'রেডিও তেহরান দেয় অনেক কিন্তু বিনিময়ে নেয় না কিছুই'
বন্ধুরা, একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমরা তিনজন।
আসরের শুরুতেই যথারীতি একটি হাদিস; ইমাম হাদি (আ.) বলেছেন, খারাপ লোকের সঙ্গে ওঠাবাসা করবে না কারণ, তাতে তার খারাপ আচরণগুলো তোমার মধ্যে অনুপ্রবেশ করবে।
মূল্যবান হাদিসের পর চিঠিপত্র, ইমেইল ও মন্তব্যের দিকে নজর দিচ্ছি। আসরের প্রথমেই হাতে তুলে নিচ্ছি পার্সটুডে’র প্রিয়জনে করা একটি মন্তব্য। এ মন্তব্য করেছেন বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিপুর খড়িখালীর সোনার বাংলা রেডিও ক্লাবের ভাই মো গোলাম রসুল। তিনি লিখেছেন, আজকের চিঠিপত্রের অনুষ্ঠান শুনছি বেশ অনেক দিন পর,খুবই ভাল লাগছে। আসলে কর্মব্যস্ততার কারণে অনুষ্ঠান শোনা ও চিঠি লেখা খুবই কষ্টকর। অনুষ্ঠান শেষে নবী মোর পরশ মনি গানটি খুবই ভাল লাগলো। গত ২০ মে প্রচারিত প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে এ মন্তব্য করেছেন তিনি।
বহলুল: ভাই গোলাম রসুল, অনুষ্ঠান শোনার পরপরই মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে ভারত থেকে আসা একটি চিঠি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সোনারকুন্ড গ্রাম থেকে এটি লিখেছেন ভাই আহমেদ শেখ।
তিনি লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা শুরু করেছি অনেক দিন। কখনো নিয়মিত শুনেছি আবার কখনো অনুষ্ঠান শোনা হয় নি। তবে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা একেবারে বন্ধ করে দেইনি কখনোই। দীর্ঘ পথ রেডিও তেহরানের সঙ্গে চলে বুঝতে পারছি- রেডিও তেহরান দেয় অনেক কিন্তু বিনিময়ে নেয় না কিছুই। এটাই রেডিও তেহরান শোনার সবচেয়ে বড় আনন্দ।
বহলুল: ভাই আহমেদ শেখ আপনার আনন্দের কথা শুনে বড়ই ভাল লাগল। আমাদের ব্যাপারে আপনার ধারণার কিঞ্চিতও যদি সত্যি হয় তাহলে নিজেদের ধন্য মনে করবো। আশা করি নিয়মিত অনুষ্ঠান শোনা অব্যাহত রাখবেন।
এবারে হাতে নিচ্ছি বাংলাদেশের একটি চিঠি। রংপুর জেলার কাউনিয়ার সারাঙ্গপুর থেকে এটি লিখেছেন, ভাই মো আকরাম আলী মোল্লা। তিনি লিখেছেন, নিয়মিত চিঠি দেয়া হয় না কিন্তু রেডিও প্রায় নিয়মিতই শুনি। এরপর তিনি বাংলাদেশকে কেন্দ্র করে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা প্রচারের সংখ্যা আরো বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, এতে বাংলাদেশের মানুষ সঠিক পথে চলার উৎসাহ পাবে। আর এ পথ যে ইসলামেরই পথ সে কথাও তারা বুঝতে পারবে।
বহলুল: ভাই আকরাম আলী, আপনার পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আপাতত নতুন করে অনুষ্ঠানের সময় বাড়ানো বা নতুন অনুষ্ঠান চালু করা সম্ভব নয়। তবে রেডিও তেহরানের ওয়েবসাইট নতুন করে সাজানো হয়েছে পার্সটুডে ডট কম নামে। আপনি যদি এই সাইট ভিজিট করেন তবে নিজের মনের মতো অনেক কিছুরই খোঁজ পাবেন।
আসরের এ পর্যায়ে আমরা নজর দেবো রেডিও তেহরানের ওয়েব সাইট পার্সটুডে ডট কমের খবরে যে সব মন্তব্য করা হয়েছে সে দিকে। পাঠক বন্ধু মো ঘোরি শাহ লিখেছেন, সারা সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলির উপর একটি সম্পাদকীয় নিবন্ধ প্রচার করার জন্য প্রস্তাব রাখছি যেখানে ইরানের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকবে। এটা হবে সাপ্তাহিক। বিষয়টি বিবেচনা করলে কৃতজ্ঞ থাকবো।
আপনার প্রস্তাব চমৎকার তবে আপাতত তা গ্রহণ করার অবকাশ নেই। আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতে আরো মন্তব্য করবেন আশা করছি।
এবার ‘দুর্গা বাহিনী’কে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে, ৩০ মে। এ খবরে বলা হয়েছে, ভারতে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এবার ‘দুর্গা বাহিনী’কে অস্ত্র প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ‘আত্মরক্ষা’ এবং ‘দেশ রক্ষা’র নামে ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে রাইফেল,লাঠি এবং জুডো প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আর এ খবরে মন্তব্য করেছেন কেফায়েত উল্লাহ। তিনি লিখেছেন, স্টার জলসার 'আমার দুর্গা' নাটকের শিক্ষাই কি এই দুর্গা বাহিনী?
