পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা
বাংলাদেশে সেনা হস্তক্ষেপের জল্পনা নিয়ে মন্তব্য করবো না: ভারত
শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১২ আগস্ট (শনিবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।
ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:
- বাংলাদেশে সেনা হস্তক্ষেপের জল্পনা নিয়ে মন্তব্য করবো না: ভারত- মানবজমিন
- বিএনপি গণতন্ত্রের পেছনে ছুরিকাঘাত করে ক্ষমতায় আসতে চায়: আমু- সমকাল
- চালুর আগেই বেঁকে গেল রেললাইন: প্রথম আলো
- মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, আটক ৯: ইত্তেফাক
- নাগালের বাইরে ডিম-মুরগি, আলু-পেঁয়াজের বাজারে আগুন: ডেইলি স্টার
- অতি লোভে কিছু ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করেন: বাণিজ্যমন্ত্রী: দৈনিক বাংলা
- চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে জলজট: তিন জেলায় ক্ষতি ৩০০ কোটি টাকারও বেশি: সমকাল
কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম
- চিন সীমান্তে পৌঁছনোর ব্যবস্থা আরও পাকাপোক্ত করতে চায় ভারত, তৈরি হচ্ছে নতুন সাতটি সুড়ঙ্গ: আনন্দবাজার
- উপত্যকার নিরাপত্তায় এবার আনা হল মিগ–২৯ যুদ্ধবিমান : আজকাল
- ঘৃণা ভাষণ রুখতে কেন্দ্রকে কমিটি গড়তে বলল সুপ্রিম কোর্ট: গণশক্তি
- বেকার যুবাদের শিল্পমুখী করতে নয়া উদ্যোগ রাজ্যের, দেওয়া হবে ৩০০ কোটির ঋণ: পূবের কলম
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
বাংলাদেশে সেনা হস্তক্ষেপের জল্পনা নিয়ে মন্তব্য করবো না: ভারত- মানবজমিন
বাংলাদেশে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনায় সেনাবাহিনীর হস্তক্ষেপের জল্পনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, তৃতীয় পক্ষ- সেনাবাহিনীর হস্তক্ষেপ বিষয়ক জল্পনায় যেতে চাই না। অবশ্যই এসব জল্পনা। ওই ব্রিফিংয়ে দ্য হিন্দুর সাংবাদিক কল্লোল ভট্টাচার্য তাকে প্রশ্ন করেন, শুক্রবার ঢাকায় বিএনপির বিশাল র্যালি হয়েছে। আগামী নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিপুল চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমি বলতে চাই, এই চাপ এবং আওয়ামী লীগ-বিএনপির মধ্যে এই সংঘাতময় রাজনীতির ফলে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করতে পারে। এর মধ্যে আছে সেনাবাহিনীও। একটি সংবাদপত্রে কয়েক দিন ধরে এ বিষয়ে কলাম প্রকাশিত হয়েছে। তাই আমি জানতে চাই, বাংলাদেশের ইতিহাসের এই সংকটময় মুহূর্তে ভারত আসলে কি ভাবছে? এ প্রশ্নের জবাবে অরিন্দম বাগচি বলেন, মনে হয় গত সপ্তাহেই অথবা তার আগের সপ্তাহেও এ বিষয়ে কথা বলেছি। বাংলাদেশের অভ্যন্তরীণ পটপরিবর্তন নিয়ে আসলেই আমার বিশেষ কোনো মন্তব্য নেই। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে সংবিধানে একটি অবস্থান আছে। এ নিয়ে আমরা আসলে কোনো মন্তব্য করব না। এ বিষয়টিতে সুনির্দিষ্টভাবে বলার মতো কিছু নেই আমার কাছে। তৃতীয় পক্ষ, সেনাবাহিনীর হস্তক্ষেপের জল্পনায়ও আমি যেতে চাই না। অবশ্যই এসব জল্পনা। আমরা আশা করব নির্বাচন হবে শিডিউল অনুযায়ী, শান্তিপূর্ণ।
বিএনপি গণতন্ত্রের পেছনে ছুরিকাঘাত করে ক্ষমতায় আসতে চায়: আমু-সমকাল
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিএনপি আজকে নির্বাচনকে ভয় পায়, গণতন্ত্রকে ভয় পায়, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চেষ্টা করছে, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশের রাজনীতিতে হত্যা, ক্যু, ষড়যন্ত্রের সূচনা করেছে। তারা (বিএনপি) গণতন্ত্রের পেছনে ছুরিকাঘাত করে ক্ষমতায় আসতে চায়। নির্বাচনকে বানচাল করতে চায়।
শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় আমিন কমপ্লেক্সের সামনে ঢাকা মহানগর উত্তর ১৪ দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
চালুর আগেই বেঁকে গেল রেললাইন: প্রথম আলো
ঢাকা ও চট্টগ্রাম থেকে পর্যটন শহর কক্সবাজারে রেল যাওয়ার কথা আগামী সেপ্টেম্বরে। কিন্তু গত সপ্তাহের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় নির্মাণাধীন রেললাইনের একটি অংশে পাথর ও মাটি ভেসে গেছে। রেললাইন উঁচু-নিচু ও বাঁকা হয়ে গেছে। এতে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল শুরু হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
পরিস্থিতির জন্য অপরিকল্পিত রেলপথ নির্মাণকে দায়ী করছেন বিশেষজ্ঞ ও এলাকাবাসী। তাঁরা বলছেন, ছোট ছোট যে কালভার্ট রাখা হয়েছে, সেগুলো পানিনিষ্কাশনের জন্য যথেষ্ট নয়।
মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, আটক ৯: ইত্তেফাক
মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৯ জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি।
শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে ভোর রাতে অভিযান চালিয়ে ৫ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয় বলে জানান মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান।
তিনি বলেন, মৌলভীবাজারে কুলাউড়া থানায় দূর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় সিটিটিসি। এ সময় ৯জনকে আটক করা হয়। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
নাগালের বাইরে ডিম-মুরগি, আলু-পেঁয়াজের বাজারে আগুন: ডেইলি স্টার
সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ডিম, মুরগির মাংস, পেঁয়াজ ও আলুর। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, এক মাসের মধ্যে ডিম ও ব্রয়লার মুরগির দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে।
এক ডজন ডিমের দাম গতকাল খুচরা দোকানে ১৭০ টাকায় বিক্রি হয়েছে, যা মাত্র এক মাস আগেও গড়ে ১৫০ টাকা ছিল।
দাম নাগালের বাইরে চলে যাওয়ায় কম দামে 'ফাটা ডিম' কিনতে শুরু করেছেন নিম্ন আয়ের মানুষ। রাজধানীর পাইকারি দোকানগুলোতে ডিম সরবরাহের সময় প্রতিদিন যেসব ডিম হালকা ফেটে যায় সেগুলোতে টেপ দিয়ে জোড়া লাগিয়ে কম দামে বিক্রি করে থাকেন পাইকাররা।
অতি লোভে কিছু ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করেন: বাণিজ্যমন্ত্রী: দৈনিক বাংলা
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অতি মুনাফার লোভে কিছু ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করেন। এ ধরনের ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ভোক্তা-অধিকার সংরক্ষণবিষয়ক ছায়া সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল, চিনি ও গমের মতো অনেক পণ্যের চাহিদার প্রায় পুরোটাই আমদানি করতে হয়। যে কোনো আমদানি পণ্যে ব্যবসায়ীদের মুনাফা রেখেই ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের মাধ্যমে সরকার মূল্য নির্ধারণ করে দেয়। এরপরও অতি মুনাফার লোভে কিছু ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করে। এ ধরনের ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। অসৎ ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে।
ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
চিন সীমান্তে পৌঁছনোর ব্যবস্থা আরও পাকাপোক্ত করতে চায় ভারত, তৈরি হচ্ছে নতুন সাতটি সুড়ঙ্গ: আনন্দবাজার
ভারত-চিন সীমান্ত রেখার কাছে আরও সাতটি নতুন টানেল বা সুড়ঙ্গপথ তৈরির পরিকল্পনা করছে কেন্দ্র। সম্প্রতি দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফেই দেওয়া হয়েছে এই তথ্য।
