জুন ২৯, ২০১৬ ১৪:০২ Asia/Dhaka
  • এসপি বাবুল নির্মম ষড়যন্ত্রের শিকার: মোশাররফ হোসেন

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২৯ জুন বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

জাতীয় সংসদে অর্থবিল-২০১৬ পাস–ইত্তেফাক

দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত পাসপোর্ট বিভাগ: টিআইবি-প্রথম আলো

গাজীপুরে গণপিটুনিতে নিহত ১- মানবজমিন

জামিন খারিজের বিরুদ্ধে শফিক রেহমানের লিভ টু আপিল-বাংলাদেশ প্রতিদিন

চাকরি ছাড়ার চাপে এসপি বাবুল আক্তার- কালের কণ্ঠ

বুঝা যায় গুপ্ত হত্যার সাথে তাদের একটা সম্পর্ক রয়েছে : প্রধানমন্ত্রী -নয়া দিগন্ত

কূটনীতিতেও নেই বিএনপি-যায় যায় দিন

এসপি বাবুল আক্তারের শ্বশুর মুখ খুললে ষড়যন্ত্র উড়ে যাবে- যুগান্তর

রিজার্ভ চুরির দায় কে নেবে-সংসদে রশন এরশাদ?-মানবকণ্ঠ

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

নাশকতার ছক বানচাল, হায়দরাবাদে আটক সন্দেহভাজন ১১ আইএস জঙ্গি -বর্তমান

দিনমজুর মীরা জায়গা ছিনিয়ে নিল রাঁচির সেরা কলেজে-সংবাদ প্রতিদিন

‌ কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়ছে-আজকাল

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

শুরুতেই প্রথম আলোসহ বেশ কয়েকটি দৈনিকে প্রকাশিত উন্নয়নমূলক খবর:

সংসদে প্রধানমন্ত্রী: পদ্মা সেতুর কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে

খবরে বলা হয়েছে, পদ্মা সেতুর নির্মাণকাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

তিনি বলেন, সরকারের সাহসী নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্তের ফলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়েছে। ২০১৮ সাল নাগাদ এ সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।

মিতু হত্যার ফলোআপ খবরে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম:

কেন মিতু হত্যা: কেঁচো খুঁড়তে সাপ, কোথায় সেই মুসা

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সন্দেহে আটক করা হয়েছে চারজনকে। সন্দেহভাজন দুই খুনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। উদ্ধার করা হয়েছে ঘটনায় ব্যবহার করা অস্ত্রও। গ্রেফতার হয়েছে সেই অস্ত্রের জোগানদাতাকে। মামলার দৃশ্যমান অনেক অগ্রগতির কথা বলেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। কোথায় কীভাবে খুন করা হয়েছে তা উঠে এসেছে আটকদের স্বীকারোক্তিতে। ঢাকার সদর দফতর থেকে সরাসরি তদন্ত প্রক্রিয়া তদারকি করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এসপি বাবুল আক্তারকেও। কিন্তু কী কারণে ও কার নির্দেশে মিতুকে হত্যা করা হলো এবং নির্দেশদাতার নাম কি?— এ বিষয়ে মুখ খুলছেন না সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে মামলার তদন্ত-সংশ্লিষ্ট কেউ। মুখে কলুপ এঁটেছেন ঢাকার শীর্ষ পুলিশ কর্মকর্তারাও।

এদিকে যুগান্তরে বাবুল আক্তারের শ্বশুরের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। তার শিরোনাম এরকম যে,

এসপি বাবুল আক্তারের শ্বশুর:মুখ খুললে ষড়যন্ত্র উড়ে যাবে

সাক্ষাৎকারে বলা হয়েছে, মামলার তদন্ত কর্মকর্তাসহ যারা বাবুলকে জড়িয়ে নানা কথাবার্তা বলছেন তাদের বাড়িতে গিয়ে তদন্ত করা হোক। তাদের জীবন যাপন ও সম্পদের খোঁজখবর নেয়া হোক। একই সঙ্গে বাবুলের বাড়িতে গিয়ে তার সম্পদ ও আসবাবপত্র খতিয়ে দেখা হোক। এসব দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। কারণ বাবুল একজন সৎ ও নির্লোভ পুলিশ অফিসার। তাকে নিয়ে আমরা গর্ব করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে এখন নির্মম ষড়যন্ত্রের শিকার।’

কালের কণ্ঠের শিরোনাম: চাকরি ছাড়ার চাপে এসপি বাবুল আক্তার

খবরে বলা হয়েছে,বাবুল আক্তারকে শুক্রবার রাতে ১৫ মিনিট ও শনিবার বিকেলে ১৫ মিনিটের মতো ‘জিজ্ঞাসাবাদ’ করা হয়েছে। চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহারের নেতৃত্বে কয়েকজন পুলিশ কর্মকর্তা তাঁকে ‘জিজ্ঞাসাবাদ’ করেছেন। এ সময় মামলাসংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার চেয়ে বাবুল আক্তারকে পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে বেশি। তাঁকে জানানো হয়, ‘ওপরের সিদ্ধান্ত’ অনুযায়ী তাঁকে চাকরি ছেড়ে দিতে হবে। তা না হলে বিপদে পড়তে হবে। বাবুল আক্তারকে দ্রুত তাঁর সিদ্ধান্ত নেয়ার জন্য বলে সেখান থেকে চলে যান ওই কর্মকর্তারা।

