কথাবার্তা
কথাবার্তা: সরকারের ‘অন্যায় আদেশ’ পালন করতে গিয়েই নিষেধাজ্ঞায় র্যাব: ফখরুল
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- সরকারের ‘অন্যায় আদেশ’ পালন করতে গিয়েই নিষেধাজ্ঞায় র্যাব: ফখরুল-প্রথম আলো
- লাশ ফেলে আন্দোলন জমাতে চায় বিএনপি: কাদের- যুগান্তর
- মিয়ানমারে অস্থিরতা রোহিঙ্গা প্রত্যাবাসন দুরূহ করে তুলেছে : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
- করোনায় ৪ জনের মৃত্যু –ইত্তেফাক
- চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বাবা-মা’র সামনে লাশ হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী - মানবজমিন
ভারতের শিরোনাম:
- বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১৭ কোটিরও বেশি টাকা, গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খান গাজিয়াবাদে গ্রেপ্তার -আজকাল
- রিং’য়ের পথে পা বাড়িয়ে দিলেন শশী তারুর, তুলে ফেললেন কংগ্রেস সভাপতি নির্বাচনের মনোনয়নপত্র–আনন্দবাজার পত্রিকা
- বহু TMC বিধায়ক বিজেপির সঙ্গে যোগ রাখছেন, নিজের দাবিতে অনড় মিঠুন চক্রবর্তী- সংবাদ প্রতিদিন
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
সরকারের ‘অন্যায় আদেশ’ পালন করতে গিয়েই নিষেধাজ্ঞায় র্যাব: ফখরুল-প্রথম আলো
দেশে এক ব্যক্তির শাসন ও এক ব্যক্তির মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার মানুষকে কষ্ট–যন্ত্রণা ছাড়া আর কিছু দিতে পারেনি—এমন অভিযোগ করে তিনি বলেন, বর্তমান সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে র্যাবের সাতজন কর্মকর্তার ওপর (মার্কিন) নিষেধাজ্ঞা পড়েছে। কিন্তু এটা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই; কারণ, তারাই সেসবের নির্দেশদাতা।আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বিএনপি আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন রচনা প্রতিযোগিতা কমিটি’ আয়োজিত এ অনুষ্ঠানে ফখরুল প্রধান অতিথি ছিলেন। ১৫ বছর ধরে সারা দেশের মানুষ কষ্ট, হতাশা ও ভয়ংকর ত্রাসের মধ্যে বাস করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘মুন্সিগঞ্জে আহত একজন যুবদল কর্মী শাওন গত পরশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ হয়েছে।
লাশ ফেলে আন্দোলন জমাতে চায় বিএনপি: কাদের- যুগান্তর
আওয়ামী লীগ কাউকে রাজপথ ইজারা দেয়নি। বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার বিকালে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দেশের উন্নয়ন, অর্জন চাইলে শেখ হাসিনার মতো সৎ ও দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। তিনি বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে সম্মানিত করেছেন।
তিনি বলেন, বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেন- বিদায়ের সাইরেন নাকি বাজছে। এই সাইরেন ১৪ বছর ধরে ফখরুলের কানে বাজে, জনগণের কানে বাজে না।
মিয়ানমারে অস্থিরতা রোহিঙ্গা প্রত্যাবাসন দুরূহ করে তুলেছে : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
প্রধানমন্ত্রী মিয়ানমারের চলমান সংঘাত ও রোহিঙ্গা পরিস্থিতির বিষয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। গত রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৭৭তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, মিয়ানমারে অস্থিরতা, সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসন দুরূহ করে তুলেছে। এ দেশে রোহিঙ্গাদের দীর্ঘ মেয়াদে অবস্থান আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে মানবাধিকার ও শান্তির প্রতি অঙ্গীকার তুলে ধরেন। জাতিসংঘ ব্যবস্থার প্রতি সমর্থন জানানোর পাশাপাশি কভিড মহামারির শিক্ষা নিয়ে এটি সংস্কারের আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ২০১৭ সালে স্বদেশ থেকে বাস্তুচ্যুত হয়ে তাদের গণহারে বাংলাদেশে প্রবেশের পাঁচ বছর পূর্ণ হয়েছে গত মাসে। রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে দ্বিপক্ষীয়, ত্রিপক্ষীয় এবং জাতিসংঘসহ অন্যান্য অংশীজনকে নিয়ে আলোচনা সত্ত্বেও একজন রোহিঙ্গাকেও তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যায়নি।
করোনায় ৪ জনের মৃত্যু –ইত্তেফাক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনাভাইরাসে ৩৫০ জন আক্রান্ত হয়েছেন এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২১ হাজার ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৫১ জন। ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বাবা-মা’র সামনে লাশ হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী - মানবজমিন
নাটোরের লালপুরের আব্দুলপুর রেল জংশনে দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাসানুজ্জামান ইমতিয়াজ (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে বাবা-মার সামনেই ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
