আগস্ট ০৬, ২০২৩ ১০:২৫ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ৬ আগস্ট (রোববার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য চারটি ট্রানজিট রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ: বণিকবার্তা
  • এস আলম নিয়ে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে নির্দেশ হাইকোর্টের: প্রথম আলো
  • বিএনপি খুনিদের দল, এদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়: প্রধানমন্ত্রী: সমকাল
  • ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে: ওবায়দুল কাদের: মানবজমিন
  • সুষ্ঠু নির্বাচনে ‘বিদেশী চাপ’ সহায়ক ভাবছে বিএনপি: চলতি মাসেই এক দফার নতুন কর্মসূচি: নয়াদিগন্ত
  • নির্বাচনের আগে আসছে বিশেষ অভিযান!: ইত্তেফাক

ভারতের পত্রপত্রিকার শিরোনাম

  • ‘না নিজেরা করবে, না অন্যদের করতে দেবে’, রেলের অনুষ্ঠান থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ মোদির: সংবাদ প্রতিদিন
  • ৫,০০০ কোটি দিয়ে সঙ্ঘী সিমেন্টের ব্যবসা কিনল আদানি গোষ্ঠী, অন্য গন্ধ পাচ্ছে কংগ্রেস: আনন্দবাজার
  • ফুটপাত দখল হওয়া আটকাতে এবার কলকাতা পুরসভার মনিটরিং সেল: আজকাল

বিশ্লেষণের বিষয়:

১. ঘূর্ণিঝড় আইলায় সৃষ্ট বিশালাকার খালটি মানুষ পাড়ি দিচ্ছে প্লাস্টিক ড্রামের ভেলায়। খুলনার কয়রা উপজেলার এ খবর দিয়েছে দৈনিক প্রথম আলো। কী বলবেন আপনি?

২. ‘পারস্য উপসাগর এবং ওমান সাগরের নিরাপত্তার সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই’- একথা বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী। বিষয়টি আসলে কী তাইিআপনার পর্যবেক্ষণ।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য চারটি ট্রানজিট রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ: বণিকবার্তা

ট্টগ্রাম ও মোংলা বন্দর হয়ে ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য পরিবহনের জন্য চারটি রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। অনুমোদন পাওয়া প্রটোকল রুটগুলো হলো চট্টগ্রাম বন্দর-আখাউড়া-আগরতলা, মোংলা বন্দর-আখাউড়া-আগরতলা, চট্টগ্রাম-বিবির বাজার-শ্রীমন্তপুর এবং মোংলা বন্দর-বিবির বাজার-শ্রীমন্তপুর।

ত্রিপুরা রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা এরই মধ্যে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এর ফলে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারবেন। ত্রিপুরা ও অন্যান্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে ট্রান্সশিপমেন্টের জন্য চিহ্নিত চারটি রুট সম্পর্কে এরই মধ্যে অবহিত করেছে বাংলাদেশ সরকার।’

এস আলম নিয়ে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে নির্দেশ হাইকোর্টের: প্রথম আলো

অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তর নিয়ে এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন।

৪ আগস্ট ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে ‘এস আলম’স আলাদিন’স ল্যাম্প’ (এস আলমের আলাদিনের চেরাগ) শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি আজ হাইকোর্টের উল্লিখিত বেঞ্চের নজরে আনেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে আদেশ দেন হাইকোর্ট।

বিএনপি খুনিদের দল, এদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়: প্রধানমন্ত্রী: সমকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি খুনিদের দল, এদের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়।

রোববার গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন আগামীতেও অব্যাহত থাকবে। প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য একমাত্র আওয়ামী লীগই কাজ করেছে।

৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে: ওবায়দুল কাদের: মানবজমিন

বাংলাদেশের সর্বশেষ জনমত জরিপে এখনো ৭০ শতাংশ মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সমর্থন করে এবং আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় আগামী নির্বাচনের জন্য তৃণমূলের নেতাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ দুপুরে গণভবনে তৃণমূলের নেতাদের নিয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

সুষ্ঠু নির্বাচনে বিদেশী চাপ সহায়ক ভাবছে বিএনপি: চলতি মাসেই এক দফার নতুন কর্মসূচি: নয়াদিগন্ত

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে পশ্চিমাসহ গণতান্ত্রিক বিশ্বের উদ্বেগ ও তাদের নানামুখী প্রকাশ্য পদক্ষেপ রাজপথে চলমান আন্দোলনে সহায়ক ভূমিকা পালন করছে বলে মনে করছে বিএনপি।

দলটি মনে করছে, গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। প্রতিটি ঘটনা তারা এখন শুধু মনিটর-ই করছে না, সাথে সাথে প্রতিক্রিয়াও জানিয়ে দিচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে তারা দারুণ শঙ্কায় রয়েছেন। তাদের এ অবস্থান সরকারের ওপর যেমন চাপ তৈরি করছে, তেমনি রাজপথের আন্দোলনেও উৎসাহ জোগাচ্ছে।