চিন সীমান্ত সংলগ্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করার চেষ্টা দীর্ঘদিন ধরেই করছে ভারত। ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর পূর্ণ উদ্যমে এ সংক্রান্ত পুরনো প্রকল্পগুলি বাস্তবায়িত করার কাজ শুরু হয়। পাশাপাশি আরও অনেক নতুন টানেল তৈরির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছিল নতুন সরকারের তরফে।
দিন কয়েক আগে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অজয় ভট্ট জানিয়েছেন, ইতিমধ্যেই পাঁচটি টানেল তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। আর তা শেষ হয়েছে গত তিন বছরে। এ ছাড়া আরও ১০টি টানেলের কাজ চলছে। এই ১৫টির বাইরে আরও নতুন সাতটি টানেল তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্র।
উপত্যকার নিরাপত্তায় এবার আনা হল মিগ–২৯ যুদ্ধবিমান : আজকাল
চীন ও পাকিস্তানকে নজরে রেখে সরিয়ে দেওয়া হল সোভিয়েত জমানার মিগ–২১ যুদ্ধবিমানগুলি। পরিবর্তে জম্মু–কাশ্মীরের বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন করা হল অত্যাধুনিক মিগ–২৯ ফাইটার জেট। জানা গেছে, শ্রীনগর বায়ুসেনা ঘাঁটিতে মিগ–২৯ যুদ্ধবিমান মোতায়েন করেছে বায়ুসেনা। ফলে এবার উপত্যকার সুরক্ষা ও প্রতিপক্ষকে পাল্টা জবাব দেওয়ার দায়িত্ব গেল ‘ট্রাইডেন্ট স্কোয়াড্রন’–এর হাতে। প্রসঙ্গত, কাশ্মীর ও লাদাখে চীন ও পাকিস্তানকে নিয়েই উদ্বিগ্ন দিল্লি। বালাকোটে সার্জিকাল স্ট্রাইকের পর থেকেই কাশ্মীরে একযোগে দুই পড়শি দেশের হামলার মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে ফৌজ। এটা ঘটনা, ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনা–উভয়েই এই মিগ–২৯ যুদ্ধবিমান ব্যবহার করে। বিমানগুলিতে রয়েছে অত্যাধুনিক মিসাইল যা দৃষ্টিসীমার বাইরে গিয়েও আঘাত হানতে সক্ষম। কার্গিল যুদ্ধের সময়ও ভারতীয় সেনা এই মিগ–২৯ যুদ্ধবিমান ব্যবহার করেছিল।
ঘৃণা ভাষণ রুখতে কেন্দ্রকে কমিটি গড়তে বলল সুপ্রিম কোর্ট: গণশক্তি
দেশজুড়ে ঘৃণা ভাষণ রোধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে কমিটি গড়ে সব অভিযোগ খতিয়ে দেখতে বলেছে শীর্ষ আদালত।
সাংবাদিক শাহিন আবদুল্লা সুপ্রিম কোর্টে তাঁর আবেদনে বলেছিলেন সর্বত্র ঘৃণা ভাষণ চলছে। হিংসায় দীর্ণ হরিয়ানার উল্লেখ করে শাহিন বলেন মুসলিমদের বয়কটের ডাক দেওয়া হচ্ছে। একটি ধর্মীয় সম্প্রদায়কে বেছে প্রকাশ্যে হত্যা করার ডাক দেওয়া হচ্ছে। কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিন।
বিচারপতি সঞ্জীব খান্না এবং এসভিএন ভাট্টির বেঞ্চ শুক্রবার বলেছে, ঘৃণাভাষণ কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না। ধর্মীয় সম্প্রদায়গুলির মধ্যে সদ্ভাব রাখা জরুরি। বেঞ্চ জানিয়েছে রাজ্যগুলির পুলিশ প্রধানদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে। এই মামলার পরবর্তী শুনানি ১৮ আগস্ট।
বেকার যুবাদের শিল্পমুখী করতে নয়া উদ্যোগ রাজ্যের, দেওয়া হবে ৩০০ কোটির ঋণ: পূবের কলম
রাজ্যের যুবক যুবতীদের জন্য আবারও বিশেষ উদ্যোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর । এবার ১০ হাজার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। ৩০০ কোটির ঋণ দেওয়া হবে। বাংলার বেকার যুবক যুবতীদের ব্যবসামুখী করতে আর্থিক সহায়তার দরজা আরও বড় করে খুলে দিচ্ছে রাজ্য সরকার ।
আগামী ২৩ আগস্ট কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উঠতি ব্যবসায়ীদের হাতে এই ভবিষ্যত ক্রেডিট কার্ড তুলে দেবেন। সেখানেই ব্যাঙ্কের প্রতিনিধিদের উপস্থিতিতে ঘোষিত হবে ৩০০ কোটির আর্থিক সহায়তার কথা। আর এই কর্মসূচি ঘিরে যুবাদের মধ্যে ব্যাপক উন্মাদনা।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন