সেপ্টেম্বর ০৯, ২০২২ ১৩:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৯ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • যেভাবে পাল্টে গেল মানারাতের ট্রাস্টি বোর্ড-মানবজমিন
  • চার্লস: স্পষ্টভাষী ও আড়ালে থাকা নতুন রাজা-প্রথম আলো
  • নিজেকে ‘পরমাণু অস্ত্রধারী’ রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার –যুগান্তর।
  • প্রধানমন্ত্রীর ভারত সফর : বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা চায় ভারত -কালের কণ্ঠ
  • ভারত গণতান্ত্রিক চরিত্র অক্ষুণ্ণ রাখবে বিশ্বাস ফখরুলের-নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • মঙ্গলকোট বিস্ফোরণ মামলা থেকে মুক্তি, বেকসুর খালাস অনুব্রত –দৈনিক আজকাল
  • সুপ্রিম কোর্টে স্বস্তিতে নুপূর শর্মা, খারিজ বহিষ্কৃত বিজেপি নেত্রীর গ্রেপ্তারির আরজি- দৈনিক সংবাদ প্রতিদিন
  • এসএসসি ভবনের ডেটা রুম ফেরাতে হবে চেয়ারম্যানের হাতেই, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!-আনন্দবাজার পত্রিকা
  • শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

শ্রোতাবন্ধুরা এবারে কোলকাতার  দৈনিকগুলোর কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেয়া যাক।

চার্লস: স্পষ্টভাষী ও আড়ালে থাকা নতুন রাজা-প্রথম আলো

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর যুক্তরাজ্যের নতুন রাজা হয়েছেন তাঁর বড় ছেলে চার্লস। সিংহাসনে মায়ের স্থলাভিষিক্ত হওয়ার অপেক্ষায় চার্লস কার্যত তাঁর পুরো জীবন কাটিয়ে দিয়েছেন। যদিও রানির বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁর অনেক দায়িত্ব ও কর্তব্য চার্লস পেয়েছেন। ব্যক্তি হিসেবে নতুন ব্রিটিশ রাজা কেমন, তা নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছে বার্তা সংস্থা এএফপি। এক প্রতিবেদনে বলা হয়, প্রয়াত রানির ৭৩ বছর বয়সী বড় ছেলে চার্লস সিংহাসনে আরোহণের পথে দীর্ঘ সময়ের উত্তরাধিকারী হিসেবে রেকর্ড গড়েছেন। একবার চার্লস বলেছিলেন, ‘সমস্যাটা হলো এখানে কাজের কোনো বিবরণ নেই। তাই যদি এগিয়ে যেতে চাও, বরং নিজেই সেটা তৈরি করে নাও।’

একজন সহযোগী ২০০৬ সালে যুবরাজের বিষয়ে বলেন, ব্যক্তি হিসেবে অনেক বিষয়ে সক্রিয় ছিলেন চার্লস। যদিও সেটা পাদপ্রদীপের আড়ালেই ছিল। চার্লস নিজেকে একজন ভিন্নমতাবলম্বী হিসেবে দেখেন। তিনি বিদ্যমান রাজনৈতিক ঐকমত্যের বিরুদ্ধে কাজ করে আসছেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর : বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা চায় ভারত -কালের কণ্ঠ

ভারতের মেঘালয় রাজ্যের মহেন্দ্রগঞ্জ ও পশ্চিমবঙ্গের হিলির মধ্যে সংযোগ স্থাপনের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে একটি মহাসড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যঃসমাপ্ত ভারত সফরে উপ-আঞ্চলিক সহযোগিতা উদ্যোগের আওতায় ভারত ওই প্রস্তাব দেয়। এই প্রেক্ষাপটে ভারত-মিয়ানমার-থাইল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় মহাসড়কে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন।

এবারের সফরে দুই দেশ যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার খাতওয়ারি তথ্য প্রকাশ করেছে ভারতীয় পক্ষ। তাতে এই প্রস্তাবের বিষয়টি স্থান পায়। খাতওয়ারি তথ্যে ভারত বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক সফরে দুই দেশের মধ্যে যৌথ সম্মতিতে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। তাতে দুই দেশের বন্ধুত্বকে ‘অবিচল’ বলে অভিহিত করা হয়েছে।

নিজেকে ‘পরমাণু অস্ত্রধারী’ রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার –যুগান্তর

উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে একটি আইন পাস করেছে। দেশটির নেতা কিম জং-উন এই সিদ্ধান্তকে ‘অপরিবর্তনযোগ্য’ বলে অভিহিত করেছেন এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এই খবর দিয়েছে। খবর এনডিটিভির।

