প্রিয়জন : "মুসলমানদের পক্ষে রেডিও তেহরান বলিষ্ঠ ভূমিকা পালন করছে"
বন্ধুরা, আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসর উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমরা তিনজন।
যথারীতি আজও একটি হাদিস শুনিয়ে আসর শুরু করবো। ইমাম হাদি (আ.) বলেছেন, যে ব্যক্তি এক আল্লাহর প্রতি ঈমান আনে,তাঁকে হাজির নাজির জেনে সব কাজ করে এবং আল্লাহকে ভয় পায়,অন্য কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না।
মূল্যবান হাদিস শুনলাম। এবার চিঠিপত্র ও ইমেইলের দিকে নজর দেই। আসরের প্রথমে যে ইমেইল হাতে তুলে নিয়েছি তা এসেছে বাংলাদেশ থেকে। চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়ার মরিয়ম নগর গ্রাম থেকে এটি পাঠিয়েছেন ভাই মোহাম্মদ সেলিম। চিঠির শুরুতেই রেডিও তেহরানের সবার সুস্বাস্থ্য কামনা করেছেন। তারপর নিজেকে আমাদের নতুন হিসেবে উল্লেখ করে লিখেছেন, তার রেডিও তেহরান শোনার একমাত্র মাধ্যম ইন্টারেট। তাই যখনই সুযোগ পান, তখনই ইন্টারনেটের মাধ্যমে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনেন। ইরানি গল্প "সী-মোরগ" তার খুব ভালো লেগেছে বলে জানিয়েছেন তিনি।
বহলুল: ইমেইল করার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি লিখবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত দেবেন ভাই মোহাম্মদ সেলিম।
আসরের পরের চিঠিটি এসেছে বাংলাদেশ থেকে। নারায়ণগজ্ঞ জেলার মদনগঞ্জের আলী সাহারদি থেকে এটি লিখেছেন ভাই এইচএম তারেক।
বহলুল: অনেক দিন পর আপনার চিঠি পেয়ে বেশ খুশি লাগছে। তা ভাই তারেক কি লিখেছেন এবার তা আমাদের পড়ে শোনান।
স্বাস্থ্যকথা, রংধনু, প্রিয়জন, দেখব ঘুরে ইরান এবার ভাল লাগে বলে জানিয়েছেন এ ভাই। তারপর লিখেছেন, নানা ব্যস্ততার কারণে আগের মতো আর নিয়মিত চিঠি লেখার সময় পাইনা। তার মানে এ নয় যে রেডিও তেহরানকে ভুলে গেছি। বরং রেডিও শোনা আগের চেয়ে বেড়েছে। এ ছাড়া, এখানে অনেকেই ইন্টারনেটের মাধ্যমে রেডিও শোনেন ফলে তাদের সাথে সাথে আমাদেরও রেডিও শোনা হয়ে যায়।
বহলুল: বাহ, বেশ খুশির খবর শোনালেন ভাই তারেক। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যা ভবিষ্যতে আরো চিঠি দিবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন তা আশা করছি।
আসরের এবারের চিঠি এসেছে বাংলাদেশ থেকে। খুলনা জেলার আলকা সরদার পাড়া থেকে এটি লিখেছেন, এস এম শওকত ওসমান। চিঠির শুরুতেই তিনি লিখেছেন, বিশ্বে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে সেখানে মুসলমানদের পক্ষে রেডিও তেহরান বলিষ্ঠ ভূমিকা পালন করছে। এটি সত্যিই ভূয়সী প্রশংসার দাবিদার। এরপর তিনি দোয়া করেছেন, আল্লাহ যেনো রেডিও তেহরানকে হেফাজত করেন।
বহলুল: আপনার আন্তরিক দোয়া আমাদের আপ্লুত করেছে। এ দোয়া মহান খোদার দরবারে কবুল হবে এমনটি আশা করছি।
