আগস্ট ১১, ২০২৩ ১৩:১৮ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১১ আগস্ট (শুক্রবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • বিজেপি মনে করে বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হলে তা সুষ্ঠু হবে: তথ্যমন্ত্রী- দৈনিক বাংলা
  • বিচার বিভাগ এখন যুক্তরাষ্ট্রের ভিসানীতির আওতায়: আমীর খসরু- সমকাল
  • রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সমর্থনের জন্য ওআইসি-ইউএনএইচসিআরের প্রতি আহ্বান বাংলাদেশের- নয়াদিগন্ত
  • জাতীয় নির্বাচন: নামসর্বস্ব ও দল–ঘনিষ্ঠদের সংস্থাও হচ্ছে পর্যবেক্ষক- প্রথম আলো
  • লাগামহীন বাজার: ডাল-ভাত জুটাতেই হিমশিম খাচ্ছেন নিম্ন-মধ্যবিত্তরা-যুগান্তর
  • চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩- ডেইলি স্টার

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • রাহুলের সাজা বহাল রাখা সেই বিচারপতিকে গুজরাত থেকে পটনা হাই কোর্টে বদলি করল সুপ্রিম কোর্ট: আনন্দবাজার
  • মণিপুর, উত্তর পূর্বে অশান্তির দায় কংগ্রেসের ঘাড়ে চাপালেন প্রধানমন্ত্রী: আজকাল
  • মণিপুর জ্বলছে, সংসদে প্রধানমন্ত্রী হেসে কথা বলছেন, এই আচরণ শোভা পায় না: রাহুল- পূবের কলম
  • ফৌজদারি আইন কাঠামো বদলাতে বিল শাহের, বহাল প্রতিবাদ দমনের কড়া দাওয়াই- গণশক্তি

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

বিজেপি মনে করে বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হলে তা সুষ্ঠু হবে: তথ্যমন্ত্রী- দৈনিক বাংলা

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ভারতীয় জনতা পার্টি বিজেপি মনে করে বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হলে তা সুষ্ঠু ও সুন্দর হবে। এবং তাদের একবাক্যে অভিমত- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতার মধ্য দিয়ে দেশের অগ্রগতি অভাবনীয়।'

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র আমন্ত্রণে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পাঁচ সদস্য ৬ থেকে ৯ আগস্ট দিল্লি সফর শেষে গত বুধবার ফিরেছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সফর বিষয়ে সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন।

বিচার বিভাগ এখন যুক্তরাষ্ট্রের ভিসানীতির আওতায়: আমীর খসরু- সমকাল

বিচার বিভাগ যুক্তরাষ্ট্রের ভিসানীতির আওতায় চলে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, দেশে ন্যায়বিচার হয় না- এটা বোঝা গেছে। যার প্রমাণ তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজা। কারণ জুবাইদা রহমানকে সরকার ভয় করে। আগামী নির্বাচনে তিনি আসলে ভয়। কিন্তু এসব তো ভেসে যাবে। তাহলে জায়মা রহমানকে বাদ রাখলেন কেন? আপনি যার সঙ্গেই নির্বাচন করবেন দাঁড়াতে পারবেন না। সুতরাং যা করছেন তার প্রতিদান পাওয়ার আগেই সরে দাঁড়ান।

শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এ সভার আয়োজন করে জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদ।

রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সমর্থনের জন্য ওআইসি-ইউএনএইচসিআরের প্রতি আহ্বান বাংলাদেশের- নয়াদিগন্ত

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রোহিঙ্গাদের উপর সংঘটিত নৃশংসতার জবাবদিহি নিশ্চিত, তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসন বা তৃতীয় কোনো দেশে পুনর্বাসন হচ্ছে রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধান।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত ওআইসি-ইউএনএইচসিআরের (ইসলামি সহযোগিতা সংস্থা-জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার) যৌথ প্রতিনিধি দলের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন।

বৈঠকে পররাষ্ট্র সচিব ওআইসি-ইউএনএইচসিআর যৌথ প্রতিনিধি দলকে এই মর্মান্তিক সঙ্কটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে জোরালো আন্তর্জাতিক সমর্থন না পাওয়া ও প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