আইনটিতে বলা হয়েছে, দেশটি আত্মরক্ষার জন্য আগেই পারমাণবিক হামলা চালাতে পারবে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই ঘোষণা দিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ায় কোভিড ছড়ানোর জন্য সিউলকে দায়ী করে আসছে দেশটি। চলতি বছর কিম সর্বোচ্চ সংখ্যক পরমাণু পরীক্ষা চালিয়েছে।  এই আইনের ফলে উত্তর কোরিয়া কোনো ধরনের সতর্কতা ছাড়াই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারবে। সেই সঙ্গে শত্রুপক্ষকে ধ্বংস করতে পারবে।

যেভাবে পাল্টে গেল মানারাতের ট্রাস্টি বোর্ড-মানবজমিন

হঠাৎ পরিচালনা পর্ষদ বা বোর্ড অব ট্রাস্টিজে পরিবর্তন আনা হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। ট্রাস্টি বোর্ডে পরিবর্তনের লক্ষ্যে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা আহ্বান করা  হয়। সভায় বোর্ড অব ট্রাস্টিজ পরিবর্তন করা হয়। এরআগে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পরিবর্তন আনা হয়েছিল। মানারাতের পূর্বের পরিচালনা পর্ষদের সদস্যদের সবাইকে বাদ দেয়া হয়েছে।

প্রেসিডেন্টের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন বোর্ড অব ট্রাস্টিজের পুনর্গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে বলা হয়, সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিশেষ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দেখা যায় যে, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ও প্রমাণ রয়েছে। মানারাত বিশ্ববিদ্যালয় এবং কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীদের জঙ্গিবাদী কার্যক্রমের পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনৈতিক কাজে লিপ্ত করার জন্য বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের কতিপয় কর্মকর্তা তাদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপে অংশগ্রহণ করতে উস্কে দেয়াসহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকেন। উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী ও জামায়াত-শিবিরের উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের গোপন যোগাযোগ রয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদে উস্কানি দেয়া, পরিকল্পনায় সহযোগিতা করা দেশের প্রচলিত আইন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৬(১০) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

ভারত গণতান্ত্রিক চরিত্র অক্ষুণ্ণ রাখবে বিশ্বাস ফখরুলের-নয়াদিগন্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ভারত আমাদের বন্ধুত্বের দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা বিশ্বাস করি, ভারত তাদের গণতান্ত্রিক চরিত্র অক্ষুণ্ণ রাখবে। আমরা আগেও বলেছি, সরকার মরিয়া হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর এই সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ভারত সরকারকে বলেছি যে, কোনোভাবে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে হবে।’ আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাস করি এবং এটাও বিশ্বাস করি যে গণতন্ত্র দেশগুলো সারা বিশ্বে গণতন্ত্রকে সমুন্নত রাখতে জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবে।”

শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগর বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ভারত সফরে কি অর্জন দেখতে পাচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত ১৫৩ কিউসেক পানি কুশিয়ারা নদীর। এছাড়া এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি। যেটা দেখতে পাচ্ছি যানবাহন চলার জন্য ভারতের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি হয়েছে। বলা হচ্ছে, সীমান্তে হত্যা জিরোতে আনা হবে; যেদিন এ কথা বলা হয়েছে সেদিনই দিনাজপুর সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে, আর দু’জন নিখোঁজ রয়েছে। এই হচ্ছে দৃশ্যমান প্রাপ্তি।’

এসএসসি ভবনের ডেটা রুম ফেরাতে হবে চেয়ারম্যানের হাতেই, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!-আনন্দবাজার পত্রিকা

নথি চুরি যাওয়ার আশঙ্কায় স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম পাহারায় মে মাস থেকে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সেই ডেটা রুম খোলার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এসএসসি-র চেয়ারম্যানকে ডেটা রুম হস্তান্তর করবেন সিবিআই আধিকারিকেরা। নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় এ-ও জানান, সল্টলেকের এসএসসি ভবনে ডেটা রুমের পাহারা থেকে সরিয়ে নেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী। যে কারণে ডেটা রুম ‘কব্জা’য় নিয়েছিল সিবিআই, তা পূরণ হয়েছে। তদন্তকারীদের আর কোনও তথ্যের প্রয়োজন নেই।

