ঐক্যের ডাক খালেদার ‘ভাঁওতাবাজি’: নাসিম
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২৭ জুলাই বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
'জঙ্গিবাদ সামাজিকভাবে মোকাবিলা করতে হবে'-ডিএমপি কমিশানর-ইত্তেফাক
ঐক্যের ডাক খালেদার ‘ভাঁওতাবাজি’: নাসিম-প্রথম আলো
ঢাবি ছাত্র নির্যাতন মামলায় ওসি হেলালের দণ্ড বহাল-যুগান্তর
জাতীয় ঐক্যের ডাকে বিপুল সাড়া পাচ্ছি’আবদুল্লাহ আল নোমান-মানবজমিন
সাতক্ষীরায় জামায়াতের ১০ কর্মীসহ গ্রেফতার ৪৩-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
বাবা টাকা শোধ করতে না পারায় মেয়েকে খুন-আজকাল
রাজ্যের হক নিয়ে আজ লড়াই মমতার -আনন্দবাজার
বিকল্প জোট গড়তে দিল্লিতে সক্রিয় মমতা-বর্তমান
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
কল্যাণপুরে জঙ্গিদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান সম্পর্কিত ফলোআপ খবরে প্রথম আলো লিখেছে,
কল্যাণপুরে নিহত তিন ‘জঙ্গির’ পরিচয় মিলেছে
রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ মঙ্গলবার যৌথ বাহিনীর অভিযানে নিহত তিন ‘জঙ্গির’ পরিচয় মিলেছে। তাঁরা বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ছিলেন। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
ওই সূত্রের তথ্যমতে, এই তিন ‘জঙ্গির’একজন হলেন সেজাত রউফ অর্ক ওরফে মরক্কো। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন। নিহত অপর ‘জঙ্গির নাম জুবায়ের হাসান । তিনি নোয়াখালী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। নিহত তৃতীয় ‘জঙ্গি’হচ্ছেন আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ছাত্র সাব্বিরুল হক কনিক। নিহত নয়জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চিকিৎসক জানিয়েছেন- সবাই গুলিতে নিহত হয়েছে। বেশিরভাগ গুলি লেগেছে পেছনের দিকে।
বাংলাদেশের প্রতিদিনের খবর-কল্যাণপুরের যে বাড়িতে ৯ ‘জঙ্গি’ নিহত হয়েছে ওই বাড়িটির মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতার। এছাড়া যৌথ বাহিনীর অভিযানে নিহত ৯ জনের একজন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতার ছেলে সাব্বিরুল হক কণিক ।
এ সম্পর্কে ইত্তেফাকের শিরোনাম 'জঙ্গিবাদ সামাজিকভাবে মোকাবিলা করতে হবে'
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জঙ্গিবাদ নাগরিক, সামাজিক ও বৈশ্বিক সমস্যা, আইন-শৃঙ্খলার সমস্যা নয়। কাজেই এই সমস্যা সামাজিকভাবে মোকাবিলা করতে হবে আমাদের।’ বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ বেতার আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি ।
গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ডিএমপি কমিশনার বলেন, যারা মসজিদে হামলা করে, যারা ঈদের জামায়াতে হামলা করে, তারা কেমন মুসলিম!