এদিকে উত্তর প্রদেশে অবৈধ দখলদার উচ্ছেদকালে ভয়াবহ সংঘর্ষ: ২ পুলিশসহ নিহত ২৪- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩ জুন। এ খবরে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের মথুরায় বেআইনি দখলদার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পুলিশকর্মীসহ ২৪ জন নিহত হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় ৪০ জনের বেশি মানুষ আহত হয়। আহত ১২ পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই খবরে মন্তব্য করেছেন নিয়মিত মন্তব্যকারী মহম্মদ ঘোরী শাহ্। তিনি লিখেছেন, বিগত কয়েক দশক ধরেই সমগ্র ভারতে ভি এইচ পি, বজরং ও আর এস এস’র নেতৃত্বে অসংখ্য শাখা গজিয়ে উঠেছে। এরা যত্রতত্র সরকারী জমি জবরদখল করে হাজার হাজার হনুমান মন্দির, আশ্রম,বিহার নির্মাণ করে চলছে প্রশাসনকে তোয়াক্কা না করেই। অথচ বিভিন্ন রাজ্যে ক্ষমতাসীন তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো রাজনীতির কারণে এদের তোষণ করে আইন কানুনকে জলাঞ্জলি দিয়ে যাচ্ছে। এইসব ক্ষতিকর সংগঠনকে যদি অঙ্কুরে বিনাশ করা হতো তাহলে আজ উত্তর প্রদেশে এ পরিস্থিত সৃষ্টি হত না।
এদিকে ‘চীনকে শক্তিশালী সেনাবাহিনীর ভয় দেখাল আমেরিকা’ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৪ জুন। এ খবরে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার চীনকে হুঁশিয়ার করে বলেছেন,আমেরিকার রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। একইসঙ্গে তিনি তার ভাষায় বলেছেন, আমেরিকা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার নিশ্চয়তা দানকারী প্রধান শক্তি। এ খবরে রাসেল লিখেছেন, এটা পাগলের বিলাপ ছাড়া কিছু নয়।
এদিকে সোহেল শাহী লিখেছেন, অ্যাশ্টোন কার্টারের হুঙ্কার ফাঁকা বুলি ছাড়া আর কিছুই না। কারণ মার্কিন বাহিনীর দক্ষতা আমরা ইরাক ও সিরিয়ায় দেখেছি। রুশ সেনারা যখন আইএসকে পরাজিত করে এগিয়ে যাচ্ছে তখন মার্কিন সেনারা আঙ্গুল চুশছে। এই খবরে প্রায় একই ধরনের মন্তব্য করেছেন মির রেজা হোসেইন শহীদ।
বহলুল: এদিকে আশরের সময় শেষ হয়ে এসেছে।
হ্যা বন্ধুরা, পবিত্র মাহে রমজানের রোজাব্রত পালনের মধ্য দিয়ে আমাদের আত্মার উন্নতি হোক এবং মহান আল্লাহর ক্ষমা ও রহমত যেনে পাই এ কামনা করে আজ এখানেই বিদায় চাইছি।#