চলতি বছরের ১৮ মে প্রথম বার এসএসসি ‘দুর্নীতি’-কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে সিবিআই। তখনই এসএসসি ‘দুর্নীতি’ নিয়ে মামলাকারীদের মনে আশঙ্কা তৈরি হয় যে, এএসসি ভবনের ডেটা রুম থেকে তথ্য চুরি হতে পারে। সে কারণেই গত ১৮ মে রাতেই মামলাকারীরা আদালতের দ্বারস্থ হন। তাঁরা আশঙ্কা প্রকাশ করেন, নথি নষ্ট করা হতে পারে। তাই দফতরের ডেটা রুমকে এখনই ‘সিল’ করা উচিত। ওই রাতেই শুনানি শুরু করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি নির্দেশ দেন, এসএসসি ভবন ঘিরে ফেলবে কেন্দ্রীয় বাহিনী। সেখানে ঢুকতে বা বেরোতে পারবে না।

সুপ্রিম কোর্টে স্বস্তিতে নুপূর শর্মা, খারিজ বহিষ্কৃত বিজেপি নেত্রীর গ্রেপ্তারির আরজি- দৈনিক সংবাদ প্রতিদিন

হজরত মহম্মদকে (Prophet Mohammad Row) নুপূর শর্মার (Nupur Sharma) মন্তব্যের পরে বিতর্ক ছড়িয়েছিল গোটা দেশে। উঠেছিল নুপূরের গ্রেপ্তারির দাবিও। শুক্রবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল বহিষ্কৃত বিজেপি (BJP) নেত্রীর গ্রেপ্তারির আরজি। এদিন শীর্ষ আদালত আবেদনকারীকে জানিয়েছে, ”আপনার দাবি নিরীহ। কিন্তু এর সুদূরপ্রসারী ফলাফল রয়েছে।”

গত জুলাইয়ে নুপূরের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলির প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল নেত্রীর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ করা যাবে না। এদিনও সুপ্রিম রায় গেল তাঁর পক্ষেই। উল্লেখ্য, নূপুর শর্মা একটি টিভি অনুষ্ঠানে পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তা নিয়ে দেশের নানা প্রান্তে বিক্ষোভ, অশান্ত পরিস্থিতি তৈরি হয়। বিবৃতি প্রকাশ করে বিজেপির তরফে জানানো হয়, সব ধর্মকে সম্মানের চোখে দেখে বিজেপি। বলা হয়, “ভারতের ইতিহাসে সবসময়ে সব ধর্ম একসঙ্গে বিকশিত হয়েছে। কোনও ধর্ম বা ধর্মীয় ব্যক্তির প্রতি অসম্মানজনক মন্তব্য করার তীব্র নিন্দা করছে বিজেপি। এই ধরনের কার্যকলাপকে প্রশ্রয় দেয় না বিজেপি।”

মঙ্গলকোট বিস্ফোরণ মামলা থেকে মুক্তি, বেকসুর খালাস অনুব্রত –দৈনিক আজকাল

মঙ্গলকোট বিস্ফোরণ মামলা।

তাতে বেকসুর খালাস অনুব্রত। শুধু অনুব্রত নয়, মামলায় অভিযুক্ত ১৪ জনকে মুক্ত ঘোষণা করা হয়েছে। ২০১০ এর ৫ মার্চ-এর এই মামলার চার্জশিটে নাম ছিল অনুব্রত মণ্ডলের। তাঁর বিরুদ্ধে  জামিন অযোগ্য ধারায় মামলা রজু হয়েছিল সে বছরেই। আজ সকালে আসানসোল জেলা সংশোধনাগার থেকে অনুব্রতকে নিয়ে আসা হয়ে কলকাতায়। বিধাননগর এমপি-এমএলএ কোর্টে পেশ করা হয় তাঁকে। মামলার শুনানিতে এই মাসের শুরুতেই তিনি হাজিরা দিয়েছিলেন আদালতে। 

তার পরেই আজ ফের আনা হয় আদালতে। আজ এই মামলার রায় ঘোষণা করা হয়। জানানো হয়েছে তথ্য প্রমাণের অভাবে ১৪ জনকেই মুক্তি দিল আদালত। শুরুতে এই মামলায় অনুব্রত সহ ১৫ জনের নামে এই মামলা দায়ের করা হয়েছিল, তবে মামলা চলাকালীন মৃত্যু হয়েছে এক অভিযুক্তের। ফলত বাকি ১৪ জনের নামে মামলা চলছিল। আজ মুক্তি পেলেন তাঁরা। #

পার্সটুডে/ বাবুল আখতার/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।