সেপ্টেম্বর ১২, ২০২২ ১২:২৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১২ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশ সর্বদা বিশ্বশান্তি বজায় রাখতে সহায়তা করবে: প্রধানমন্ত্রী-মানবজমিন
  • চাকরিজীবীর কষ্টগাঁথা-প্রতি মাসেই ধার বাড়ছে- প্রথম আলো
  • জজ মিয়াকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট-যুগান্তর
  • এমপি পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি-বাংলাদেশ প্রতিদিন 
  • রাষ্ট্রের পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি : কাদের-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • জগৎসভায় কন্যাশ্রীর পর আবারও শ্রেষ্ঠ বাংলা, সেরার পুরস্কার নিতে বার্লিন যেতে পারেন মমতা-আনন্দবাজার
  • আট ঘণ্টায় ১৭ কোটি, ফের কলকাতায় বিপুল পরিমাণ টাকা উদ্ধার ইডির-আজকাল
  • ফের বিতর্কে অগ্নিপথ প্রকল্প, অগ্নিবীরদের আর্থিক সুবিধা গোপন রাখবে প্রতিরক্ষা মন্ত্রক-সংবাদ প্রতিদিন
  • কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানো যাবে না: গুলাম নবী-এনডিটিভি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

আকবর আলি খানের অপ্রকাশিত সাক্ষাৎকার-তরুণ নেতৃত্ব এলেই দেশ বদলাবে, পুরোনোরা কিছু পারবে না-প্রথম আলো বলেছে, তাদের জানা মতে এটিই আকবর আলি খানের দেয়া শেষ সাক্ষাৎকার। ঐ সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ ভালোই দেখি। অসম্ভব কিছু হবে না। আফ্রিকার কিছু দেশের মতো গুরুতর অবস্থা হবে না। আর ভারতের সঙ্গে তুলনা করতে গেলে তাদের সার্বিক সূচক বাংলাদেশের ওপরে থাকে। তবে অনেক জায়গায় বাংলাদেশ থেকে এগিয়ে, সাম্প্রতিক কালে আমরা দেখছি, আমলাতন্ত্র ও সরকার অনেকটা একাকার হয়ে গেছে। এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব কি? এর জবাবে তিনি বলেন, সম্ভব; যদি জওহরলাল নেহরুর মতো কেউ দেশের নেতৃত্বে আসেন। ও রকম রাজনৈতিক নেতাই এ সংকট থেকে দেশকে মুক্ত করতে পারেন। আর নয়তো অসম্ভব।মানুষ ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারবেন—এমন সম্ভাবনা দেখেন কি? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন সম্ভাবনা ১০ থেকে ১৫ বছরের মধ্যে নেই। তবে বাংলাদেশের জনসংখ্যার গরিষ্ঠ অংশ হচ্ছে তরুণেরা। বর্তমান নেতৃত্ব হচ্ছে পুরোনো। এদের কবল থেকে বের হয়ে তরুণ নেতৃত্ব গড়তে পারলে এখানে গণতন্ত্রের ভবিষ্যৎ আছে। নয়তো যেভাবে চলছে, সেভাবে চলবে। 

চাকরিজীবীর কষ্টগাঁথা-প্রতি মাসেই ধার বাড়ছে-মানবজমিনের অর্থনীতি বিষয়ক এ প্রতিবেদনে বেশ কয়েকজন ভুক্তভোগীর বক্তব্য তুলে ধরে লেখা হয়েছে, সাধারণ চাকুরিজীবী যারা তারা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। সাব্বির নামের এক চাকুরিজীবী বলেছেন, এভাবে সংসার চালানো সম্ভব নয়।শুধু সাব্বির নন, গত কয়েক মাসে দ্রব্যমূল্য এত বেড়েছে যে, তা অধিকাংশ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

