কথাবার্তা: সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার:পররাষ্ট্রমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১০ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
-
প্রতিমন্ত্রী জানালেন-নভেম্বরের আগে কমছে না লোড শেডিং-কালের কণ্ঠ
- মার্কিন প্রতিবেদনে’ বলা হয়েছে, দেশে আগের রাতেও নির্বাচন হয়: মির্জা ফখরুল-প্রথম আলো
- ঘুমধুম সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক-মানবজমিন
- অস্ত্র প্রতিযোগিতার টাকা শিশুদের কল্যাণে ব্যয়ের আহ্বান প্রধানমন্ত্রীর যুগান্তর
- সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার:পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- আবারও টাকার দাম পতনে রেকর্ড, এক ডলারের নিরিখে টাকার দাম ৮২.৬৯-আনন্দবাজার পত্রিকা
- জরুরি অবস্থায় গণতন্ত্রের লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন’, মুলায়মের মৃত্যুতে শোকবার্তা মোদির-আজকাল
- নীতীশের ভীমরতি হয়েছে’, বিহারের মুখ্যমন্ত্রীর খোঁচার পালটা দিলেন প্রশান্ত কিশোর-সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
মার্কিন প্রতিবেদনে’ বলা হয়েছে, দেশে আগের রাতেও নির্বাচন হয়: মির্জা ফখরুল-প্রথম আলো
যুক্তরাষ্ট্র গতকাল রোববার পৃথিবীর ১৯০টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশকে নিয়ে ৭৪ পৃষ্ঠার লেখা রয়েছে। যার একটি নথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে রয়েছে বলে তিনি জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, ‘সেই ৭৪ পৃষ্ঠার প্রতিবেদনের প্রত্যেক জায়গায় বলা হয়েছে, বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, মানবাধিকার নাই। সেখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে, বাংলাদেশে জোর করে নির্বাচন করা হয়। আগের রাতেও নির্বাচনের ব্যবস্থা করা হয়।’
আজ সোমবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক স্মরণসভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন। ‘৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র-গণ–অভ্যুত্থানের বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘ঐতিহাসিক জেহাদ দিবস ২০২২’ শিরোনামে এই স্মরণসভার আয়োজন করা হয়। এর আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ।
প্রতিমন্ত্রী জানালেন-নভেম্বরের আগে কমছে না লোড শেডিং-কালের কণ্ঠ
বিদ্যুৎ আসে, বিদ্যুৎ যায়। এই নিয়মে চলছে সর্বত্র। সরকার দৈনিক এক ঘণ্টা লোড শেডিং ঘোষণা করলেও তা এখন স্থানভেদে ছয় ঘণ্টায় পৌঁছেছে। আগামী নভেম্বর মাসের আগে লোড শেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই বলেই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘গ্যাস আনতে না পারায় নভেম্বরের আগে লোড শেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই। ’
নসরুল হামিদ বলেন, ‘লোডের কারণে আমরা দিনের বেলা কিছু পাওয়ার প্লান্ট বন্ধ রাখছি। আবার দিনে যেগুলো চালাচ্ছি সেগুলো রাতে বন্ধ রাখছি। এ জন্য লোড শেডিংয়ের জায়গাটা একটু বড় হয়ে গেছে। আমরা চেয়েছিলাম অক্টোবর থেকে কোনো লোড শেডিংই থাকবে না। কিন্তু সেটা আমরা করতে পারলাম না। কারণ আমরা গ্যাস আনতে পারিনি। ’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘সমস্যাটা সাময়িক হতে পারে। তবে আমি মনে করি, বললেই এটা সাময়িক হচ্ছে না। কারণ বিশ্ব পরিস্থিতি আবার অন্য রকম করে ফেলে। ’
অস্ত্র প্রতিযোগিতার টাকা শিশুদের কল্যাণে ব্যয়ের আহ্বান প্রধানমন্ত্রীর যুগান্তর
পৃথিবীতে অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয়, তা সারা বিশ্বের শিশুদের জন্য ব্যয় করতে ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, করোনা মহামারির ধাক্কা ও রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ দেশের উন্নয়নের গতিকে অনেকটা শ্লথ করে দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে মানুষ এ কষ্ট ভোগ করছে।
সোমবার দুপুরে নিজ কার্যালয় হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতি নদীর ওপর নির্মিত মধুমতি সেতু এবং শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই, মানুষের উন্নতি চাই। এই যুদ্ধ ও অস্ত্র বিক্রির প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয় তা সারাবিশ্বের শিশুদের জন্য ব্যয় করা হোক। তাদের চিকিৎসা, শিক্ষা ও ভালো জীবনের জন্য ব্যয় করা হোক। আজ বিশ্ববাসীর কাছে সেই আহ্বান জানাই।
