আগস্ট ৩১, ২০২৩ ০৯:৪০ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ৩১ আগস্ট (বৃহস্পতিবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর থাকবে দুটি খবরের বিশ্লেষণ। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • বিশ্বের কিছু বড় শক্তি বাংলাদেশে তাদের অনুগত সরকার চায় : প্রধানমন্ত্রী- নয়াদিগন্ত
  • অজানা আশঙ্কায় উদ্বিগ্ন থাকে আওয়ামী সরকার: ফখরুল- যুগান্তর
  • প্রধানমন্ত্রীকে ১৯ আন্তর্জাতিক সংস্থার চিঠি: ডিএসএ’র সব মামলা বাতিল ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি- ইত্তেফাক
  • অবিলম্বে গুম বন্ধের আহ্বান অ্যামনেস্টির- প্রথম আলো
  • সিন্ডিকেটে জিম্মি, বাজারে কান্না- মানবজমিন
  • অবৈধ অর্থ ফেরাতে দুদক সহায়তা চায় জাতিসংঘের- সমকাল

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • ‘এলাকা ছাড়ো, নয়তো…’, এবার গুরুগ্রামের মুসলিম অধ্যুষিত বস্তিতে হুমকি পোস্টার- সংবাদ প্রতিদিন
  • মুসলিম পড়ুয়াকে থাপ্পড়: উত্তরপ্রদেশ সরকারকে জবাব  তলব করে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের- পূবের কলম
  • ছেঁড়া জিন্স বা অশালীন পোশাক নয়, ভর্তির আগে পড়ুয়া, অভিভাবকদের মুচলেকা কলেজে! বিতর্ক- আনন্দবাজার

বিশ্লেষণের বিষয়:

প্রশ্ন ১. বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান প্রধান বিচারপতির..দৈনিক মানব জমিনের এই শিরোনামকে কীভাবে দেখছেন?

প্রশ্ন ২. গ্যাবনে সামরিক বাহিনীর সমর্থনে রাজপথে উল্লাস করল জনগণ। আফ্রিকার দেশে দেশে সামরিক অভ্যুত্থানের ঘটনা নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

বিশ্বের কিছু বড় শক্তি বাংলাদেশে তাদের অনুগত সরকার চায় : প্রধানমন্ত্রী- নয়াদিগন্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের কয়েকটি বড় শক্তি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্বের কারণে এখানে তাদের অনুগত সরকার প্রতিষ্ঠা করতে চায়।

তিনি বলেন, ‘আসলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে কিছু বড় দেশ চায় এখানে (বাংলাদেশে) এমন একটি সরকার থাকুক যেটি তাদের পা চাটবে।‘

বুধবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

অজানা আশঙ্কায় উদ্বিগ্ন থাকে আওয়ামী সরকার: ফখরুল- যুগান্তর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতকাল আদালত থেকে বের হওয়ার পর রাস্তা থেকে বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে অস্বীকার করার পর আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিরোধী দলের নেতাদের এভাবে উঠিয়ে নিয়ে প্রথমে অস্বীকার এবং পরবর্তীতে আদালতে সোপর্দের ঘটনা এখন আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হয়ে দাঁড়িয়েছে। গ্রেফতারি পরোয়ানা ছাড়া তুলে নিয়ে গিয়ে গুম করাটা অবৈধ আওয়ামী সরকারি নীতি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।’

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘মধ্যরাতের নির্বাচনের পরও অবৈধ আওয়ামী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে সবসময় অজানা আশঙ্কায় উদ্বিগ্ন থাকে। তাই বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ভয় পাইয়ে রাখার জন্য গুম, ক্রসফায়ারের ধারাবাহিকতা চালু রাখা হয়েছে। বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মী ও সরকারের সমালোচকরাই আজ সবচেয়ে বেশি গুম ও গায়েবি মামলায় গ্রেফতারের শিকার হচ্ছেন। বাসাবাড়িতে হানা, বাড়ির সদস্যদের প্রতি দুর্ব্যবহারসহ নানাভাবে বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার নির্যাতন—নিপীড়নের যাঁতাকলে পিষ্ট হচ্ছে। আওয়ামী দুঃশাসনে ভয় ও নৈরাজ্য এখন এদেশের সর্বত্র পরিব্যাপ্ত।

প্রধানমন্ত্রীকে ১৯ আন্তর্জাতিক সংস্থার চিঠি: ডিএসএর সব মামলা বাতিল ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি- ইত্তেফাক

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া সব মামলা বাতিলের আহ্বান ও মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে ১৯টি আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থাগুলো মানবাধিকার ও গণমাধ্যমের অধিকার রক্ষায় কাজ করে।

বুধবার (৩০ আগস্ট) কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) ওয়েবসাইটে ১৯ সংস্থার এই চিঠি প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, শুধু শান্তিপূর্ণভাবে নিজের মতপ্রকাশের কারণে যাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে, কর্তৃপক্ষের উচিৎ অবিলম্বে সেসব মামলা বাতিল করা। সেই সঙ্গে এসব মামলায় যাদের আটক বা গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

চিঠিতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে আইনের খসড়া, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, মতপ্রকাশের স্বাধীনতা, গোপনীয়তা ও স্বাধীন সাংবাদিকতা এবং মানবাধিকারকে দমন করার জন্য পূর্বে ব্যবহৃত বেশ কয়েকটি দমনমূলক ধারা বজায় রাখা হয়েছে।

অবিলম্বে গুম বন্ধের আহ্বান অ্যামনেস্টির- প্রথম আলো

গুমের চর্চা অবিলম্বে বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া। একই সঙ্গে তারা গুমের চর্চাকে অপরাধীকরণের আহ্বান জানিয়েছে। এ ছাড়া তারা ভুক্তভোগী ও তাঁদের পরিবারের জন্য সত্য, ন্যায়বিচার, ক্ষতিপূরণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

গতকাল বুধবার (৩০ আগস্ট) ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ সরকারের প্রতি এসব আহ্বান জানায় মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়।

সিন্ডিকেটে জিম্মি, বাজারে কান্না- মানবজমিন

স্বস্তির খবর নেই নিত্যপণ্যের বাজারে। বহু স্তর সিন্ডিকেটের হাতে জিম্মি বাজার  কারসাজিও থেমে নেই। পণ্যভিত্তিক কারসাজিতে জড়িত এই সিন্ডিকেট। অনেক দিন থেকে এই সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করলেও এই সিন্ডিকেট কেউ ভাঙতে পারছে না। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে বাজার সিন্ডিকেট। চাল, চিনি, তেল, পিয়াজ, আটা-ময়দা, ডিম, মাংস কোনো ব্যবসাই এখন আর সিন্ডিকেটের বাইরে নেই। একেক সময় একেক সিন্ডিকেট সক্রিয় হয়। সাধারণ মানুষের পকেট কেটে হাতিয়ে নেয় হাজার কোটি টাকা।

সম্প্রতি ভারত পিয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই শুল্ক আরোপের ঘোষণা আসা মাত্রই দেশের বাজারে বেড়েছে পিয়াজের দাম। অথচ দেশে এই মুহূর্তে পিয়াজের কোনো সংকট নেই। পাশাপাশি নতুন করে উত্তাপ ছড়াচ্ছে চিনি, আলু, আদা-রসুন ও ডিমের দাম। গত এক মাসে ভোক্তার পকেট থেকে অতিরিক্ত শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। এ ছাড়া হাতবদল হয়েও পণ্যের দাম বাড়ানো হয়।

অবৈধ অর্থ ফেরাতে দুদক সহায়তা চায় জাতিসংঘের- সমকাল

দুবাই থেকে পাচার করা অর্থ ফেরত আনতে জাতিসংঘের ড্রাগ ও অপরাধবিষয়ক অফিসের (ইউএনওডিসি) গ্লোব-ই নেটওয়ার্কের সহায়তা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠিয়েছে কমিশন। মন্ত্রিপরিষদ বিভাগ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। তারা অস্ট্রিয়ার ভিয়েনায় ইউএনওডিসি অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির মাধ্যমে বিষয়টি অবগত করবে।

দুদক সূত্র জানায়, এক দেশের সঙ্গে আরেক দেশের দুর্নীতির তথ্য আদান-প্রদানে গ্লোব-ই নেটওয়ার্ক হলো খোদ জাতিসংঘের ইউএনওডিসির একটি প্ল্যাটফর্ম। যেসব দেশ এই প্ল্যাটফর্মের সদস্য হবে, সেসব দেশকে তথ্য পেতে সহায়তা করবে তারা। এর মুখপাত্র সংশ্লিষ্ট দুই দেশের দায়িত্বশীল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন; উভয় পক্ষের মধ্যে তথ্য আদান-প্রদানে যাবতীয় সহায়তা প্রদান করবেন।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

এলাকা ছাড়ো, নয়তো…’, এবার গুরুগ্রামের মুসলিম অধ্যুষিত বস্তিতে হুমকি পোস্টার- সংবাদ প্রতিদিন

নুহ-র সাম্প্রদায়িক দাঙ্গার রেশ পড়েছিল পার্শ্ববর্তী এলাকা গুরুগ্রামেও (Gurugram)। এবার সেখানে মুসলিম অধ্যুষিত বস্তি হুমকি পোস্টারে ছয়লাপ। ওই পোস্টারে ২ দিনের মধ্যে এলাকা ফাঁকা করতে বলা হয়েছে স্থানীয় সংখ্যালঘুদের। নচেত খারাপ কিছুর মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পোস্টারের নিচে লেখা ভিএইচপি। স্থানীয়দের অভিযোগ, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরাই এই পোস্টার লাগিয়েছে। দেরিতে ঘুম ভাঙার পর ওই পোস্টার সরিয়েছে পুলিশ। একটি এফআইআর দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