যুগান্তরের একটি খবরের শিরোনাম জজ মিয়াকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট। খবরটিতে লেখা হয়েছে, ২০০৪ সালের ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলার ঘটনায় মিথ্যা স্বীকারোক্তি নিয়ে ফাঁসানো জজ মিয়াকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় মামলা হওয়ার পর কারাগারে থাকায় তার আর্থিক ও সামাজিক কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নির্ধারণে তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

নতুন প্রযুক্তির সুযোগ নিয়ে সাইবার অপরাধ এবং সংঘবদ্ধ বহুজাতিক অপরাধের কারণে সৃষ্ট মানবতাবিরোধী কর্মকাণ্ড দমনে বিশ্বের দেশগুলোর মধ্যে সহযোগিতা সুসংহত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের কণ্ঠের এ খবরে লেখা হয়েছে, আজ ঢাকার একটি হোটেলে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ আয়োজিত ইন্টারপা সম্মেলন গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্ত্রাসবাদ ও অর্থপাচারের পাশাপাশি সহিংস চরমপন্থা এবং প্রযুক্তিনির্ভর অন্যান্য অপরাধ দমনে পুলিশের ডিজিটালাইজেশন একটি চমৎকার উপায় হতে পারে। বর্তমানে এসব অপরাধের কারণে বিশ্বজুড়ে পুলিশের দায়িত্ব পালনে তীব্র চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আজকের বিশ্বে একা কোনো দেশের পক্ষে এসব মোকাবেলা করা সম্ভব নয়। তাই এসব সমস্যা মোকাবেলায় বিশ্বের দেশগুলোর মধ্যে সহযোগিতা সুসংহত করার কোনো বিকল্প নেই।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

সাবেক কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ বলেছেন, জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা ফেরানো যাবে না। এনডিটিভির এ খবরে লেখা হয়েছে, গতকাল রোববার উত্তর কাশ্মীরের বারামুল্লায় এক জনসভায় গুলাম নবী এ কথা বলেন। গত মাসে কংগ্রেস ছাড়ার পর নতুন দল গঠনের ঘোষণা দেন জম্মু-কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিজেপি সরকার তিন বছর আগে জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা (৩৭০ ধারা) প্রত্যাহার করে। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা জম্মু-কাশ্মীরকে বৃহত্তর স্বায়ত্তশাসন দিয়েছিল। ৩৭০ ধারা পুনঃপ্রতিষ্ঠা করতে হলে পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।’গুলাম নবী আরও বলেন, প্রতিটি নির্বাচনে কংগ্রেসের অবস্থার অবনতি হচ্ছে। ভারতে এমন কোনো রাজনৈতিক দল নেই, যারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, ৩৭০ ধারা পুনরুদ্ধার করতে পারে।

ফের বিতর্কে অগ্নিপথ প্রকল্প, অগ্নিবীরদের আর্থিক সুবিধা গোপন রাখবে প্রতিরক্ষা মন্ত্রক-দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, দেশের নিরপত্তা জড়িত। সুরক্ষার কথা বিবেচনা করেই ‘অগ্নিপথ’ প্রকল্প সংক্রান্ত কোনও নথি প্রকাশ করা যাবে না বলে জানিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক। সম্প্রতি বিহারের এক সমাজকর্মী তথ্য জানার অধিকার আইনে অগ্নিপথ সম্পর্কিত বেশ কিছু তথ্য জানতে চেয়ে প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি দেন। উত্তরে, বিষয়টি ‘সিক্রেট ফাইল’। তাই এই সম্পর্কিত তথ্যপ্রকাশ সম্ভব নয় বলে মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়।বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সমালোচনায় সরব তৃণমূল, কংগ্রেস ও বামেরা। প্রকল্পটি বাতিল করা উচিত। এটি একটি গ্যাস বেলুন। তাই এখন কেন্দ্র তথ্য গোপনের পথে হাঁটছে বলে তোপ দাগেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কেন্দ্র তথ্য গোপন করতে চাইছে মানেই ‘ডালমে কুছ কালা হ্যায়’। কটাক্ষ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যর।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২