রাজনীতির খবরে যায় যায় দিনের শিরোনাম:

কূটনীতিতেও নেই বিএনপি

গত ১৯ জানুয়ারি জাতীয় কাউন্সিলের পর দল গোছাতে গিয়েও গোছাতে পারেনি বিএনপি। বরং অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত দলটি দিন দিন আরো এলোমেলো হয়ে পড়ছে। এ ছাড়া দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারাধীন মামলাগুলো নিয়েও দলে দুশ্চিন্তা রয়েছে। সবমিলে গত কয়েকটি মাস ধরেই বিএনপির কার্যক্রম যখন একেবারে স্থবির, তখন আশার আলো বলতে ছিল, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে আন্তর্জাতিক চাপ বাড়ানো। কিন্তু এই তৎপরতার সঙ্গে জড়িত নেতাদের বিভিন্ন মামলায় জড়ানোসহ নানাভাবে 'দমিয়ে' রাখায় সে তৎপরতাও থেমে গেছে।

প্রথম আলোর দুর্নীতি সম্পর্কিত খবরে টিআইবির প্রতিবেদন তুলে ধরা হয়েছে,

দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত পাসপোর্ট বিভাগ: টিআইবি

দেশের সেবা খাতগুলোর মধ্যে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে পাসপোর্ট বিভাগ। এখানে সেবা নিতে গিয়ে প্রায় ৭৭ শতাংশ মানুষকে দুর্নীতি ও ঘুষের শিকার হতে হয়েছে।

আজ রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০১৫’প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ ৮ হাজার ৮২২ কোটি টাকা। যা ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ৩ দশমিক ৭ শতাংশ।

প্রতিবেদনে জানানো হয়, উচ্চ আয়ের তুলনায় নিম্ন আয়ের মানুষের ওপর দুর্নীতি ও ঘুষের বোঝা অনেক বেশি।

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১৮ আগস্ট-ইত্তেফাক/ নয়া দিগন্ত/কালের কন্ঠ

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৮ আগস্ট দিন ধার্য করেছে আদালত।

বুধবার মামলাটিতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাযহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ঠিক করেন।

মোবাইল সিমের ভুয়া নিবন্ধন, আটক ২২-ইত্তেফাক

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিমকার্ড রেজিষ্ট্রেশন জালিয়াতির অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে প্রায় ১লাখ সিম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, বিটিআরসি ও সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিমকার্ড রেজিষ্ট্রেশনের সময় কয়েক ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়ে তাদের নামে অন্য মোবাইল ফোনের নম্বর রেজিষ্ট্রেশন করে। এমন অভিযোগ এয়ারটেল অপারেটরে পড়ার পর তারা বিটিআরসি’র দারস্থ হয়। বিটিআরসি ঐসব তথ্য পুলিশকে দেয়।

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

কাশ্মীরে বিজেপি নেতার বাড়িতে জঙ্গি হানা-সংবাদ প্রতিদিন

পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবা জঙ্গিদের হামলায় আট সিআরপিএফ জওয়ানের নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা৷ এক হিজবুল জঙ্গির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল কাশ্মীরে৷ বিজেপি নেতার বাড়িতে জঙ্গি হামলায় অস্বস্তি বাড়ল প্রশাসনের৷

শ্রীনগর থেকে ১৭ কিলোমিটার দূরে বাদগাঁও জেলার চান্দুরা তহসিলের পানজান এলাকায় বিজেপি নেতা গুলাম মহম্মদ চোপানের বাড়িতে মঙ্গলবার সকাল ন’টা নাগাদ চড়াও হয় ছ’জন জঙ্গি৷ পুলিশের দাবি, হামলাকারীরা হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত৷ তারা চোপানের দেহরক্ষী বশির আহমেদকে মারধর করে তাঁর কাছ থেকে একে ৫৬ রাইফেলটি কেড়ে নিয়ে গা ঢাকা দেয়৷ সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ৷

হায়দরাবাদে আই এস চক্রের হদিশ, আটক ১০-আজকাল

পুরনো হায়দরাবাদ শহরের কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে আই এস চক্রের হদিশ পেল এন আই এ। এক ইঞ্জিনিয়ার এবং তার ভাই নাকি এই চক্র চালাত। ২ মূল পাণ্ডা সহ ১০ জন আটক। উদ্ধার হল বেশ কিছু অস্ত্র, বিস্ফোরক এবং নগদ ১৫ লক্ষ টাকা। গোয়েন্দারা জানিয়েছেন, ধৃতরা সিরিয়ায় আই এস হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। দেশের বেশ কিছু শহরে বিস্ফোরণের ছক কষছিল তারা।

কেন্দ্রের বিরুদ্ধে ‘বেটি বাঁচাও’ স্লোগান চুরির অভিযোগ-সংবাদ প্রতিদিন

‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগান চুরি করেছে কেন্দ্র, এমনটাই দাবি রাজস্থানের উদয়পুরের মহিলা পুলিশ অফিসার চেতনা ভাটির৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরই নারীশিক্ষার প্রচারের কারণে এই স্লোগান ব্যবহার করায় এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে৷ এই স্লোগানটি তাঁরই লেখা কবিতার অংশ, কেন্দ্র তা চুরি করেছে, এমনটাই দাবি চেতনার৷

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