একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
করতোয়ায় একের পর এক ভেসে উঠছে লাশ, নিহত বেড়ে ৬৫
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৭ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- আলীকদমের ‘ট্রফি ভাঙা’ ইউএনওকে ঢাকা বিভাগে বদলি-প্রথম আলো
- বৈশ্বিক সংকট নিয়ে বিএনপি ফায়দা লুটতে চায়: কাদের - যুগান্তর
- পতাকার লাঠি আরো লম্বা করতে হবে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
- ডলারে অস্থিরতা: ভারতীয় রুপিতে বাণিজ্যে আগ্রহী বেশ কিছু দেশ-কালের কণ্ঠ
- করতোয়ায় একের পর এক ভেসে উঠছে লাশ, নিহত বেড়ে ৬৫ - মানবজমিন
ভারতের শিরোনাম:
- দলিত পড়ুয়াকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত উত্তরপ্রদেশ, অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ-আজকাল
- রাজ্যে আরও প্রায় ১৫ হাজার শিক্ষক নিয়োগ, প্রায় ১০ হাজার নতুন পদ তৈরি হচ্ছে, ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্যের–আনন্দবাজার পত্রিকা
- কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন তুললেন সোনিয়া ঘনিষ্ঠ আরেক নেতা, গেহলটকে নিয়ে ধন্দ অব্যাহত-সংবাদ প্রতিদিন
আলীকদমের ‘ট্রফি ভাঙা’ ইউএনওকে ঢাকা বিভাগে বদলি-প্রথম আলো
বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সেখান থেকে কোনো একটি উপজেলায় তাঁকে পদায়ন করতে বলা হয়েছে। ফুটবল টুর্নামেন্টের ট্রফি ভেঙে ইউএনও মেহরুবা আলোচিত হয়েছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের অধীন ন্যস্ত করা হলো। আলীকদমের ইউএনও মেহরুবা ইসলামকে গত শুক্রবার উপজেলার চৈক্ষ্যং উচ্চবিদ্যালয় মাঠে আবাসিক যুব স্বাধীন সমাজ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি করা হয়েছিল। সেখানে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি বিতরণ না করে ভেঙে ফেলেন। ট্রফি ভেঙে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি সমালোচনার মুখে পড়েন। আলীকদমের উপজেলা চেয়ারম্যান আবুল কালাম তাঁকে অপসারণের দাবিতে মিছিল-সমাবেশ করেন। গতকালও তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবিতে জেলা শহরে মানববন্ধন করা হয়।
ডলারে অস্থিরতা: ভারতীয় রুপিতে বাণিজ্যে আগ্রহী বেশ কিছু দেশ-কালের কণ্ঠ
পশ্চিমা নিষেধাজ্ঞা আতঙ্ক এবং মার্কিন ডলারের অস্থিরতার কারণে ভারতের পণ্য কিনতে রুপিতে মূল্য পরিশোধে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জাপান ও পশ্চিমা দেশের বাইরের কিছু দেশের আমদানিকারকরা। দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নিতে ভারতও নীতি সংশোধনের মাধ্যমে রুপিতে আন্তর্জাতিক বাণিজ্যের দ্বার খুলে দিয়েছে।
ভারতের শিল্পগ্রুপ ‘টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার’ মহাসচিব প্রবীর ভট্টাচার্য রুশ গণমাধ্যম স্পুটনিককে বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞায় পড়া রাশিয়া ও ইরানের মতো দেশের আমদানিকারকরা ভারতীয় পণ্যের জন্য রুপিতে মূল্য পরিশোধ করতে চাইছেন। অর্থনৈতিক অবরোধ এড়াতে তারা এ পথে বাণিজ্য এগিয়ে নিতে চান।
বৈশ্বিক সংকট নিয়ে বিএনপি ফায়দা লুটতে চায়: কাদের - যুগান্তর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক সংকট শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বে। বিএনপি এ নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে মিথ্যাচার করছে।