ঘুমধুম সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক-মানবজমিন
বাংলাদেশ- মিয়ানমার সীমান্তে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনাকর পরিবেশ পর্যবেক্ষণে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমদ। তিনি সোমবার (১০ অক্টোবর) সকাল ১১টায় কক্সবাজার থেকে ঘুমধুমে পৌঁছান। এরপর তুমব্রু, বাইশফাঁড়ী, তুইঙ্গাঝিরি এবং রেজুপাড়া বিওপি পরিদর্শন করেন। পাশাপাশি বিজিবি সদস্যদের অবস্থা দেখেন।
পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমদ রেজুপাড়া বিওপিতে সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। যদিও সীমান্তের ওপারে সে দেশের অভ্যন্তরে সমস্যা, সুতরাং সেটি তারাই বুঝবে। তবে বিভিন্ন সময় মিয়ানমারের সেনাদের সীমান্তে যুদ্ধ বিমানের টহল ও মর্টার শেলের গোলা এসে পড়া নিয়ে বাংলাদেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদলিপি পাঠিয়েছে।
সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার : পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারতের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে মানুষ হত্যার ঘটনা ঢাকার জন্য দুঃখজনক আর নয়াদিল্লির জন্য লজ্জাজনক।’ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী। সীমান্তে দুই বাংলাদেশির নিহতের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটা খুবই দুঃখজনক। ক’দিন পর পর ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা একটা লাশ বর্ডারে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জাজনক- কারণ তারা তাদের ফোর্সকে যদি নিয়ন্ত্রণে না রাখে…ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ, তারা যদি তাদের লোকগুলোকে (বিএসফ) নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক।’
আর্থিক সঙ্কট মোকাবিলায় ব্যাঙ্কের ভূমিকা বাতলে অর্থনীতিতে নোবেল পেলেন আমেরিকার তিন গবেষক-আনন্দবাজার পত্রিকা
নীতীশের ভীমরতি হয়েছে’, বিহারের মুখ্যমন্ত্রীর খোঁচার পালটা দিলেন প্রশান্ত কিশোর-সংবাদ প্রতিদিন
ও ব্যবসা করে, এরপর বিজেপিকেও (BJP) সাহায্য করবে।’ একদা ঘনিষ্ঠ সঙ্গী প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) এভাবেই তোপ দেগেছিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। এবার তাঁকে পালটা দিলেন প্রশান্তও। সরাসরি দাবি করলেন নীতীশের ‘ভীমরতি’ হয়েছে এবং তিনি রাজনৈতিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আর তাই তাঁর কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ করা যাচ্ছে।
একসময় একসঙ্গে কাজ করতেন নীতীশ-প্রশান্ত। প্রশান্ত কিশোরের সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি নীতীশ কুমারের হাত ধরেই। সেই প্রশান্ত কিশোর আর নীতীশ কুমারের সম্পর্ক এখন রীতিমতো আদায়-কাঁচকলায়। একে অপরের দিকে নিয়মিত কাদা ছোঁড়াছুঁড়ি করতে দেখা যাচ্ছে তাঁদের। সম্প্রতি নীতীশ বলেছিলেন, ”পিকে একজন ব্যবসায়ী। যখন আমার সঙ্গে ছিল, তখন বলেছিলাম, নিজের পেশা ছেড়ে এসে সক্রিয়ভাবে রাজনীতি করো। কিন্তু ও তাতে রাজি হয়নি। আসলে ও রাজনীতি নিয়ে ব্যবসা করে।” পাশাপাশি তিনি এমনও দাবি করেন, ভবিষ্যতে প্রশান্ত বিজেপিকেও সাহায্য করবে, গোপনে বা প্রকাশ্যে।
জরুরি অবস্থায় গণতন্ত্রের লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন’, মুলায়মের মৃত্যুতে শোকবার্তা মোদির-আজকাল
প্রয়াত মুলায়ম সিং যাদব।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ২ অক্টোবর থেকে ভর্তি ছিলেন গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে। শত চেষ্টা করেও চিকিৎসকরা বাঁচাতে পারেননি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। মুলায়মের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় তিনি বলেছেন, ‘মুলায়ম সিং যাদবজী উত্তরপ্রদেশ তথা জাতীয় রাজনীতিতে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন। জরুরি অবস্থায় তিনি গণতন্ত্রের লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন। শক্তিশালী ভারত গড়তে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসাবেও কাজ করেছেন।’ অপর একটি টুইটে মোদি বলেছেন, ‘মুলায়ম সিং যাদবজী একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। অত্যন্ত নম্র স্বভাবের ও মাটির মানুষ ছিলেন। জনগণের সমস্যাকে সংবেদনশীলতার সঙ্গে দেখতেন। নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করেছেন।’#