নির্বাচনের আগে আসছে বিশেষ অভিযান!: ইত্তেফাক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী চলবে বিশেষ অভিযান। অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশাদার সন্ত্রাসীদের গ্রেফতারে এই অভিযান চালানো হবে। নির্বাচনের আগে যে কোনো ধরনের সহিংসতা রোধে এ ধরনের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনের আগ পর্যন্ত বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশনাও আসছে। পাশাপাশি সীমান্তে অস্ত্র চোরাচালান রোধেও বিশেষ নজরদারি চালানো হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

না নিজেরা করবে, না অন্যদের করতে দেবে, রেলের অনুষ্ঠান থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ মোদির: সংবাদ প্রতিদিন

উপলক্ষ ছিল ‘অমৃত ভারত’প্রকল্পের অধীনে পূর্ব রেলের ৫০৮টি রেল স্টেশনের মানোন্নয়ন কর্মসূচির শিলান্যাস অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রেলমন্ত্রী-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। অর্থাৎ আদ্যোপান্ত সরকারি অনুষ্ঠান। সেই সরকারি অনুষ্ঠান থেকেও বিরোধীদের নিশানা সাধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রেলের অনুষ্ঠান মঞ্চ থেকে একযোগে বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। মোদি (Narendra Modi) দাবি করলেন,”কেন্দ্র সরকার ভোটব্যাংকের ঊর্ধ্বে উঠে উন্নয়নে প্রত্যয়ী। সেখানে বিরোধীরা নেতিবাচক রাজনীতি করছেন। না নিজেরা করবে, না অন্যদের করতে দেবে। এই চিন্তাভাবনা নিয়ে চলছে বিরোধীরা।” বিরোধীদের উদ্দেশে মোদির তির, “৭০ বছরে নিজেরা ওয়ার মেমোরিয়াল করেনি। কিন্তু ওয়ার মেমোরিয়াল তৈরি হওয়ার পর সমালোচনা করেছে। নতুন সংসদ ভবনের উদ্বোধনেরও বিরোধিতা করেছে। সর্দার প্যাটেলের মূর্তিরও সমালোচনা করেছে বিরোধীরা।”

,০০০ কোটি দিয়ে সঙ্ঘী সিমেন্টের ব্যবসা কিনল আদানি গোষ্ঠী, অন্য গন্ধ পাচ্ছে কংগ্রেস: আনন্দবাজার

এ বছরের গোড়ায় আমেরিকার শর্ট সেলার ফার্ম হিন্ডেনবার্গের রিপোর্টের পর ভিত নড়ে গিয়েছিল ভারতের অন্যতম বৃহৎ বহুজাতিক সংস্থা আদানি গোষ্ঠীর। মূলত নির্মাণক্ষেত্রে কাজ করা আদানি গোষ্ঠীর শেয়ারের দর কমছিল হু-হু করে। এর পরেই ঋণের বোঝা কমিয়ে ব্যবসায়িক পরিসর বৃদ্ধির পথে হাঁটা শুরু করেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি। সেই বদলে যাওয়া নীতিরই অন্যতম পদক্ষেপ হিসাবে আদানিদের অম্বুজা সিমেন্ট কিনে নিল সঙ্ঘী ইন্ডাস্ট্রিজ়ের অংশীদারি। বস্তুত, হিন্ডেনবার্গকাণ্ডের পর এটিই আদানির বৃহত্তম অধিগ্রহণ পদক্ষেপ।

কংগ্রেসের অভিযোগ, এই অধিগ্রহণের ক্ষেত্রেও ‘সরকারি যন্ত্রে’র অপব্যবহার হয়েছে। অধিগ্রহণের ‘ক্রোনেলজি’ প্রকাশ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেন, ভারতের তৃতীয় সর্ববৃহৎ সিমেন্ট উৎপাদক শ্রী সিমেন্টের সঙ্গে অধিগ্রহণ নিয়ে কথা চলছিল সঙ্ঘী ইন্ডাস্ট্রিজ়ের। জয়রামের দাবি, সঙ্ঘী অধিগ্রহণের কথাবার্তা শুরু হয়েছে জানতে পেরেই শ্রী সিমেন্টের দফতরে আয়কর দফতরের অভিযান চালানো হয়। তার পরেই আচমকা দৌড় থেকে সরে দাঁড়ায় শ্রী সিমেন্ট। কার্যত ফাঁকা মাঠে গোল করে বেরিয়ে যান আদানি।

ফুটপাত দখল হওয়া আটকাতে এবার কলকাতা পুরসভার মনিটরিং সেল: আজকাল

ফুটপাত বেদখল হওয়া রুখতে এবার মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত কলকাতা পুরসভার।

পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে এই বিষয়ে কথা বলার পর মনিটরিং সেল তৈরি হবে। ইতিমধ্যেই বেআইনি হকারদের বিষয়ে তালতলা, নিউমার্কেট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শহরের ফুটপাতের একটি বিরাট অংশ চলে গিয়েছে হকারদের দখলে। যার জন্য ফুটপাত দিয়ে যাতায়াত করতে না পেরে পথচারীদের নেমে আসতে হয় রাস্তায়। তৈরি হয় দুর্ঘটনার সম্ভাবনা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৬