তিনি বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারাবিশ্বে জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকট। কিন্তু আজ বিএনপি ক্ষমতায় থাকলে দেশের কী হতো? দেশ কী ভালো থাকতো? ওবায়দুল কাদের রাজধানীর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন। ৭৫ 'র পরে বাংলাদেশে সবচেয়ে সৎ, যোগ্য ও সাহসী নেতার নাম শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করে না, শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। পিতা বঙ্গবন্ধু মুজিবের স্বপ্ন বাস্তবায়নের জন্য।
করতোয়ায় একের পর এক ভেসে উঠছে লাশ, নিহত বেড়ে ৬৫ - মানবজমিন
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় একের পর এক ভেসে উঠছে নিখোঁজদের লাশ। সোমবার গভীর রাত থেকে আজ বেলা ২টা পর্যন্ত আরও ১৫ জনের লাশ উদ্ধার হয়েছে। বোদা উপজেলার আউলিয়া ঘাট, দেবীগঞ্জের করতোয়া ঘাট এবং দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় নদী থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গত তিনদিনে লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ১২ জন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায় এসব তথ্য জানান। তিনি বলেন, ৫০ জনের লাশ উদ্ধারের পর সোমবার রাতে অভিযান স্থগিত করা হয়েছিল। মঙ্গলবার ভোর ৬টা থেকে আবার নদীতে তল্লাশি শুরু করেন উদ্ধারকর্মীরা। বেলা ২টা পর্যন্ত বোদা উপজেলার আউলিয়া ঘাট, দেবীগঞ্জের করতোয়া ঘাট এবং দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় নদী থেকে মোট ১৫ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজন বাদে সবার পরিচয় নিশ্চিত করেছেন স্বজনরা।
পতাকার লাঠি আরো লম্বা করতে হবে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
বিএনপির সাম্প্রতিক সমাবেশগুলোতে হামলা প্রতিরোধ করতে দলের নেতাকর্মীরা পতাকা হাতে অংশগ্রহণ করছে। প্রতিরোধের প্রয়োজনে পতাকার সেই লাঠি আরো লম্বা করতে হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির স্থায়ী কমিটির মরহুম সদস্য ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। রিজভী বলেন, একদলীয় শাসন ভয়াবহ রূপ ধারণ করেছে। বিএনপির কর্মসূচিগুলোতে জয়বাংলা শ্লোগান দিয়ে খালি গায়ে গুলি করছে। তারপরও শেখ হাসিনার কোনো ভ্রুক্ষেপ নেই। এত বেরিকেড, এত হত্যাকাণ্ডের পরও সাধারণ মানুষ সম্পৃক্ত হচ্ছে। কারণ আজকে মানুষ জেগে উঠেছে ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। তিনি বলেন, পতাকার যে লাঠি সে লাঠি আরো লম্বা করতে হবে। লম্বা লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রাজ্যে আরও প্রায় ১৫ হাজার শিক্ষক নিয়োগ, প্রায় ১০ হাজার নতুন পদ তৈরি হচ্ছে, ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্যের–আনন্দবাজার পত্রিকা
মুখ্যমন্ত্রী চান না কারও চাকরি যাক। তাই নতুন করে পদ তৈরি করতে প্রস্তুত রাজ্য। তবে আদালতের নির্দেশ পেলেই সকলকে নিয়োগ করা হবে। সোমবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, এই নিয়োগের জন্য মোট ১৪,৯৭৭ পদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে ৬,৮৬১ পদ ইতিমধ্যেই তৈরি হয়েছে। বাকি ৯,৭১৬টি পদ তৈরি করতে হবে। এই ঘোষণার পাশাপাশি চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের প্রতি আন্দোলন প্রত্যাহারেরও আর্জি জানিয়েছেন ব্রাত্য।
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার বলেন, ‘‘আদালতের নির্দেশ মেনে সব ধরনের কাজ করতে প্রস্তুত রাজ্য সরকার। আদালত যদি বলে সকলকে চাকরি দিতে হবে, তা-ও প্রস্তুত রাজ্য। আদালত যদি বলে, ব্যতিক্রমী ভাবে যাঁরা ঢুকেছেন, তাঁদের বাতিল করতে হবে, তাতেও রাজি রাজ্য।’’ তবে পাশাপাশি আরও একটি বিষয় স্পষ্টই জানিয়েছেন তিনি যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কারও চাকরি চলে যাক।
দলিত পড়ুয়াকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত উত্তরপ্রদেশ, অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ-আজকাল
দলিত পড়ুয়াকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তাল উত্তরপ্রদেশ।
সোমবার সন্ধেয় ময়নাতদন্তের পর ১৫ বছরের পড়ুয়ার মৃতদেহ তুলে দেওয়া হয়েছিল পরিবারের হাতে। কিন্তু সেই দেহ দাহ করতে অস্বীকার করে পড়ুয়ার পরিবার ও ভীম আর্মির সদস্যরা। অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারির দাবি উঠেছে। জানা গেছে, অভিযুক্ত শিক্ষক এখনও পলাতক। পড়ুয়ার পরিবার ও ভীম আর্মির সদস্যরা অওরাইয়া জেলার আচলদা এলাকায় স্কুলের সামনের রাস্তা অবরোধ করেন। বিক্ষোভ শুরু হয়। আচমকা বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এমনকী পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগও রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের শীর্ষ আধিকারিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলান। দোষীকে দ্রুত গ্রেপ্তারির প্রতিশ্রুতি মেলার পর মৃতদেহ দাহ করার সিদ্ধান্ত নেয় পরিবারের সদস্যরা ও ভীম আর্মি।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক অশ্বিনী সিংয়ের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালীন আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে কিছু দুষ্কৃতী।
কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন তুললেন সোনিয়া ঘনিষ্ঠ আরেক নেতা, গেহলটকে নিয়ে ধন্দ অব্যাহত-সংবাদ প্রতিদিন
তাঁর নাম কোনওরকম জল্পনাতেই ছিল না। না রাজস্থানে গেহলট পন্থীদের বিদ্রোহের আগে, না গেহলট পন্থীদের বিদ্রোহের পরে। কিন্তু সবাইকে একপ্রকার চমকে দিয়ে এবার কংগ্রেস সভাপতি পদের জন্য মনোনয়ন তুললেন বর্ষীয়ান নেতা পবন বনসল। মঙ্গলবার কংগ্রেসের নির্বাচনের দায়িত্বে থাকা মধুসূদন মিস্ত্রি (Madhusudan Mistri) জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট দু’জন কংগ্রেসের সভাপতি পদে মনোনয়ন তুলেছেন। একজন শশী থারুর, অপরজন পবন বনসল। অশোক গেহলট মনোনয়ন তুলবেন কিনা, সে বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই বলেই দাবি করেছেন মধুসূদন।
সূত্রের খবর, বনসল দুটি মনোনয়ন পত্র তুলেছেন। মূলত চণ্ডীগড়ে রাজনীতি করা বনসল গান্ধী (Gandhi Family) পরিবারের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। এই মুহূর্তে কংগ্রেসের কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। কংগ্রেস সভাপতি নির্বাচনের আগে যে কয়েকজনের নাম শোনা যাচ্ছিল, তাঁদের মধ্যে ছিলেন না বনসল। আবার বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গেও কোনওরকম যোগাযোগ নেই তাঁর। তাহলে হঠাৎ বনসল কেন মনোনয়ন তুললেন? কার সমর্থনে লড়তে চাইছেন তিনি? নাকি গেহলটের (Ahok Gehlot) মতিগতি ভাল না রেখে বনসলকে বিকল্প হিসাবে ভাসিয়ে দিচ্ছে গান্ধী পরিবারই? সবটাই ধোঁয়াশা।#
পার্সটুডে/বাবুল আখতার/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।