আগস্ট ২০, ২০২৩ ০৯:৫২ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২০ আগস্ট (রোববার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • জিয়া এরশাদ খালেদা কেউ গণমানুষের কথা ভাবেনি: প্রধানমন্ত্রী-সমকাল
  • আওয়ামী লীগের প্রতি জিএম কাদেরের প্রশ্ন: সত্যিকারের উন্নয়ন করলে আপনাদের ভয়ের কী আছে?- মানবজমিন
  • বিএনপি নেতা রবিনকে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর, ডিবি কার্যালয়ে রবিনের পরিবার: যুগান্তর
  • কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার: ডেইলি স্টার
  • শ্রম আইন লঙ্ঘনের মামলা: আবেদন খারিজ: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে- ইত্তেফাক
  • শ্বাসরুদ্ধকর ম্যাচে মায়ামিকে শিরোপা জিতিয়ে মেসির ইতিহাস: নয়াদিগন্ত

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গাড়ি, মৃত ৯ জওয়ান- আজকাল
  • 'লাদাখে মানুষের জমি কেড়ে নিচ্ছে চিন, অথচ মোদি মিথ্যে বলছেন’, বিস্ফোরক রাহুল- সংবাদপ্রতিদিন
  • আরও ১ কুকি মহিলার নগ্ন প্যারেডের ঘটনা প্রকাশ্যে: সরকারের কাছে জবাব তলব শীর্ষকোর্টের: পূবের কলম
  • বিরোধী স্বর আটকানোর চেষ্টা ব্যর্থ দিল্লি পুলিশের-গণশক্তি

বিশ্লেষণের বিষয়:

১. 'হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, বার্তা আমেরিকার' এই শিরোনামে কোলকাতার আনন্দবাজারে প্রকাশিত  রিপোর্ট প্রসংগে 'সূত্রবিহীন রিপোর্ট, নানা আলোচনা' এই শিরোনামে দৈনিক মানবজমিন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রশ্ন হচ্ছে- ভারতের এই অবস্থানকে আপনি কীভাবে দেখছেন?

২. পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে আটক করা হয়েছে। কী বলবেন আপনি?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

জিয়া এরশাদ খালেদা কেউ গণমানুষের কথা ভাবেনি: প্রধানমন্ত্রী-সমকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জিয়া, এরশাদ, খালেদা জিয়ার কেউ বাংলাদেশের গণমানুষের কথা ভাবেনি।’ রোববার সকালে নবনির্মিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন, বাংলাদেশ তথ্য কমিশন ভবন উদ্বোধন এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার: ডেইলি স্টার

ঢাকার সাভারে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ১৫ বছর বয়সী এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ কয়েকটি অভিযোগে ঢাকা জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহনাজ মিশুকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে আজ সকালে মেহনাজ মিশু, তার স্বামী আতিকুর রহমান আতিক ও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করতে ব্যর্থ হওয়ায় তাকে জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে ৫তলা ভবনের ছাদ থেকে ফেলে দেন তিনি, তার স্বামী ও অজ্ঞাত কয়েকজন সহযোগী। গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ ওই কিশোরী বাড়ি ফিরলে তার মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই মেহনাজ মিশুকে আটক করা হয়।

আওয়ামী লীগের প্রতি জিএম কাদেরের প্রশ্ন: সত্যিকারের উন্নয়ন করলে আপনাদের ভয়ের কী আছে?- মানবজমিন

আওয়ামী লীগ জনগণের দল হলে তাদেরই এগিয়ে আসতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে কেউ জিতবে- কেউ হারবে, এটাই স্বাভাবিক। জনগণের জন্য সত্যিকারের উন্নয়ন করলে আপনাদের ভয়ের কী আছে? সবাই মিলে একটি নির্বাচনী পদ্ধতি তৈরি করা জরুরি, যারা মাধ্যমে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। যাতে মানুষের সকল অধিকার নিশ্চিত হয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

শনিবার দুপুরে লক্ষীপুরের টাউনহল মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে আওয়ামী লীগ। এমন বাস্তবতায় মানুষের কথা বলার অধিকার, সমালোচনার অধিকার এবং গণমাধ্যমের অধিকার নিশ্চিত করতে হবে। ভোটাধিকার নিশ্চিত হলেই সরকারকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিএনপি নেতা রবিনকে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর, ডিবি কার্যালয়ে রবিনের পরিবার: যুগান্তর

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার দিনগত রাত তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন

এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত সদস্যসচিব) তানভীর আহমেদ রবিনের সন্ধান জানতে ডিবি পুলিশের প্রধান কার্যালয়ে গেছেন পরিবারের সদস্যরা।

শনিবার রাত ৪টার দিকে তার পরিবারের সদস্যদের রাজধানীর মিন্টুরোডে ডিবি পুলিশের প্রধান কার্যালয়ের সামনে দেখা গেছে।

শ্রম আইন লঙ্ঘনের মামলা: আবেদন খারিজ: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে- ইত্তেফাক

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিলে রুল খারিজের বিরুদ্ধে আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর মধ্য দিয়ে শ্রম আদালতে তার বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীরীরা।

রোববার (২০ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। পরে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, আপিল বিভাগের আজকের আদেশের ফলে শ্রম আদালতে মামলা চলতে বাধা থাকলো না। আগামী মঙ্গলবার (২২ আগস্ট) থেকে শ্রম আদালতে সাক্ষ্যগ্রহণ চলবে।