ঐক্যের ডাক খালেদার ‘ভাঁওতাবাজি’: নাসিম-প্রথম আলো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঐক্যের ডাককে ‘ভাঁওতাবাজি’ ও ‘টোটালি স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবিলা সম্ভব। কল্যাণপুরে নিহতরা জঙ্গি না সাধারণ মানুষ তা নিয়ে সন্দেহ আছে’—বিএনপি নেতা হান্নান শাহের এমন বক্তব্যের বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আশ্চর্য ব্যাপার, বিস্মিত ব্যাপার। তার মানে আবার নতুন করে প্রমাণ হয়েছে এরাই জঙ্গির মদদদাতা, প্রশ্রয়দাতা। চিহ্নিত জঙ্গি খতম করার পরে বিএনপির এক নেতা বলেন—জঙ্গি কি না বিচার করে দেখতে হবে। জঙ্গিদের উৎসাহিত করার জন্য, জঙ্গিদের উসকানি দেয়ার জন্য এ ধরনের কথা তারা বলছেন।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম: সমাবেশে বিএনপি নেতারা-সরকার ও জঙ্গি পরস্পরের আদর্শ ধারণ করেছে
বর্তমান সরকার ও জঙ্গিরা একে অপরের আদর্শ ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তাঁরা বলেন, এই সরকার ও জঙ্গিদের আদর্শের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জঙ্গি ইস্যু জিইয়ে রাখতেই সরকার উগ্রবাদ দমনে খালেদা জিয়ার প্রস্তাবমতো একসঙ্গে কাজ করতে আগ্রহী হচ্ছে না।’
'বন্ধ হওয়া ক্যাম্পাসের শিক্ষার্থীরা ক্ষতিপূরণ পাবে' –বাংলাদেশ প্রতিদিন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ছাড়া অন্যান্য (আউটার) ক্যম্পাস বন্ধ ও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধের নির্দেশনায় যেসব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে তারা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করতে পারবে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৬’ এর দ্বিতীয় দিনের দ্বিতীয় কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় সে বিষয়েও সরকার সহযোগিতা করবে। শিক্ষামন্ত্রী বলেন, এটা আইনেই আছে কেউ আউটার ক্যাম্পাস খুলতে পারবে না। একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় থাকবে এবং সেখানে শিক্ষাকার্যক্রম পরিচালনা করবে। কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয় আইন লংঘন করে যত্রতত্র ক্যাম্পাস খুলে সার্টিফিকেট ব্যবসা করছিল, তা বন্ধ করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যমুনার পানি বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপরে-সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবন: কালের কণ্ঠ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি আরো বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ বুধবার সকালে সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। পানিবৃদ্ধির ফলে জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে, বাড়িঘরে পানি ওঠার কারণে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে। অব্যহতভাবে পানিবৃদ্ধির কারণে সিরাজগঞ্জের পাঁচ উপজেলার চরাঞ্চলের ২৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ঢাবি ছাত্র নির্যাতন মামলায় ওসি হেলালের দণ্ড বহাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনের মামলায় ওসি হেলালউদ্দিনের তিন বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন ঢাকার জজ আদালত।
বুধবার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির এই রায় ঘোষণা করেন।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
নেশার কবলে বহু ডাক্তারি পড়ুয়া, উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন-আনন্দবাজার
এঁরাই হবু চিকিৎসক। ভবিষ্যতে এঁদের হাতেই হাজার হাজার রোগীর জীবন বাঁচানোর দায়িত্ব থাকবে। আলাদা ওজন থাকবে এঁদের মতামতের। আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত পরিকল্পনা তৈরিতেও অংশ নেবেন এঁরা।
তবে সম্প্রতি কেন্দ্রীয় চিকিৎসা গবেষণা সংস্থা ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ’-এর সমীক্ষকদের তৈরি করা একটি রিপোর্ট রাজ্য স্বাস্থ্য-শিক্ষা দফতরের কর্তাদের কাছে এসে পৌঁছোনোর পরে তাঁদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস-এর পড়ুয়াদের উপরে সমীক্ষা চালিয়ে গবেষকেরা জেনেছেন, প্রথম থেকে চতুর্থ বর্ষের পড়ুয়াদের ৫৭% ঘোরতর ভাবে কোনও না কোনও নেশার কবলে।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম: রাজ্যের হক নিয়ে আজ লড়াই মমতার
কেন্দ্রীয় সরকারের দাদাগিরির বিরুদ্ধে দিল্লির বুকে দাঁড়িয়ে চরম জেহাদ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, রাজ্যগুলির প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে দীর্ঘদিন বাদে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অস্তিত্ব নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে পাক্কা দু’ঘণ্টা আলোচনা করলেন আগামী দিনের রণকৌশল নিয়ে। কথা বলার কথা আপ শীর্ষনেতা অরবিন্দ কেজরীবালের সঙ্গেও। সব মিলিয়ে এ বারের দিল্লি সফরে ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিউগলই বাজিয়ে দিলেন তৃণমূল নেত্রী। এটাও স্পষ্ট করে দিলেন, তিনি থাকবেন কৃষ্ণের ভূমিকায়, সারথি হিসেবে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