নিহত হাসানুজ্জামান ইমতিয়াজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী পৌর এলাকায়। তাঁর বাবা ইসাহক আলী পাবনা জজকোর্টের আইনজীবী।
হাসানুজ্জামানের বন্ধু ও প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, তাঁরা কমিউটার ট্রেনে একসঙ্গে ঈশ্বরদী থেকে রাজশাহীতে যাচ্ছিলেন। ট্রেনটি আবদুলপুর রেলজংশনের প্ল্যাটফর্মে দাঁড়ালে ইমতিয়াজ পুরি খাওয়ার জন্য ট্রেন থেকে নামেন। পুরি খাওয়ার সময় ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে ট্রেনের হাতল ধরে ওঠার চেষ্টা করেন। তবে এ সময় হাত পিছলে যাওয়ায় আরিফুল ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার পর লোকজন তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
রিং’য়ের পথে পা বাড়িয়ে দিলেন শশী তারুর, তুলে ফেললেন কংগ্রেস সভাপতি নির্বাচনের মনোনয়নপত্র–আনন্দবাজার পত্রিকা
পরবর্তী কংগ্রেস সভাপতি কে? লড়াইয়ের জল্পনায় একাধিক নাম সামনে এলেও, প্রতিযোগী হিসেবে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ শশী তারুরের। কেরলের সাংসদ শশী সভাপতি ভোটে লড়তে মনোনয়নপত্র তুলেছেন বলে কংগ্রেস সূত্রে খবর।
কংগ্রেসের জি-২৩ গোষ্ঠী বা বিক্ষুব্ধ ২৩ জন নেতার মধ্যে অন্যতম তারুরই প্রথম নেতা যিনি রাহুল-সনিয়ার আড়াই দশক সভাপতিত্বের পর দলের ভার কাঁধে নিতে নির্বাচনে লড়ার পথে প্রথম ধাপ এগোলেন। তবে লড়াই সহজ নয়। গান্ধী পরিবারের কেউ শেষ পর্যন্ত না লড়লে, তারুরের মূল প্রতিপক্ষ হতে চলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ও গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অশোক গহলৌত।
বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১৭ কোটিরও বেশি টাকা, গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খান গাজিয়াবাদে গ্রেপ্তার -আজকাল
১৭ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছিল তাঁর বাড়ি থেকে।
সেই গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার করা হল। অনলাইন গেম প্রতারণার অভিযোগে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতার নিয়ে আসা হবে। মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তে নেমে গার্ডেনরিচের শাহি আস্তাবল গলি, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, নিউটাউন–সহ শহরের ছ’টি জায়গায় গত ১০ সেপ্টেম্বর অভিযান শুরু করেছিল ইডি। তল্লাশিতে আমিরের ঘরের খাটের তলা থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়। ব্যাঙ্ক থেকে টাকা গোনার মেশিন এনে দেখা যায়, ১৭ কোটিরও বেশি টাকা রয়েছে। তল্লাশি অভিযানের সময় ইডি জানায়, গার্ডেনরিচের ব্যবসায়ী নিসার আহমেদ খানের ছেলে আমিরের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই পুরনো মামলার তদন্তে নেমেই আমিরের বিরুদ্ধে অভিযান শুরু করে তারা। বিপুল টাকা উদ্ধারের পরেই গা ঢাকা দেন আমির খান। খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে এল সাফল্য। গাজিয়াবাদ থেকে আমিরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে। আমিরকে জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।
বহু TMC বিধায়ক বিজেপির সঙ্গে যোগ রাখছেন, নিজের দাবিতে অনড় মিঠুন চক্রবর্তী- সংবাদ প্রতিদিন
বহু তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগ রাখছেন। নিজের দাবিতে অনড় বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শনিবার গেরুয়া শিবিরের হেস্টিংসের অফিসে সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাব ‘ডিসকো ডান্সারে’র সাফ জবাব, “ভিত্তিহীন কথা আমি বলি না। ব্যাক রয়েছে তাই আমি বলছি। আবার বলছি, আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, রাখছে, রাখছে (তৃণমূল বিধায়করা)।” তিনি যখন এই দাবি করছেন, সেই সময় তাঁর পাশেই বসেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
হেস্টিংস অফিসে সাংবাদিক সম্মেলন করেন বলিউডের তারকা মিঠুন চক্রবর্তী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘এমএলএ ফাটাকেষ্ট’র দাবি, “অপেক্ষা করুন। সবই দেখতে পাবেন। আমি ভিত্তিহীন কথা বলি না। এক্ষেত্রেও বলছি না।” প্রসঙ্গত, ২৭ জুলাই কলকাতায় এসেছিলেন মিঠুন। সেদিন সাংবাদিকদের সামনে বলিউড-টলিউড কাঁপানো অভিনেতা দাবি করেন, “৩৮ জন তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে ভাল যোগাযোগ রাখছে। ২১ জন তো সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখছে।” এদিনও তাঁর সেই দাবিতে অনড় রইলেন তারকা -নেতা। একাধিক তৃণমূল নেতা-কর্মীদের বাড়ি থেকে নগদ, সোনা উদ্ধার নিয়েও কটাক্ষ করেন মিঠুন। তাঁর কথায়, “জন্মে এত টাকা দেখিনি। রোজগারও করিনি।”#
পার্সটুডে/বাবুল আখতার /২৪