে সরব হন।”

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজেপি শাসিত রাজ্যে কিছু হলেই এই দেশে থাকতে ভয় পান নাসিরুদ্দিন শাহ। নরোত্তমের প্রশ্ন, এর পরেও তাঁরা কী ভাবে নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন? এই মানুষগুলির স্বরূপ জনগণ জেনে গিয়েছে বলেও দাবি করেন তিনি।

কিছু দিন আগেই একটি টেলিভিশন সাক্ষাৎকারে বিলকিস বানো গণধর্ষণ-কাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনের মুক্তির প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাবানা আজমি। শাবানা জানান, এই বিষয়ে বলার মতো কোনও শব্দই তিনি খুঁজে পাচ্ছেন না। একই সঙ্গে শাবানা প্রশ্ন তোলেন, “এই ঘটনার পরে দেশে নিরাপত্তাহীনতায় ভোগা মেয়েরা, ধর্ষণের হুমকি পাওয়া মেয়েরা কী আশা করবেন? আমরা আমাদের সন্তান, নাতিপুতিদের কী জবাব দেব? বিলকিসকেই বা আমরা কী উত্তর দেব?” গোটা ঘটনায় তিনি লজ্জিত বলেও জানান জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ’, অভিষেকের বয়ান টি-শার্টে ছেপে প্রচারে তৃণমূল কর্মীরা!-দৈনিক সংবাদ প্রতিদিন

রাহুল গান্ধী নন, দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ (Amit Shah)। শুক্রবার ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবেই দেগে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের (Abhishek Banerjee) সেই বয়ানকে এবার টি-শার্টে ছেপে প্রচার শুরু করবেন তৃণমূল কর্মীরা। শোনা যাচ্ছে, পুজোর মধ্যে ওই বিশেষ টি-শার্ট পরে ঘুরবেন তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা।

শুক্রবার ইডি (ED) দপ্তর থেকে বেরিয়ে অভিষেক বলেন, “বিজেপি (BJP) অন্য দলের এক নেতাকে ‘পাপ্পু’ বলে দাবি করে। কিন্তু বাস্তব হল অমিত শাহ নিজে সবচেয়ে বড় পাপ্পু। আমি জোর গলায় বলছি। কারণ ও বিরোধী শূন্য ফাঁকা মাঠে গোল দিতে চায়। মাঠে ময়দানে আসুন, আপনাদের ক্ষমতা দেখতে চাই। যেখানে যেখানে আপনাদের সরকার নেই, সেখানেই ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানোর চেষ্টা। আপনার ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করে দেখান।” আসলে বিজেপি রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ‘পাপ্পু’ বলে বলে শব্দটিকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে, যাতে ‘পাপ্পু’ শুনলেই কাউকে বোকা বলে মনে হয়। অভিষেক সেই ‘পাপ্পু’ অপবাদই শাহকে ফিরিয়ে দিলেন। 

অভিষেকের এই বয়ানের পরই দেখা যায় তাঁর তুতো ভাইবোনেরা নতুন একটি টি-শার্ট প্রকাশ্যে এনেছেন। যাতে লেখা রয়েছে ‘ইন্ডিয়া’স বিগেস্ট পাপ্পু’ অর্থাৎ ভারতের সবচেয়ে বড় পাপ্পু। সঙ্গে অমিত শাহর একটি কার্টুন। কোথাও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না করলেও এই টি-শার্ট যে তাঁকে টার্গেট করেই বানানো হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, অভিষেকের ঘনিষ্ঠদের উদ্যোগেই এই টি-শার্টগুলি দলের কর্মীদের দেওয়া হবে। পুজোর মধ্যে সেই টি-শার্ট পরেই মণ্ডপে মণ্ডপে ঘুরবেন তৃণমূল (TMC) কর্মীরা। যদিও সরকারিভাবে এই ধরনের কোনও ঘোষিত কর্মসূচির কথা তৃণমূল জানায়নি।

জোর করে চার্টার্ড বিমান টেক অফের অভিযোগ! বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, মনোজ তিওয়ারি সহ ৯ জনের বিরুদ্ধে দায়ের এফআইআর -দৈনিক পুবের কলম

জোর করে চার্টার্ড বিমান টেক অফ করতে বাধ্য করার অভিযোগে বিজেপি সাংসদদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। এই সাংসদদের মধ্যে রয়েছেন নিশিকান্ত দুবে, মনোজ তিওয়ারি সহ আরও সাতজন। অর্থাৎ মোট ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে জোর করে চার্টার্ড ফ্লাইট দেওঘর বিমানবন্দরে থেকে টেক অফ করার অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বে বিজেপি নেতারা দেওঘর বিমানবন্দরে এটিসিতে ঢুকে পড়েন। সন্ধ্যার পরে বিমান টেক অফ করার জন্য বিমান বন্দর কর্তৃপক্ষকে জোর করেন তারা। দুবে এবং অন্যদের বিরুদ্ধে অপরাধমূলক অনুপ্রবেশের জন্য একটি এফআইআর দায়ের করা হয়েছে। ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরের আধিকারিকদের তাদের চার্টার্ড ফ্লাইট টেক অফ করতে বলা হয়। দেওঘর বিমানবন্দরের ডিএসপি সুমন আননের অভিযোগের ভিত্তিতেই পুলিশ এফআইআর দায়ের করেছে ওই বিজেপি নেতাদের বিরুদ্ধে। সাংসদ নিশিকান্ত দুবে, মনোজ তিওয়ারি সহ নয়জন বিজেপি নেতা এবং বিমানবন্দরের ডিরেক্টরের বিরুদ্ধে অপরাধমূলক অনুপ্রবেশ ও যাত্রীদের প্রাণ বা সুরক্ষায় ঝুঁকি তৈরি করার অভিযোগ আনা হয়েছে।

পার্সটুডে/বাবুল আখতার/৩