শ্বাসরুদ্ধকর ম্যাচে মায়ামিকে শিরোপা জিতিয়ে মেসির ইতিহাস: নয়াদিগন্ত

ফুটবল ইতিহাসে আরো একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখলেন ভক্তরা। নির্ধারিত সময়ে ১-১ সমতা, এরপর টাইব্রেকারে প্রথম পাঁচটি শটে ৪-৪, পরবর্তী চার শটে ৪-৪ এবং সর্বশেষ একটি করে নেয়া শ্যুট আউটে ১-০ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে মেসির মায়ামি।

রোববার (২০ আগস্ট) সকাল ৭টায় লিগস কাপের ফাইনালে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও নাশভিল। যেখানে মায়ামি গোলরক্ষক কালেন্ডারের বীরত্বে ন্যাশভিলেকে ১১-১০ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে মায়ামি।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গাড়ি, মৃত ৯ জওয়ান- আজকাল

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গিয়ে পড়ল গভীর খাদে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জওয়ান। আহত আরও এক।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ। লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে, কিয়ারি নামের একটি জায়গায়। পাহাড়ি রাস্তায় যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। সেনা সূত্রে জানা গিয়েছে, সেনা কনভয়ের অংশ ছিল ছিল ওই গাড়িটি। তাতে এক আধিকারিক-সহ মোট ১০ জন জওয়ান ছিলেন। ঘটনাস্থলেই ওই আধিকারিক-সহ ৯ জনের মৃত্যু হয়েছে। একজন আহত অবস্থায় সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভয়ঙ্কর দুর্ঘটনায় জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রমুখ।

'লাদাখে মানুষের জমি কেড়ে নিচ্ছে চিন, অথচ মোদি মিথ্যে বলছেন, বিস্ফোরক রাহুল- সংবাদ প্রতিদিন

লাদাখের হিল কাউন্সিলের নির্বাচনের দিন কয়েক আগেই ভূস্বর্গে পৌঁছে গিয়েছেন রাহুল। আর সেখানে পৌঁছে তিনি তোপ দাগলেন মোদি সরকারের উদ্দেশে। দাবি করলেন, ”এখানকার মানুষের জমি কেড়ে নিচ্ছে চিন (China)। অথচ প্রধানমন্ত্রী বলছেন, ওরা এক ইঞ্চিও নিতে পারেনি!”

'ভারত জোড়ো যাত্রা’য় দক্ষিণ ভারত থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রা করেছিলেন রাহুল । জনসংযোগ গড়তে তাঁর এই কর্মসূচি রীতিমতো শাসক বিজেপির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবার লাদাখে পৌঁছেও জনসংযোগ করতে চাইছেন রাহুল। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”চিন জমি কেড়ে নিচ্ছে। মানুষ জানিয়েছে, চিনা সেনা ওই এলাকায় ঢুকে পড়েছে। এবং জমি কেড়ে নিচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী বলে চলেছেন, ওরা এক ইঞ্চি জমিও নিতে পারেনি। কিন্তু একথা সত্যি নয়। আপনি এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন।”

আরও ১ কুকি মহিলার নগ্ন প্যারেডের ঘটনা প্রকাশ্যে: সরকারের কাছে জবাব তলব শীর্ষকোর্টের: পূবের কলম

দুই ককি মহিলাকে গণধর্ষণের পর প্রকাশ্যে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয়েছিল। সেই ঘটনায় শিহরিত হয়ে উঠেছিল গোটা দেশ। না, শিহরিত হওয়ার এটাই শেষ নয়। এই ধরনের আরও একাধিক নির্মম ঘটনা ঘটেছে। সেগুলিও এখন সামনে আসতে শুরু করেছে। শুক্রবারই এই ধরনের একটি ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের তরফে মনিপুর সরকারের কাছে জবাব তলব করা হয়েছে। যেখানে এক মহিলা অভিযোগ করেছেন যে, তাকে উন্মত্ত জনতার একটি দল প্রকাশ্যে নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছিল কিন্তু পুলিশ থেকে উদ্ধার করতে আসেননি।  

বিরোধী স্বর আটকানোর চেষ্টা ব্যর্থ দিল্লি পুলিশের-গণশক্তি

আবার বিরোধী ভাষ্যের টুঁটি চেপে ধরার চেষ্টা নরেন্দ্র মোদী সরকারের! যেকোনও ধরনের বিরোধিতাই এই সরকারের না-পসন্দ। সেকারণেই শনিবার জি-২০ শীর্ষ বৈঠকের বিকল্প এক সেমিনার বন্ধ করে দেওয়ার চেষ্টা করে দিল্লি পুলিশ। কোনও ‘অনুমোদন’ নেই অজুহাত দেখিয়ে বন্ধও করে দেওয়ার ফতোয়া দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত হারে মেনেছে দিল্লি পুলিশ, বিরোধী ভাষ্যকাররা প্রশাসনিক চোখরাঙানিকে উপেক্ষা করেই নির্দিষ্ট সূচি মেনে চালিয়ে যান সেমিনারের কাজ। তবে কোনও সভাগৃহে রুদ্ধদ্বার সেমিনারের পুলিশি অনুমোদনের প্রয়োজন পড়ে না বলে স্পষ্ট অভিযোগ করেছেন উদ্যোক্তরা। এরই সঙ্গে দিল্লি পুলিশের এই ধরনের একতরফা ব্যবস্থা গ্রহণের তীব্র বিরোধিতা করেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। এদিন পলিট ব্যুরো স্পষ্টই বলেছে, রাজধানীতে আলোচনাসভা কিংবা সেমিনার করার গণতান্ত্রিক অধিকার রয়েছে নাগরিকদের। দিল্লি পুলিশ দিয়ে নাগরিক অধিকারের ওপর হস্তক্ষেপ বন্ধ করা উচিত মোদী সরকারের।

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।