এরপর ভাই শওকত অনুরোধ করেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত কোরআনের তফসির যেনো বই আকারে ছাপিয়ে প্রচার করা হয়।
বহলুল: সত্যি ভাই শওকত আপনার প্রস্তাবটি চমৎকার। তবে নানা সীমাবদ্ধতার কারণে ঠিক এখন এরকম কাজ করা আমাদের পক্ষে সম্ভব বলে মনে হয় না। ভবিষ্যতে সুযোগ এলে তখন ভেবে দেখা যাবে।
সুন্দর একটা চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ। এবারে হাতে তুলি নিচ্ছি ভারত থেকে আসা একটি চিঠি। পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার ধর্মপুর থেকে এটি পাঠিয়েছেন প্রসেনজিৎ পাত্র। চিঠির শুরুতেই রেডিও তেহরানের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন এ ভাই। তিনি বরাবরই খুব সংক্ষিপ্ত চিঠি লেখেন। আজকের চিঠিও তার ব্যতিক্রম নয়। তিনি লিখেছেন, তার সবচেয়ে ভালো লাগে প্রিয়জন এবং বিশ্ব সংবাদ।
ভাই প্রসেনজিৎ পাত্র চিঠি দেয়ার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি দিবেন আশা করি।
বহলুল: এদিকে সময় কম তাই চট করে রেডিও তেহরানের ওয়েব সাইট পার্সটুডে ডট কমের নজর দেয়া দরকার।
হ্যাঁ বহলুল ভাই, তাই করছি। মিয়ানমারে মুসলমানদের ওপর আবারও গণহত্যা চালানো হবে: জাতিসংঘ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে, ২১ জুন। এ খবরে বলা হয়েছে, মিয়ানমারের মজলুম রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন, সহিংসতা, অবমাননা ও তাদের মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে। আর এ খবরে মন্তব্য করেছেন নাজির আহমেদ। তিনি ইমোজিল দিয়ে তার বক্তব্য প্রকাশ করেছেন।
এ ইমোজিলে দেখা যাচ্ছে তিনি অত্যন্ত ক্রুদ্ধ এবং বিরক্ত হয়েছেন।
বহলুল. মনের ভাব প্রকাশ বেশ সহজ হয়ে উঠেছে এ কারণে।
বাহরাইনের শিয়া আলেমের নাগরিকত্ব বাতিল: যা বলছে ইরান- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২১ জুন। এ খবরে বলা হয়েছে, বাহরাইনের শীর্ষ পর্যায়ের শিয়া আলেম শেখ ঈসা আহমাদ কাসিমের নাগরিকত্ব বাতিল করার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বাহরাইনের প্রবীণ আলেম ও রাজনৈতিক নেতাদের প্রতি দেশটির সরকারের কঠোর আচরণের নিন্দা করেছে। আর এ খবরে মন্তব্য করেছেন রেডিও তেহরানের ওয়েব সাইটে নিয়মিত মন্তব্যকারী মহম্মদ ঘোরী শাহ্। তিনি লিখেছেন.
এটা একটা লজ্জাকর সিদ্ধান্ত,বাহরাইনের এই সংকীর্ণ চেতনাবোধ ইসলামিক চেতনায় আঘাত স্বরুপ। ভিন্নমতালম্বী হলেও তাঁরা কী ইসলামের আনুসারী নন? নাগরিকত্ব তো জন্মগত অধিকার,তা কেড়ে নিয়ে বাহরাইন ভুল করল। এতে দেশটি গোষ্ঠীদ্বন্দ্বের চোরাবালিতে ডুবে যেতে পারে। তা ছাড়া বাহরাইনের এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে গোষ্ঠী বিভাজনকে ত্বরান্বিত করবে।
বন্ধুরা আসেরর সময় শেষ হয়ে এসেছে। এবার বিদায় নেয়ার পালা। সবাই ভাল থাকবেন এবং পরস্পরের জন্য দোয়া করবেন এ কামনা রইল।#