জুলাই ২৭, ২০১৬ ১০:১৭ Asia/Dhaka

বন্ধুরা, আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ রয়েছি আমরা তিনজন- আমি গাজী আব্দুর রশীদ, আমি আখতার জাহান ও আমি সৈয়দ মূসা রেজা।

তো যথারীতি আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাচ্ছি। ইমাম হাদি (আ.) বলেছেন, জ্ঞান অর্জনের পথে প্রধান অন্তরায় হচ্ছে আত্মম্ভরিতা ও অহংকার এবং এই অহংকার মানুষকে অজ্ঞতার পথে পরিচালিত করে।

হাদিসের এ মর্মবাণী আমরা সবাই গ্রহণ করবো এই কামনা করছি। আসরের শুরুতেই হাতে তুলে নিচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আসা একটি চিঠি। ঢাকার গ্রিনরোডের গ্রিন কর্নার থেকে এটি পাঠিয়েছেন শ্রোতা ভাই আবদুল খালেক। এ ভাই লিখেছেন,সত্যি বলতে কি রেডিও তেহরানের অনুষ্ঠান এখন শোনাই হয় না। বরং ওয়েব সাইট দিনে অনেকবার দেখি। তাতে মনে হয় অনেক খবরের তাৎক্ষণিক আপডেট পাওয়া যায়।  অনেক খবরেরই তাৎক্ষণিক আপডেট পাওয়া যায় না। কেন এমনটা হয়?

বহলুল: ভাই আব্দুল খালেক, সাধারণত গুরুত্ব বিচার করে খবর আপডেট করা হয়। আর যারা আপডেট করেন তাদের মানবিক সীমাবন্ধতার কারণেই হয়তো কখনো কখনো অনিচ্ছাসত্ত্বেও এমনটা ঘটে। 

জ্বি ভাই,আবদুল খালেক,ইচ্ছা থাকলেও সব সময় সব খবরের আপডেট তাৎক্ষণিকভাবে করা সম্ভব হয় না। সীমিত লোকবল এর প্রধান কারণ। তবে গুরুত্বপূর্ণ বেশিরভাগ খবরের আপডেট দিতে আমাদের ভুল হয় না।

এরপর এ ভাই তার ভালো লাগার কথা প্রসঙ্গে বলেছেন, রেডিও যখন নিয়মিত শুনতাম তখন ভালো লাগতো বিশ্ব সংবাদ ও প্রিয়জন। সত্যি বলতে কি সংবাদের বাইরে আর কিছুই মন টানে না।

বহলুল: ভাই আবদুল খালেক  চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি দিবেন আশা করছি।

এবারে হাতে তুলে নিয়েছি বাংলাদেশ থেকে আসা একটি চিঠি।  চাঁদপুর জেলার চাঁদপুর কোর্ট রেল কলোনী থেকে এটি লিখেছেন ভাই মোহাম্মাদ জানে আলম এবং মোহাম্মাদ আবু বকর।   

এ দুই ভাই রেডিও তেহরানে অনুষ্ঠান মালা নিয়ে মন্তব্যের মধ্য দিয়ে এ চিঠি শুরু করেছেন। তারা লিখেছেন,  খবর শোনার জন্য আমরা সবাই উদগ্রীব হয়ে থাকি। সত্য খবর। আর তা পাওয়া যায় রেডিও তেহরানে। এটা সত্যিই খুব ভালো একটা রেডিও স্টেশন। যা কেবল মুসলমানদের পক্ষেই কথা বলে।  এরপর এ দুই ভাই জানতে চেয়েছেন, রেডিও তেহরান কেনো দিনরাত সব সময় খবর প্রচার করে না?

আপনাদের প্রশ্নের জবাবে বলতে হচ্ছে, রেডিও তেহরানের পক্ষে আপাতত অনুষ্ঠানের সময় বাড়ানো সম্ভব নয়। তবে রেডিও তেহরানের ওয়েব সাইট পার্সটুডে ডট কম স্ল্যাশ বিএন নিয়মিত খবর আপডেট করে থাকে। সম্ভব হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন।

এবারে ভারতের একটি চিঠি হাতে তুলে নিলাম। পশ্চিমবঙ্গের বাকুড়া থেকে এটি লিখেছেন ভাই সমির কুমার গড়াই।  তিনি লিখেছেন, আগের মতো নিয়মিত আর চিঠি লিখিনা কিন্তু রেডিও তেহরান এগিয়ে চলেছে দেখতে সত্যিই ভাল লাগছে। নতুন নতুন মুখ আসছে এবং আসর চাঙ্গা হয়ে আছে। এরপর নিজের ভালো লাগার তালিকা দিয়েছেন এ ভাই। তিনি লিখেছেন,বিশ্ব সংবাদ,রংধনু এবং প্রিয়জন তার খুবই প্রিয় অনুষ্ঠান।

বহলুল: ভাই সমীর নিয়মিত পুরনোদের চিঠি পেলে ভালো লাগে নিশ্চয়ই। আমাদের এ ভালো লাগার প্রতি আপনারা সবাই গুরুত্ব দেবেন। আর হ্যা চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরে এ পর্যায়ে রেডিও তেহরানের ওয়েব সাইট পার্সটুডে ডট কম স্ল্যাশ বিনএন’এর খবরে পাঠক বন্ধুরা যে সব মন্তব্য করেছেন সে দিকে নজর দেবো। বিক্ষোভ-র‍্যালিতে বিশ্বজুড়ে কুদস দিবস পালন শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১ জুলাই। এ খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ সারা বিশ্বে বিক্ষোভ মিছিলের মধ্যদিয়ে আন্তর্জাতিক কুদস দিবস পালিত হয়েছে। এসব বিক্ষোভ-মিছিলে লাখ লাখ মানুষ অংশ নিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও বর্বরতার নিন্দা জানিয়েছে।  আর এখবরে মন্তব্য করেছেন মকবুল হোসেন। এ ভাই লিখেছেন,

সত্যের জয় হবেই ইনশাল্লাহ। এদিকে আল কুদস দিবস উপলক্ষে বাংলাদেশে সেমিনারসহ নানা কর্মসূচি ঘোষণা শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৯ জুন। এ খবরে মন্তব্য করেছেন আশিক। তিনি লিখেছেন, ইরান চাইলেই পারবে মুসলিম জাতিকে দুর্দশা থেকে জাগিয়ে তুলতে। একই খবরে মন্তব্য করেছেন নেজাম কুতুবি। তিনি লিখেছেন : ইহুদিবাদীদের কবল থেকে আল আকসা মসজিদ মুক্ত করতে মুসলিম উম্মাহর ঐক্য প্রয়োজন। আর সেই ঐক্যের দায়িত্ব ইরানকেই নিতে হবে...

বহলুল: ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে। এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে।

হ্যাঁ বন্ধুরা এবার বিদায়ের পালা, সবাই ভাল থাকবেন এ কামনা করে আজ এখানেই আসর গুটিয়ে নিচ্ছি।#