মুসলিম পড়ুয়াকে থাপ্পড়: উত্তরপ্রদেশ সরকারকে জবাব  তলব করে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের- পূবের কলম

যোগীরাজ্য মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা-বিদ্বেষের কারবারের জন্য আগে থেকেই পরিচিত। তবে একজন শিক্ষিকা একরত্তি বাচ্চা পড়ুয়াকে মুসলিম হওয়ার জন্য তাকে লিঞ্চিং করতে  উৎসাহ দিচ্ছে অমুসলিম পড়ুয়াদের, এমন দৃশ্য আগে দেখা যায়নি।

সম্প্রতি সেই ভিডিয়ো দেখেছে গোটা বিশ্ব। ভারতে মুসলিম-বিদ্বেষ কোন পর্যায়ে পৌঁছেছে, তার সাক্ষ্য দিচ্ছে এই ভিডিয়োটি। এবার সেই মুসলিম পড়ুয়াটিকে থাপ্পড় লিঞ্চিংয়ের ঘটনায় পদক্ষেপ নিল জাতীয় মানবাধিকার কমিশন। উত্তরপ্রদেশের বিজেপি সরকারের কাছে জবাব তলব করে ইতিমধ্যে নোটিশ দিয়েছে কমিশন।

তৃপ্তা ত্যাগী নামের ওই শিক্ষিকা ও স্কুলটির ঘটনার ব্যাপারে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে যোগী সরকারের কাছে। এনএইচআরসি এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছে। একটি আট বছরের শিশুর ধর্ম পরিচয়ের কারণে এমন হেনস্থাকে ভালো চোখে দেখছে না তারা। যদিও গত এক দশকে এমন ঘটনা একদমই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দেশে। ধর্ম পরিচিতি দেখে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া, গণপ্রহার করতে করতে মেরে ফেলার ঘটনাগুলি যেন দৈনন্দিন জীবনের  অঙ্গ হয়ে উঠেছে এই ক’বছরে। পুলিশ, প্রশাসন, আদালত, মানবাধিকার কমিশন-কেউই ইনসাফ দিতে পারেনি ভুক্তভোগী, নির্যাতিতদের।

উত্তরপ্রদেশের মুখ্যসচিব ও ডিজিকে নোটিশ পাঠিয়ে এনএইচআরসি ৪ সপ্তাহের মধ্যে পড়ুয়া লিঞ্চিংয়ের ঘটনাটির রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। শিক্ষিকার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানতে চেয়েছে কমিশন। মানবাধিকার কমিশন মুজফফরনগর জেলা ম্যাজিস্ট্রেট সমন জারি করেছে। ৬ সেপ্টেম্বরের মধ্যে  তাকে উপস্থিত হতে হবে কমিশনের অফিসে।

ছেঁড়া জিন্স বা অশালীন পোশাক নয়, ভর্তির আগে পড়ুয়া, অভিভাবকদের মুচলেকা কলেজে! বিতর্ক- আনন্দবাজার

ভর্তির আগে লিখিত ‘মুচলেকা’ দিতে হচ্ছে পড়ুয়া এবং অভিভাবকদের। কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি দিতে হচ্ছে, ‘ছেঁড়া জিন্স অথবা অশালীন পোশাক পরব না’। আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ কর্তৃপক্ষের পোশাক-বিধি সংক্রান্ত এই ‘ফতোয়া’ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে শিক্ষাঙ্গনে নীতি-পুলিশির। কর্তৃপক্ষের এই পদক্ষেপ সাবালক পড়ুয়াদের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল বলে মনে করছেন অনেকেই। তবে বিষয়টি নিয়ে অনড় কলেজ কর্তৃপক্ষ।

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, গত বছরই পোশাকবিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। চলতি শিক্ষাবর্ষ থেকে তা কড়া ভাবে কার্যকরের উদ্দেশ্যে লিখিত মুচলেকা নেওয়া শুরু হয়েছে। মিন্টো পার্কের আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি বলেন, ‘‘আমরা গত বছর নোটিস দিয়েছিলাম। সে নিয়ে বিতর্কও হয়। এর পরেও দেখা যাচ্ছে, দু’-এক জন পড়ুয়া কৃত্রিম ভাবে ছেঁড়া জিন্স পরে চলে আসছেন কলেজে।’’

তাঁর কথায়, ‘‘আমি যে হেতু মনে করেছি এটা অশালীন, কোনও ভাবেই অনুমতি দেব না। তাই শৃঙ্খলা আরও কড়া করার লক্ষ্যে নতুন ভর্তি হওয়ার সময়েই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের এফিডেভিট ফর্মে সই করিয়ে নেওয়া হচ্ছে।’’ অধ্যক্ষ জানান, পড়ুয়ার অভিভাবককেও সই করতে হবে যে, কেউ ছেঁড়া জিন্স পরে কলেজে আসতে পারবে না।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১