জাতীয় নির্বাচন: নামসর্বস্ব ও দলঘনিষ্ঠদের সংস্থাও হচ্ছে পর্যবেক্ষক- প্রথম আলো

কোনো কার্যক্রম নেই, এমন কয়েকটি বেসরকারি সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত মোট ৬৮টি সংস্থার মধ্যে কয়েকটির বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততারও অভিযোগ উঠেছে। বেশির ভাগ সংস্থারই পর্যাপ্ত লোকবল নেই। ফলে নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করার মতো দক্ষতা ও সক্ষমতা এসব সংস্থার আসলেই আছে কি না, সে প্রশ্ন সামনে এসেছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য’ ৬৮টি দেশি বেসরকারি সংস্থার তালিকা ইসি প্রকাশ করে গত মঙ্গলবার। এই তালিকা থেকে গত বুধবার ঢাকা ও ঢাকার বাইরের ৩২টি সংস্থার বিষয়ে সরেজমিনে খোঁজখবর নিয়েছেন প্রথম আলোর প্রতিনিধিরা। এর মধ্যে ৭টি সংস্থার আসলে কোনো কার্যক্রম নেই, এগুলো মূলত নামসর্বস্ব। আর অন্তত ১০টি সংস্থার পরিচালনা পর্ষদে থাকা ব্যক্তিদের বা তাঁদের নিকটাত্মীয়দের রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া গেছে।

লাগামহীন বাজার: ডাল-ভাত জুটাতেই হিমশিম খাচ্ছেন নিম্ন-মধ্যবিত্তরা-যুগান্তর

দিন যত যাচ্ছে বাড়ছে নিত্যপণ্যের দাম। শুধু চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা নয়; প্রায় সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী। মাছ-মাংসে তো হাত দেওয়ার জো নেই। মানুষের জীবনযাত্রায় খরচ বেড়েই চলেছে। কিন্তু আয় বাড়ছে না। এতে অধিকাংশ ভোক্তার সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তার জন্য বাজার করা আর্থিক ও মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। যাদের আলুভর্তা ও ডিম-ডাল দিয়ে কোনোভাবে দুবেলা চলত, তারাও এখন প্রায় নিরুপায়। বাড়তি চাল-ডালের দামের কারণে ডাল-ভাত জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন অধিকাংশ ভোক্তা। পুষ্টির চিন্তা কেউ মাথায় আনতে পারছেন না। এ ছাড়া সরকারি-বেসরকারি সব ধরনের সেবার দাম লাগামহীনভাবে বাড়ছে।

চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩- ডেইলি স্টার

চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বন্যার পানিতে ডুবে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ এ তথ্য জানিয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাফুল্লাহ মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন পর্যন্ত বন্যায় চট্টগ্রামের ৫ উপজেলায় ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। নিখোঁজ ৩ জনের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।'

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। আমরা বিভিন্ন উপজেলার সরকারি অফিস ও জনপ্রতিনিধিদের সহায়তায় তা জানার চেষ্টা করছি। প্রকৃত তথ্য জানতে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে।'

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

রাহুলের সাজা বহাল রাখা সেই বিচারপতিকে গুজরাত থেকে পটনা হাই কোর্টে বদলি করল সুপ্রিম কোর্ট: আনন্দবাজার

রাহুল গান্ধীকে সাজা দেওয়া সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের ‘বেআইনি পদোন্নতি’র উপর স্থগিতদেশ দেওয়া হয়েছিল আগেই। এ বার রাহুলের সাজা বজায় রাখা গুজরাত হাই কোর্টের বিচারপতিকে বদলি করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়াম গুজরাত হাই কোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছককে পটনা হাই কোর্টে বদলি করেছে। বিচারপতি প্রচ্ছকের সঙ্গেই বদলি করা হয়েছে দেশের বিভিন্ন হাই কোর্টের আরও আট জন বিচারপতিকে।

গত ৩ অগস্ট প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে ওই বদলির সিদ্ধান্ত হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রসঙ্গত, গত ৪ অগস্ট ‘অপরাধমূলক অবমাননা’ মামলায় অভিযুক্ত রাহুলের সাজার উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। এর পর লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে সাংসদ পদ ফিরিয়ে দেন। প্রসঙ্গত, বিচারপতি প্রচ্ছক গত ৭ জুলাই নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদন খারিজ করেছিলেন।

মণিপুর, উত্তর পূর্বে অশান্তির দায় কংগ্রেসের ঘাড়ে চাপালেন প্রধানমন্ত্রী: আজকাল

অনাস্থার ২ ঘণ্টার জবাবি ভাষণে মণিপুরের জন্য সাকূল্যে ৫ মিনিট সময় বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মণিপুরের বাসিন্দাদের আশ্বাস দিলেও বক্তব্য ছিল দিশাহীন। অনাস্থা প্রস্তাবের জবাবে আগাগোড়া ইন্ডিয়া জোটভুক্ত দল এবং গান্ধী পরিবারের কট্টোর সমালোচনা করেন তিনি। প্রথম থেকেই মোদির লক্ষ্য ছিল ইন্ডিয়া শিবির। প্রথম ১ ঘণ্টাতেও মণিপুরের প্রসঙ্গ না তোলায় ওয়াকআউট করে ইন্ডিয়ার দলগুলি। পরে তিনি বলেন, এমনভাবে মণিপুরের পরিস্থিতি তুলে ধরা হচ্ছে, যেন সেখানে সদ্য সমস্যা তৈরি হয়েছে। তাঁর কথায়, উত্তর পূর্বে সমস্যার জননী কংগ্রেস। সেরাজ্যে অশান্তির দায় কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দেন তিনি। দিনের শেষে ধ্বনী ভোটে পরাজিত হয় অনাস্থা প্রস্তাব।

মণিপুর জ্বলছে, সংসদে প্রধানমন্ত্রী হেসে কথা বলছেন, এই আচরণ শোভা পায় না: রাহুল- পূবের কলম

সংসদে কংগ্রেস ও মণিপুরে ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ খোলার একদিন পরে সাংবাদিক বৈঠকের ক্ষোভ উগড়ে দিলেন রাহুল গান্ধি। রাহুল বলেন, মণিপুর জ্বলছে আর সংসদে প্রধানমন্ত্রী হেসে কথা বলছেন। এই ধরনের আচরণ প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করা যায় না। প্রধামন্ত্রী মণিপুরে আগুন জ্বালিয়ে রাখতে চায়। দীর্ঘ ১৯ বছর রাজনীতি করছি। মণিপুরে যা হচ্ছে, তা আগে দেখিনি। মণিপুরে বিভাজন করেছে বিজেপি। রাজ্য হিসেবে মণিপুর আজ বেঁচে নেই। মণিপুর আজ একটা রাজ্য নয়, দুভাগে ভাগ হয়ে গিয়েছ। সেনাকে থামাতে বললে দুমিনিটেই থেমে যাবে।

রাহুল এদিন বলেন, মণিপুরে বিভাজন জিইয়ে রাখতে চায় বিজেপি সরকার। রাহুলের দাবি, সেই কারণে সংসদে প্রতীকীভাবেই ভারত মাতার হত্যার কথা বলেছি। রাহুল এদিন বলেন, দেশে কি হচ্ছে জানেন না প্রধানমন্ত্রী।

ফৌজদারি আইন কাঠামো বদলাতে বিল শাহের, বহাল প্রতিবাদ দমনের কড়া দাওয়াই- গণশক্তি

ঔপনিবেশিক যুগের ভারতীয় ফৌজদারি আইনের কাঠামোই পুরোপুরি বদলানোর লক্ষ্য জানিয়ে  শুক্রবার লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনও আইনে ‘দেশদ্রোহ’ শব্দও নেই। কিন্তু তার বদলে পেশ বয়ানে প্রতিবাদ দমনের আরও কড়া ব্যবস্থা রাখার ইঙ্গিত রয়েছে।

লোকসভায় শাহ জানিয়েছেন, ১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধি হবে ‘ভারতীয় ন্যায় সংহিতা’। ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ চালু হবে ফৌজদারি বিচারবিধির বদলে। ‘ভারতীয় সাক্ষ্য’ চালু হবে ভারতীয় সাক্ষ্য আইনের বদলে। এই বিল পর্যালোচনার জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠনো হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১